ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন উদ্যোগ, কতটা সফল হবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
ইরানকে কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
|
ফলো করুন |
|
|---|---|
রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ দাবি করেন ট্রাম্প। এর এক দিন আগে ইরানের সামরিক সরবরাহব্যবস্থা ব্যাহত করতে নতুন একটি পরিকল্পনার কথা জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর আল জাজিরার।
সেন্টকমের নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘টাস্কফোর্স আয়রন গেট’। ইরানের স্থলপথ ও কাস্পিয়ান সাগরকেন্দ্রিক সরবরাহ নেটওয়ার্কের ওপর নজরদারি এবং উন্নত অস্ত্র ও সংশ্লিষ্ট উপকরণ পরিবহন বাধাগ্রস্ত করাই এর মূল লক্ষ্য।
ট্রাম্পের দাবি, টাস্কফোর্সটি ইতোমধ্যে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম শুরু করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধের পাশাপাশি নতুন এই উদ্যোগের কারণে ইরানে পণ্য প্রবেশ ও বের হওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গেছে।
তবে বিশ্লেষকেরা বলছেন, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা ছাড়া ছোট একটি গোয়েন্দানির্ভর ইউনিটের পক্ষে ইরানের সীমান্ত বন্ধ করা কিংবা দেশটির বিস্তৃত সংগ্রহ ও সরবরাহ নেটওয়ার্ক থামানো সম্ভব নয়। বরং এসব নেটওয়ার্কে বাধা দেওয়ার চেষ্টা প্রতিবেশী দেশগুলোকে সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।
লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ আল জাজিরাকে বলেন, টাস্কফোর্স আয়রন গেটকে ইরানের স্থলভিত্তিক সরবরাহ নেটওয়ার্ক পর্যন্ত মার্কিন নৌ অবরোধের প্রভাব বিস্তারের একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে দেখছেন তিনি। এর মাধ্যমে সীমান্তে মার্কিন সেনা মোতায়েন না করেই ইরানের সরবরাহব্যবস্থায় চাপ সৃষ্টি করতে চায় ওয়াশিংটন।
যেভাবে কাজ করবে টাস্কফোর্স
মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আল জাজিরাকে বলেন, ইরানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কোন পথে প্রবেশ করছে, কীভাবে এসব সরবরাহ বন্ধ করা যায় এবং দেশটি কীভাবে জ্বালানি পরিবহন করছে, তা শনাক্ত করাই হবে টাস্কফোর্সের প্রধান কাজ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় অবস্থিত এই ইউনিট মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। সেন্টকম জানিয়েছে, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করাই তাদের উদ্দেশ্য।
বিশ্লেষকদের ধারণা, নিষেধাজ্ঞা কার্যকর করা, বিদেশি সরবরাহকারীদের ওপর চাপ সৃষ্টি এবং অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চোরাচালান নেটওয়ার্ক দুর্বল করার চেষ্টা করবে ইউনিটটি।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সামরিকবিষয়ক পরিচালক ম্যাথিউ স্যাভিলের মতে, এ অভিযানে স্যাটেলাইট চিত্র, ড্রোন, যোগাযোগের তথ্য আটক, আর্থিক গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময়ের মতো পদ্ধতি ব্যবহার করা হতে পারে।
তিনি বলেন, সন্দেহভাজন সামরিক সরঞ্জাম ও উপকরণের চালান জব্দ করতে হামলা কিংবা গোপন স্থল অভিযানও চালানো হতে পারে। এসব অভিযান পরিচালনা করতে পারে মার্কিন বাহিনী অথবা ইসরাইল।
তবে পশ্চিমা দেশগুলো থেকে ইরানে দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করা হলে যুক্তরাষ্ট্রের পক্ষে আইনি ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা তুলনামূলক সহজ হবে। কিন্তু রাশিয়া ও চীন থেকে আসা সরবরাহ বন্ধ করা অনেক কঠিন বলে মনে করেন স্যাভিল।
সেন্টকমের ঘোষণায় রাশিয়ার সঙ্গে ইরানের অস্ত্র বাণিজ্যের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, রাশিয়াসংশ্লিষ্ট সরবরাহ নেটওয়ার্কও এই উদ্যোগের লক্ষ্য হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া ইরানে ড্রোনের যন্ত্রাংশ ও বিস্ফোরক পাঠিয়েছে। এ ছাড়া রুশ প্রযুক্তি ব্যবহার করে ইরান উন্নত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও অভিযোগ রয়েছে।
ক্রিগের মতে, টাস্কফোর্সটি মূলত একটি ‘গোয়েন্দা তথ্য সমন্বয় কেন্দ্র’ হিসেবে কাজ করবে। তার ভাষায়, কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত মাত্র ২০ জন মানুষ দিয়ে পাহারা দেওয়া সম্ভব নয়।
তিনি মনে করেন, প্রতিটি সরবরাহ চালান আটকানো এই অভিযানের মূল উদ্দেশ্য নয়। বরং ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়াকে ক্রমেই আরও ব্যয়বহুল, ধীর ও ঝুঁকিপূর্ণ করে তোলাই এর লক্ষ্য।
প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা কতটা মিলবে?
বিশ্লেষকদের মতে, টাস্কফোর্সটির সামনে সবচেয়ে বড় বাধা প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক। কারণ, ইরানের প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করতে খুব একটা আগ্রহী হবে না।
ক্রিগ বলেন, ইরাকের ওপর ওয়াশিংটনের কিছুটা প্রভাব থাকলেও দেশটির অর্থনীতি ও নিরাপত্তাব্যবস্থায় ইরানপন্থী নেটওয়ার্কের গভীর প্রভাব রয়েছে। আজারবাইজান গোপনে সহযোগিতা করতে পারে। তবে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক এবং নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তুর্কমেনিস্তান এ উদ্যোগে যুক্ত হতে চাইবে না।
পাকিস্তানের পক্ষে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করাও কঠিন। কারণ, দেশটি বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করছে। অন্যদিকে, ইরানের সঙ্গে সীমান্তকে নতুন করে সংঘাতের ক্ষেত্র বানাতে আগ্রহী নয় তুরস্কও।
ক্রিগের মতে, প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু সরবরাহ নেটওয়ার্কে বাধা দিতে পারলেও ইরানের সীমান্ত কার্যকরভাবে বন্ধ করতে পারবে না।
সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা
ক্রিগ সতর্ক করে বলেছেন, টাস্কফোর্সের কার্যক্রম ধীরে ধীরে মূল লক্ষ্য ছাড়িয়ে আরও বিস্তৃত সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। গোয়েন্দা তথ্য সংগ্রহের পর্যায় থেকে সন্দেহভাজন সরবরাহ জব্দ, সীমান্ত বন্ধ কিংবা সামরিক স্থাপনায় হামলার মতো পদক্ষেপ নেওয়ার চাপ তৈরি হতে পারে।
এতে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌম ভূখণ্ডেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এর জবাবে ইরানও অসমমিত কৌশল গ্রহণ করতে পারে বলে মনে করেন ক্রিগ। তার ধারণা, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চাপ বাড়ানোর পাশাপাশি ইয়েমেনের হুথিদের ব্যবহার করে বাব আল-মান্দেব প্রণালি ও সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করতে পারে তেহরান।
ইরান যুদ্ধের প্রতিবাদে মার্চে পদত্যাগ করা কেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যখন ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন, তখন সেন্টকমের এই উদ্যোগ তেহরানকে সংঘাত বাড়ানোর সুযোগ করে দিচ্ছে। তার মতে, সামরিক বাহিনী এমন পদক্ষেপ নিতে পারে, যা সরাসরি প্রেসিডেন্টের নির্দেশ অমান্য না করেও যুদ্ধকে দীর্ঘায়িত বা আরও বিস্তৃত করবে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ কয়েকজন কর্মকর্তা ট্রাম্পকে ইরানে নতুন করে হামলা শুরুর জন্য চাপ দিচ্ছেন।
প্রতীকী উদ্যোগে সীমাবদ্ধ থাকার আশঙ্কা
কাতার বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ইতিহাস ও রাজনীতির অধ্যাপক মাহজুব জুয়েইরির মতে, কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক উপস্থিতি না থাকায় নতুন এই উদ্যোগ শেষ পর্যন্ত প্রতীকী পদক্ষেপে সীমাবদ্ধ থাকতে পারে।
তিনি বলেন, আজারবাইজান, আর্মেনিয়া কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশ সহযোগিতা না করলে কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নেই। রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় এসব দেশও সহযোগিতা করতে চাইবে না।
জুয়েইরির মতে, ইরানের সরবরাহ নেটওয়ার্ক কার্যকরভাবে বন্ধ করতে হলে স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম।

