ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:০২ এএম
ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি স্থাপনা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএইএ। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তেহরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে অন্য কোনো কাজে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারছে না সংস্থাটি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের অসহযোগিতার কারণে পরমাণু উপাদানের বর্তমান অবস্থান ও ব্যবহার যাচাই করা সম্ভব হচ্ছে না বলে এক গোপন প্রতিবেদনে জানিয়েছে আইএইএ।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশ্যে আসা ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ঘোষিত পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মকাণ্ড থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়নি—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য সংস্থাটির হাতে নেই।
বিশেষ করে ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি স্থাপনা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএইএ। গত বছর স্থাপনাটির কথা সংস্থাটিকে জানিয়েছিল ইরান। কিন্তু এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান, বর্তমান অবস্থা কিংবা সেখানে পরমাণু উপাদান রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত নয় সংস্থাটি।
২০২৫ সালের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। এতে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একাধিক কেন্দ্র ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এসব স্থাপনায় আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেয়নি তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সর্বশেষ যুদ্ধেও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা হয়েছে।
আইএইএর হিসাবের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সাধারণত ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়। তবে হামলার পর থেকে এই বিপুল পরিমাণ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সংস্থাটি।
প্রতিবেদনে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানে আর দেরি না করে যাচাই কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি। পরিদর্শকদের ফিরে যাওয়ার পথ তৈরি করতে ইরানকে ধাপে ধাপে কারিগরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন সামরিক হামলার হুমকি অব্যাহত থাকায় পরিদর্শন কার্যক্রম শুরুর আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। তবে পরিস্থিতি অনুকূলে এলে পরমাণু নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা পুরোপুরি পালনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিলে ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার মার্কিন ঘোষণারও প্রতিবাদ জানিয়েছে তেহরান। আইএইএ জানিয়েছে, এ বিষয়ে ইরানের উদ্বেগের পরিপ্রেক্ষিতে সংস্থাটি তাদের কাছে থাকা সব গোপন তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে।

