নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
নেতানিয়াহুকে হটাতে পদ ভাগাভাগি করেছে বিরোধী দল। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে বিরোধী জোট। নতুন নেসেটের স্পিকার হিসেবে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে মনোনীত করেছেন জোটের নেতারা।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা এবং অর্থবিষয়ক কমিটির নেতৃত্বও নিজেদের মধ্যে বণ্টন করেছেন তারা। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে পদ ভাগাভাগির সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহুবিরোধী জোটের পাঁচ নেতা। তারা হলেন—ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকট, বিয়াচাদের নেতা নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান, ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান এবং বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।
সিদ্ধান্ত অনুযায়ী, সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান নেসেটের গুরুত্বপূর্ণ পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান হবেন। আর অর্থবিষয়ক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বিয়াচাদ দলের নতুন নির্বাচিত সদস্য লিরান আভিশার বেন-হোরিনকে।
মাতান কাহানা আইজেনকটের ইয়াশার পার্টির তালিকার পাঁচ নম্বরে রয়েছেন। অন্যদিকে লিরান আভিশার বেন-হোরিন বেনেটের দলের তালিকার পাঁচ নম্বরে থেকে প্রথমবারের মতো নেসেটে প্রবেশ করছেন। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কমিটিগুলোর গঠন চলতি সপ্তাহেই চূড়ান্ত করা হবে। বুধবার নেসেটের অনুমোদনের জন্য তা জমা দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া কয়েকটি বিশেষ কমিটি গঠনের বিষয়েও একমত হয়েছেন জোটের নেতারা।
নতুন নেসেটের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন এই ঘোষণা আসে। স্পিকার পদটি কোন দলের নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে কয়েক দিন ধরে জোটের নেতাদের মধ্যে আলোচনা চলছিল।
প্রথমে বেনেট ও লিবারম্যান স্পিকার পদে ইয়ার লাপিদকে সমর্থন দিয়েছিলেন। তবে আইজেনকট চেয়েছিলেন, পদটি তার নিজের দলের হাতেই থাকুক। শেষ পর্যন্ত গত সোমবার আইজেনকট ও লিবারম্যানের মধ্যে সমঝোতা হয়।
বর্তমানে স্পিকারের দায়িত্বে রয়েছেন নেতানিয়াহুর লিকুদ পার্টির আমির ওহানা। তাকে দ্রুত সরিয়ে নতুন স্পিকার নির্বাচনের উদ্যোগ নিচ্ছে বিরোধী জোট। ওহানা জানিয়েছেন, অধিকাংশ আইনপ্রণেতা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে এক সপ্তাহের মধ্যে নতুন স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা আয়োজন করবেন।

-6af2ce1a53d6a.jpg)