Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শান্তিতে নোবেল আজ, পুরস্কারের দৌড়ে এগিয়ে কারা?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ এএম

শান্তিতে নোবেল আজ, পুরস্কারের দৌড়ে এগিয়ে কারা?

শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে আজ। ছবি: সংগৃহীত

Advertisement

চলতি বছরের শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা হবে আজ। নরওয়ের নোবেল কমিটির আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) বিজয়ীর নাম প্রকাশ করা হবে। এ বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রত্যাশা আবারও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, অন্য যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় তিনি শান্তি প্রতিষ্ঠায় অনেক বেশি কাজ করেছেন। তবে পুরস্কারের দৌড়ে ট্রাম্পের পাশাপাশি আলোচনায় রয়েছেন সুদানের স্বেচ্ছাসেবীরা, পোপ লিও চতুর্দশ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং আরও কয়েকজন।

বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নোবেল কমিটি কী সিদ্ধান্ত নেবে, তা তিনি জানেন না। তবে তার মতো ব্যক্তিকে পুরস্কার না দেওয়ার কারণে নরওয়ের নোবেল কমিটি সমালোচনার মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ভাষায়, তাকে পুরস্কার না দিলে তা নরওয়ের নোবেল কমিটির জন্য বড় ধরনের অসম্মানের বিষয় হবে।

নিজের পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প দাবি করেন, তিনি বিশ্বকে সম্ভাব্য ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না—এটি নিশ্চিত করাকে নিজের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে কারা?

ট্রাম্প দীর্ঘদিন ধরেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করে আসছেন। ইসরাইল, কম্বোডিয়া ও পাকিস্তানের নেতারা অতীতে তাকে মনোনয়নের কথা জানিয়েছেন। তবে নোবেল শান্তি পুরস্কারের সব মনোনয়ন গোপন রাখা হয়। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট সম্ভাব্য বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করে না।

এ বছর মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। সম্ভাব্য বিজয়ীদের নিয়ে জল্পনা চললেও ট্রাম্পের পুরস্কার জয়ের সম্ভাবনা কম বলে বিভিন্ন জরিপ ও পূর্বাভাসে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আলোচনায় থাকা উল্লেখযোগ্য কয়েকজন প্রার্থী হলেন—

সুদানের জরুরি সহায়তা দল

সুদানে ২০২৩ সালের এপ্রিলে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করে। সরকারি বাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্যসংকট ও দুর্ভিক্ষের ঝুঁকিও বেড়েছে।

এ পরিস্থিতিতে সুদানের ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ বা জরুরি সহায়তা দলগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। স্থানীয় জনগণের উদ্যোগে গড়ে ওঠা এই নেটওয়ার্কের কার্যক্রম দেশটির ১৮টি রাজ্যেই ছড়িয়ে পড়েছে। সাংবাদিক ও স্বেচ্ছাসেবক আলসানোসি আদামের তথ্য অনুযায়ী, এ নেটওয়ার্কে প্রায় ৭০০টি সহায়তা দল এবং ২৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন।


তারা স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, শিক্ষা, বেসামরিক মানুষের সুরক্ষা এবং মানসিক সহায়তা দিয়ে থাকেন। সহায়তা দিতে গিয়ে স্বেচ্ছাসেবকদের আটক ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনাও ঘটেছে।

অনলাইন পূর্বাভাসভিত্তিক প্ল্যাটফর্ম পলিমার্কেটের হিসাবে, এ বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ক্ষেত্রে এই উদ্যোগের সম্ভাবনা ১৭ শতাংশ।

ইউক্রেনের শিশুদের ফিরিয়ে আনার উদ্যোগে মিকোলা কুলেবা

ইউক্রেনীয় শিশুদের পরিবারে ফিরিয়ে আনার প্রচেষ্টার জন্য আলোচনায় রয়েছেন ‘সেভ ইউক্রেন’ সংস্থার সহপ্রতিষ্ঠাতা মিকোলা কুলেবা। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে সংঘাতের শুরুর দিকে তিনি সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর সংস্থাটির কাজ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

যুদ্ধের মধ্যে ইউক্রেনের বহু শিশুকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার ঘটনা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়েছে। রাশিয়ার দাবি, শিশুদের নিরাপত্তার জন্য তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।

সেভ ইউক্রেনের তথ্য অনুযায়ী, সংস্থাটি এখন পর্যন্ত ১ হাজার ৭৬৩ শিশুকে তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করেছে। তবে আরও হাজারো শিশুকে ফিরিয়ে আনা প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

অসলোভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআইও) ভারপ্রাপ্ত পরিচালক হাকন গেরলোর মতে, শিশুদের সরাসরি সহায়তা এবং তাদের অধিকার রক্ষায় প্রচারের সমন্বয় কুলেবাকে আন্তর্জাতিক স্বীকৃতির যোগ্য প্রার্থী করে তুলেছে।

পলিমার্কেটের পূর্বাভাসে তার পুরস্কার জয়ের সম্ভাবনা ৯ শতাংশ।

রাশিয়ার বিরোধী নেত্রী ইউলিয়া নাভালনায়া

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াও নোবেল শান্তি পুরস্কারের আলোচনায় রয়েছেন। স্বামীর মৃত্যুর পর তিনি নিজেই রাশিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের বিরোধিতায় সক্রিয় ভূমিকা পালন করছেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে আর্কটিক অঞ্চলের একটি কারাগারে আলেক্সেই নাভালনির মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পর টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউলিয়া জানান, তিনি স্বামীর সংগ্রাম এগিয়ে নিতে চান।


তিনি এমন একটি রাশিয়ার স্বপ্ন দেখেন, যেখানে গণতন্ত্র থাকবে এবং দেশটি একটি স্বাভাবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এই ভবিষ্যৎই আলেক্সেই নাভালনির স্বপ্ন ছিল বলে উল্লেখ করেন তিনি।

পলিমার্কেটের পূর্বাভাসে ইউলিয়ার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা ৫ শতাংশ।

পোপ লিও চতুর্দশ

বিশ্বজুড়ে শান্তির আহ্বান জানিয়ে আলোচনায় এসেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ। ২০২৫ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত নিরসনে জোর দিয়ে আসছেন।

গাজা পরিস্থিতি এবং ইউরোপে যুদ্ধের বিষয়ে তার বক্তব্য আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। গত সেপ্টেম্বরে ইউরোপীয় নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে বলেন, ইউরোপেও আবার যুদ্ধ ফিরে এসেছে, যেখানে প্রতিদিন অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরও পোপ সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। তার মতে, পারস্পরিক হুমকি বা অস্ত্রের ব্যবহার দিয়ে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন যুক্তিসংগত, আন্তরিক ও দায়িত্বশীল আলোচনা।

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে পোপের অবস্থান নিয়ে ট্রাম্প সমালোচনা করেছিলেন। তবে পোপ সেই অভিযোগ প্রত্যাখ্যান করে সমালোচকদের সত্যনিষ্ঠ থাকার আহ্বান জানান।

পলিমার্কেটের পূর্বাভাসে পোপ লিওর পুরস্কার জয়ের সম্ভাবনা ১ শতাংশ।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে কানাডার স্বার্থ রক্ষায় ভূমিকার কারণে আলোচনায় রয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

২০২৫ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়ার সময় থেকেই তাকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার ট্রাম্পের বক্তব্যের মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

পরবর্তী সময়ে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেঙে পড়ে এবং বাণিজ্যযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এর জবাবে কানাডা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চীন ও ইউরোপের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে।


জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে কার্নি মার্কিন আধিপত্যের সমালোচনা করেন। তিনি বলেন, বিশ্বব্যবস্থায় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে।

ট্রাম্পের হুমকির মুখে কানাডার ঐক্য ধরে রাখার প্রচেষ্টা কার্নির জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। লিয়াজোঁ স্ট্র্যাটেজিজের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, কানাডায় তার জনসমর্থনের হার ৬৬ শতাংশে পৌঁছেছে।

তবে নোবেল শান্তি পুরস্কার জয়ের ক্ষেত্রে তার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। পলিমার্কেটের হিসাবে, এই সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

ইরান যুদ্ধের মধ্যে ট্রাম্পের পুরস্কার জয়ের সম্ভাবনা কতটা?

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অষ্টম মাসে গড়ানোর প্রেক্ষাপটে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়ে সংশয় রয়েছে। একদিকে তিনি নিজেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকায় তার দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে নোবেল কমিটি সম্ভাব্য বিজয়ীদের তালিকা প্রকাশ না করায় শেষ পর্যন্ত কে পুরস্কার পাবেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সুদানের মানবিক সহায়তাকর্মী থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের অধিকার রক্ষায় কাজ করা ব্যক্তিরা—বিভিন্ন ক্ষেত্রে শান্তি ও মানবিকতার পক্ষে ভূমিকা রাখা ব্যক্তিদের নিয়ে এবারের পুরস্কার ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন নোবেল কমিটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

তথ্যসূত্র: টাইম

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রাচীন ও আধুনিক জগতে অনায়াস বিচরণ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কার্সন প্রাচীন ও আধুনিক জগতে অনায়াস বিচরণ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন

কেন নোবেলজয়ীদের ছবি এভাবে আঁকা হয়? নেপথ্যে যে কারণ

কেন নোবেলজয়ীদের ছবি এভাবে আঁকা হয়? নেপথ্যে যে কারণ

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

শান্তিতে নোবেল: শেষ মুহূর্তের আলোচনায় যেসব নাম

শান্তিতে নোবেল: শেষ মুহূর্তের আলোচনায় যেসব নাম

কিভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম

কিভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম

আরও পড়ুন

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

শান্তিতে নোবেল আজ, পুরস্কারের দৌড়ে এগিয়ে কারা?

শান্তিতে নোবেল আজ, পুরস্কারের দৌড়ে এগিয়ে কারা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম