ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
চড় খাওয়ার পর মন্ত্রীর দিকে তেড়ে যান ওই তরুণ। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের দিল্লিতে রাস্তা পরিদর্শনে গিয়ে ভিডিও ধারণ করতে থাকা এক তরুণকে চড় মারেন বিজেপির মন্ত্রী পারভেশ ভার্মা। এ সময় মন্ত্রীকে পাল্টা চড় মারতে যান ওই তরুণ। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পশ্চিম দিল্লির তিলক নগরে একটি রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন দিল্লির লোকনির্মাণ দপ্তরের (পিডব্লিউডি) মন্ত্রী পারভেশ ভার্মা। সেখানে আম আদমি পার্টির তিলক নগরের বিধায়ক জারনাইল সিংয়ের সঙ্গে রাস্তার নির্মাণমান নিয়ে তার কথা-কাটাকাটি হয়।
ভিডিওতে দেখা যায়, জারনাইল সিং রাস্তার পিচের বড় অংশ হাত দিয়ে তুলে ফেলছেন। তিনি দাবি করেন, রাস্তার নির্মাণ এতটাই নিম্নমানের যে হাত দিয়েই তা তুলে ফেলা যাচ্ছে। এ নিয়ে মন্ত্রী ও বিধায়কের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এরপর পারভেশ ভার্মা সেখান থেকে চলে যাওয়ার সময় জারনাইল সিংয়ের ব্যক্তিগত সহকারী সাহিব সিং তাদের কথোপকথন ভিডিও করছিলেন। ভিডিও ধারণ বন্ধ করতে পারভেশ ভার্মা তার হাত থেকে মোবাইল ফোন সরিয়ে দিয়ে তাকে চড় মারেন।
ভিডিওতে এরপর ওই তরুণকেও মন্ত্রীর দিকে পাল্টা হাত তুলতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক নিরাপত্তাকর্মী দুজনের মাঝখানে দাঁড়িয়ে তাদের আলাদা করার চেষ্টা করেন।
ঘটনার শিকার সাহিব সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, তিনি জারনাইল সিংয়ের পেজে ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিলেন। সেই লাইভ বন্ধ করতেই মন্ত্রী তার ফোন কেড়ে নিয়ে তাকে চড় মারেন।
यह भारत की राजधानी दिल्ली की भाजपा सरकार के pwd मिनिस्टर हैं
सड़क का निरीक्षण करने आए थे पर घोटाले ही घोटाले उजागर होते देखकर आपा खो बैठे और वीडियो रिकॉर्ड करने वाले मेरे साथी को के साथ गुंडागर्दी कर बैठे..@ArvindKejriwal @narendramodi @AamAadmiParty @gupta_rekha @p_sahibsingh… pic.twitter.com/VR5iVQLtQH
তিনি দাবি করেন, তিনি মন্ত্রীকে কোনোভাবে উসকানি দেননি। এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগও করেছেন।
অন্যদিকে পারভেশ ভার্মার দাবি, জারনাইল সিংয়ের এক সহযোগী তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিক্রিয়া দেখান বলে জানান মন্ত্রী।
ঘটনার পর জারনাইল সিং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে পারভেশ ভার্মার বিরুদ্ধে অভিযোগ তোলেন। সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ওই মন্ত্রীর গ্রেফতার দাবি করেছেন।

