গোয়েন্দা তথ্য চান আইজেনকোট, গড়িমসি করছেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম
নেতানিয়াহু ও আইজেনকোট। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে গোয়েন্দা তথ্য চেয়েও সাড়া পাচ্ছেন না গাদি আইজেনকোট। একইসঙ্গে দেশটির সম্ভাব্য প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে জরুরি হুমকি ছাড়া কোনো অভিযানে না পাঠানোর আহ্বান জানিয়েছেন। এসব বিষয়ে নেতানিয়াহু টালবাহানা করছেন বলে অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপও চেয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার কাছে পাঠানো এক আবেদনে আইজেনকোট বলেন, তার নিয়মিত, পূর্ণাঙ্গ ও কাঠামোবদ্ধ নিরাপত্তা ব্রিফিং পাওয়া প্রয়োজন। পাশাপাশি গোয়েন্দা মূল্যায়নসংক্রান্ত তথ্যেও তার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
আইজেনকোটের যুক্তি, বর্তমানে আইন অনুযায়ী দেশটিতে কোনো বিরোধীদলীয় নেতা নেই। অন্যদিকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। ফলে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তার জানা প্রয়োজন। তবে এ বিষয়ে নেতানিয়াহুর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি।
এ ছাড়া যেকোনো সামরিক বা অভিযানসংক্রান্ত পদক্ষেপ নেওয়ার আগে মন্ত্রিসভা ও সরকারের যথাযথ আলোচনা এবং অনুমোদন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইজেনকট। তার মতে, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের ওপর কার্যকর নজরদারির জন্য এটি জরুরি।
এর আগে নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে আইজেনকট সতর্ক করে বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো নিরাপত্তা হুমকি না থাকলে নিরাপত্তা বাহিনীকে অভিযানে পাঠানো উচিত নয়। বিশেষ করে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত অপেক্ষা করা সম্ভব—এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরানে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে নেতানিয়াহুর আগ্রহ রয়েছে। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এতে আপত্তি জানিয়েছেন। সেনাপ্রধান আইয়াল জামিরও নেতানিয়াহুর প্রস্তাবিত কিছু পদক্ষেপের বিরোধিতা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জবাবে নেতানিয়াহুর দপ্তর আইজেনকোটের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তাকে রাজনীতিকরণের অভিযোগ তুলেছে। দপ্তরটির দাবি, সরকারের সব সিদ্ধান্ত নিরাপত্তার স্বার্থ বিবেচনায় এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছে। একই সঙ্গে আইজেনকটকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়। প্রেসিডেন্টের কাছে সবচেয়ে বেশি আইনপ্রণেতার সমর্থন পাওয়ায় আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়। তবে তার জোটের আসন ৪৮টি, বিপরীতে নেতানিয়াহুর জোটের রয়েছে ৫৩টি। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

