দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ ধোঁয়াশার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম
দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ান অঞ্চলে ধোঁয়াশার (হেজ) সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ান অঞ্চলে ধোঁয়াশার (হেজ) সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। টানা দুই দিন বা তার বেশি সময় ধরে অঞ্চলটির বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন ধোঁয়াশা থাকায় এ সতর্কতা জারি করেছে আসিয়ান স্পেশালাইজড মেটিওরোলজিক্যাল সেন্টার (এএসএমসি)।
চার স্তরের সতর্কতা ব্যবস্থায় এটি সর্বোচ্চ তৃতীয় স্তর। আন্তসীমান্তে ভয়াবহ ধোঁয়াশা ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি থাকলে এ সতর্কতা জারি করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) ইন্দোনেশিয়া জানিয়েছে, দক্ষিণ সুমাত্রা প্রদেশের অন্যতম প্রধান একটি বিমানবন্দরে ধোঁয়াশা ছড়িয়ে দিতে তারা শুষ্ক বরফ বা ড্রাই আইস ব্যবহার করছে।
এদিকে, শনিবার আইকিউএয়ারের সরাসরি দূষণ সূচকে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর হিসেবে উঠে এসেছে সিঙ্গাপুর। তালিকায় প্রথম স্থানে ছিল বাগদাদ। আর তৃতীয় অবস্থানে ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর।
ধোঁয়াশার কারণে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পূর্ব তিমুরে জনজীবন ব্যাহত হচ্ছে। বন্ধ রাখতে হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বেড়েছে শ্বাসকষ্টসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঘটনা। পাশাপাশি বাইরে মানুষের চলাচল ও বিভিন্ন কার্যক্রমও সীমিত হয়ে পড়েছে।
এদিকে, আগুন লাগার ঘটনায় দায়ী হিসেবে শনাক্ত করা ইন্দোনেশিয়ার সাতটি কোম্পানিকে সতর্কবার্তা দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। শুক্রবার দেশটি এ ঘোষণা দেয়।
আসিয়ান অঞ্চলে ধোঁয়াশার এ পরিস্থিতি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া ধোঁয়া ও দূষণ নিয়ন্ত্রণে আঞ্চলিক দেশগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।
সূত্র- সামা টিভি

