কারাগারের ভেতর এসি রুম ও টিভি-ফ্রিজ, বরখাস্ত ৫ কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাধারণ কারাগার মানেই তো উঁচু দেওয়াল, রডের শিক আর কষ্টের জীবন। কিন্তু ইন্দোনেশিয়ার একটি কারাগারে যা দেখা গেল, তা শুনলে চোখ কপালে উঠবে!
জাকার্তার কাছের একটি কারাগারে আকস্মিক অভিযান চালিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তদন্তকারীরা। সেখানে সাধারণ কয়েদিদের কথা দূরে থাক, ভিআইপি বন্দিদের জন্য তৈরি করা হয়েছিল আস্ত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এলাকা।
কারাগারের ভেতরে গিয়ে দেখা মিলল এসি, সোফা, ফ্রিজ আর বড় বড় খাট বসানো শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের। শুধু তাই নয়, বন্দিদের আরামের জন্য সেখানে রয়েছে সুইমিং পুল, জিম এমনকি গল্ফ খেলার বন্দোবস্তও! পার্কিংয়ে দাঁড়িয়ে আছে টয়োটা আলফার্ড ও ফরচুনিয়রের মতো দামি সব গাড়ি। আর কারাগারের কড়া চেকপোস্ট ফাঁকি দিয়ে ভেতরে আসা-যাওয়ার জন্য বাঁশঝাড়ের পাশে রাখা হয়েছিল এক গোপনীয় পেছনের রাস্তাও।
অনুসন্ধানে জানা গেছে, এই রাজকীয় সুবিধা ভোগ করার জন্য বন্দিরা প্রতি মাসে লাখ লাখ, এমনকি বছরে প্রায় এক বিলিয়ন রুপি পর্যন্ত ‘ভাড়া’ দিতো। এই ঘুস ও দুর্নীতির টাকার ভাগ পেত খোদ কারাগারের কিছু অসাধু কর্মকর্তাও। ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই মধ্যে কারাগারের প্রধানসহ পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে কারা কর্তৃপক্ষের এই দুর্নীতি নিয়ে শুরু হয়েছে জোরালো তদন্ত।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

