Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে সরাতে একজোট হচ্ছে বিরোধীরা, কঠোর হচ্ছেন আইজেনকোট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

নেতানিয়াহুকে সরাতে একজোট হচ্ছে বিরোধীরা, কঠোর হচ্ছেন আইজেনকোট

নেতানিয়াহুকে এক মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোট। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট। নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যকে ‘ঘৃণাপূর্ণ ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, এতে প্রধানমন্ত্রীর পদে থাকার অযোগ্যতা আরও স্পষ্ট হয়েছে।

অন্যদিকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে সব ধরনের চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, ২৬তম নেসেটের শপথগ্রহণের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানকে ব্যবহার করে বিদায়ী প্রধানমন্ত্রী বিভেদ ও ঘৃণা ছড়িয়েছেন।

তিনি লেখেন, ‘নেতানিয়াহুর উন্মত্ততাপূর্ণ, বিভেদ সৃষ্টিকারী, ঘৃণাপূর্ণ ও লজ্জাজনক বক্তব্য শোনার পর আমি আরও নিশ্চিত হয়েছি, তার আর এক মিনিটও ক্ষমতায় থাকা উচিত নয়।’

ইয়াশার পার্টির এই নেতা আবারও একটি ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের অঙ্গীকার করেন। তার অভিযোগ, নেতানিয়াহুর শাসন ইসরাইলকে বিভক্ত করছে এবং দেশটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

এদিকে জয়েন্ট লিস্ট নেতানিয়াহুর বক্তব্যকে ‘উন্মত্ততাপূর্ণ, উসকানিমূলক ও বর্ণবাদী’ বলে আখ্যা দিয়েছে। দলটির বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো, পার্লামেন্টের স্পিকার পরিবর্তন এবং তার সরকারের অবসান ঘটাতে তারা দ্রুত পদক্ষেপ নেবে।

দলটি আরও দাবি করে, ইসরাইলের পাঁচ লাখের বেশি নাগরিক নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চান। এ লক্ষ্য পূরণে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালানোর অঙ্গীকারও করেছে তারা।

অন্যদিকে আরব দল রা'আমের নেতা মানসুর আব্বাসও নেতানিয়াহুর বক্তব্যের নিন্দা জানিয়েছেন। ইসরাইলের চ্যানেল ১২-কে তিনি বলেন, রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানকে মিথ্যা প্রচার, উসকানি এবং আরব দলগুলোর বিরুদ্ধে রক্তপাতের অপবাদ ছড়ানোর কাজে ব্যবহার করায় তিনি বিস্মিত।

আব্বাস বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ইসরাইলি নাগরিক। আমরা ইসলামি রাষ্ট্র বা আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই না। ইসরাইল রাষ্ট্রের মধ্যেই নাগরিক হিসেবে আমাদের পরিচয়।

তিনি আরও বলেন, ‘আমরা শান্তি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে সংঘাতের অবসান চাই। আমরা সন্ত্রাসবাদের নিন্দা জানাই এবং নিজেরাও সন্ত্রাসবাদের শিকার।’

উল্লেখ্য, গত নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। বর্তমানে তার বিরোধী দলগুলোর হাতে ৬৭টি আসন রয়েছে। এই সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা করছেন আইজেনকোট। তবে আরব দলগুলোর সমর্থন নিয়ে বিরোধী জোটের মধ্যে মতভেদ থাকায় সরকার গঠনের সমীকরণ এখনো অনিশ্চিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কী কী ক্ষমতা আছে নেতানিয়াহুর হাতে?

আল-জাজিরার বিশ্লেষণ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কী কী ক্ষমতা আছে নেতানিয়াহুর হাতে?

ইসরাইলকে শান্তির জন্য বড় হুমকি মনে করেন যুক্তরাজ্যের ৮০ শতাংশ মানুষ

ইসরাইলকে শান্তির জন্য বড় হুমকি মনে করেন যুক্তরাজ্যের ৮০ শতাংশ মানুষ

নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট

নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট

গাজায় গণহত্যার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

আরও পড়ুন

নেতানিয়াহুকে সরাতে একজোট হচ্ছে বিরোধীরা, কঠোর হচ্ছেন আইজেনকোট

নেতানিয়াহুকে সরাতে একজোট হচ্ছে বিরোধীরা, কঠোর হচ্ছেন আইজেনকোট

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম