Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রসস্ট্যাটের নথি ফাঁস

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

রুশ সেনাদের একাংশ। ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রায় পাঁচ বছরে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের হ্যাকার সংগঠন ‘সাইলেন্ট ক্রো’ এসব তথ্য সংগ্রহ করেছে। পরে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদসহ তথ্যভান্ডারটি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ কয়েকটি গণমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যু সনদে সরাসরি যুদ্ধের কারণে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। সরকারি মৃত্যুর কারণসংক্রান্ত কোড কিংবা যুদ্ধ ও সামরিক অভিযানের লিখিত বিবরণের মাধ্যমে এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই পরিসংখ্যান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপুল প্রাণহানির চিত্র তুলে ধরেছে। অথচ যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নতুন করে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।


গত ১ নভেম্বর দুই হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের তথ্যভান্ডারে সাইবার হামলার কথা জানায়। পরে সপ্তাহান্তে এসব তথ্য প্রকাশ করা হয়। রসস্ট্যাট সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি স্বীকার করলেও সংবেদনশীল কোনো তথ্য চুরি হওয়ার দাবি অস্বীকার করেছে।

ফাঁস হওয়া তথ্যভান্ডারটি যুদ্ধের ময়দানে রাশিয়ার প্রাণহানির একটি বিস্তারিত চিত্র দিয়েছে। এত দিন রুশ সরকার এই ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখার চেষ্টা করেছে। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর থেকে দেশটি আনুষ্ঠানিকভাবে সেনা নিহতের কোনো হিসাব প্রকাশ করেনি। সামরিক হতাহতের তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচনা করে মস্কো।

তবে পুরো তথ্যভান্ডারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য গার্ডিয়ান। তারপরও এতে উল্লেখ করা প্রাণহানির সংখ্যা অন্যান্য আন্তর্জাতিক হিসাবের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।

গত সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক হিসাবে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন।


অন্যদিকে, রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’ সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা এবং কবরের ছবি বিশ্লেষণ করে ইউক্রেনে নিহত প্রায় ২ লাখ ৮৬ হাজার রুশ সেনার নাম শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা ৫ লাখের কাছাকাছি।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে বলেন, ফাঁস হওয়া তথ্যগুলো বিশ্বাসযোগ্য এবং এতে অনেক বিস্তারিত তথ্য রয়েছে।

তিনি বলেন, রাশিয়ার সেনা নিহতের সংখ্যা নিয়ে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।

তবে ফাঁস হওয়া হিসাবেও প্রকৃত নিহতের সংখ্যা কম দেখানো হয়ে থাকতে পারে। কারণ, অনেক সেনা এখনো নিখোঁজ রয়েছেন। আবার অনেকের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।


ক্লুগে জানান, সেনা নিহত হওয়ার পর সরকারি নথিতে তা অন্তর্ভুক্ত করতে বেশ সময় লাগে। সাধারণত এ প্রক্রিয়ায় প্রায় ছয় মাস সময় প্রয়োজন হয়।

তার মতে, বর্তমানে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা ৪ লাখের চেয়ে ৫ লাখের কাছাকাছি হওয়ার সম্ভাবনাই বেশি।

ফাঁস হওয়া তথ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যুদ্ধের ক্ষয়ক্ষতি রাশিয়ার সব অঞ্চলে সমানভাবে পড়েনি। দেশটির দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বেশি সেনা নিহত হয়েছেন। অর্থাৎ যুদ্ধের সবচেয়ে বড় মানবিক মূল্য দিতে হচ্ছে রাশিয়ার পিছিয়ে থাকা অঞ্চলগুলোর মানুষকে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯ মাস পর ফের ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা

৯ মাস পর ফের ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

নির্দেশ অমান্য করায় ৬৬ সেনার মৃত্যুদণ্ড

নির্দেশ অমান্য করায় ৬৬ সেনার মৃত্যুদণ্ড

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

আরও পড়ুন

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

রসস্ট্যাটের নথি ফাঁস ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

গাজায় গণহত্যার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন উদ্যোগ, কতটা সফল হবে?

ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন উদ্যোগ, কতটা সফল হবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম