হুথিদের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি সৌদি জোটের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইয়েমেনের রাজধানী সানায় সামরিক অভিযান চালানোর আগে একটি নির্দিষ্ট স্থানের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে সৌদি রাজধানী রিয়াদে হামলার হুমকি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, বিশেষ অভিযান শুরুর আগে সানার নির্ধারিত স্থান থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে সতর্ক করা হবে। তবে অভিযানের লক্ষ্যবস্তু বা সুনির্দিষ্ট সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে সৌদি রাজধানী রিয়াদের উত্তরে তিনটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত ও ধ্বংস করার কথা জানিয়েছে জোট। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকার মধ্যেই এ ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর, সামরিক স্থাপনা ও তেল অবকাঠামো লক্ষ্য করে আরও হামলার হুমকি দিয়েছে হুথিরা। সানায় সম্ভাব্য অভিযানের ঘোষণার পর পাল্টা প্রতিক্রিয়ায় তারা রিয়াদে হামলার হুমকি দেয়।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করার বিষয়ে একাধিকবার সতর্ক করেছেন। গোষ্ঠীটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবিও করেছে।
বিমানবন্দরে হামলায় হতাহত, ফ্লাইট চলাচলে বিঘ্ন
সাম্প্রতিক দিনগুলোতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একাধিক প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা ১৭ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। এতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন বিমান সংস্থা তাদের কিছু সেবা বাতিল করতে বাধ্য হয়েছে।
সোমবার রাতে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর আগে আকাশপথে হামলার সতর্কবার্তা পাওয়ার পর রাজধানীর বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
পরে হুথিরা কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে। তবে জোটের বক্তব্য অনুযায়ী, রিয়াদের দিকে আসা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে।
সৌদি আরবের ভূখণ্ডে হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে ইয়েমেনে হুথিদের সামরিক অবস্থান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী।
সানায় বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়ার ঘোষণা নতুন সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এতে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: গালফ নিউজ
