হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাবে না ইরান: আইআরজিসি প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:০৬ এএম
আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। তিনি বলেছেন, সব ধরনের চাপ উপেক্ষা করে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে।
মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন তিনি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে বার্তাটি প্রকাশিত হয়।
বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান ওয়াহিদি। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, একই চেতনা নিয়ে দেশের শক্তি বাড়াতে পাহাড়ের গভীরে এবং ভূগর্ভস্থ স্থাপনায় কাজ চালিয়ে যাচ্ছেন তারা।
ওয়াহিদি বলেন, শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মুকাদ্দামের দেখানো পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞায় থামান সম্ভব নয়। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে এই পথ এগিয়ে চলবে।
এছাড়া, আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
একইসঙ্গে, ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বাহিনীর সদস্যদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান আইআরজিসি প্রধান।
এদিকে, নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ ২ হাজার কিলোমিটার পাল্লার স্বেচ্ছায় আরোপিত সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি এ তথ্য জানিয়েছেন।
গত ৭ নভেম্বর তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আরোপিত সীমাবদ্ধতা এখন আর কার্যকর নেই। তবে নতুন করে ক্ষেপণাস্ত্রের পাল্লা কত দূর পর্যন্ত বাড়ানো হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানাননি তিনি।
ইরানের এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের বাইরেও দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র বর্তমানে ইরানের হাতে রয়েছে কিনা, তা নিশ্চিত নয়।
সূত্র: আলজাজিরা

