গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। হতাহতদের মধ্যে রোগী ও চিকিৎসাকর্মী রয়েছেন।
আলজাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি গাজা থেকে জানান, নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার পর তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ করেছে সিভিল ডিফেন্স দল। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালের ভেতরেই ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি।
হাসপাতালের দ্বিতীয় তলায় হামলাটি চালানো হয়। নাসের মেডিকেল কমপ্লেক্স গাজার অন্যতম বৃহৎ হাসপাতাল। খান ইউনিসে এখনো টিকে থাকা একমাত্র হাসপাতাল এটি। দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল।
হামলায় নিহত ও আহতদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন রোগী। তাদের মধ্যে এমন রোগীও ছিলেন, যাদের পরদিন অস্ত্রোপচারের কথা ছিল। চিকিৎসা নেওয়ার জন্য কয়েক দিন ধরে অপেক্ষায় থাকা এসব রোগী হাসপাতালেই ঘুমিয়ে ছিলেন। সেই অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার আগে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। হাসপাতাল খালি করার নির্দেশনাও ছিল না।
গত কয়েক বছরে একই হাসপাতালে এ নিয়ে সাতবার হামলা চালানো হলো। এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট হাসপাতালটিতে দুই দফা বোমা হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন।
সূত্র: আলজাজিরা

