ভোটার তালিকা নিয়ে বিরোধী জোটের সমাবেশ, সমর্থন ককরোচের
Advertisement
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী জোটের আন্দোলনে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ইন্ডিয়ার সমাবেশের প্রতি সমর্থন ঘোষণা করেছে সংগঠনটি। একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছে তারা।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানায় ককরোচ জনতা পার্টি। পোস্টের সঙ্গে দেওয়া বার্তায় সংগঠনটির নেতা অভিজিৎ দীপকে লেখেন, ‘জ্ঞানু মাস্ট গো, দেশ সবার উপরে।’
তবে ১ নভেম্বরের সমাবেশে অভিজিৎ দীপকে বা সংগঠনের অন্য কোনো প্রতিনিধি সরাসরি উপস্থিত থাকবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
ভারতে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আপত্তির মধ্যেই ককরোচ জনতা পার্টির এই ঘোষণা এল। সংগঠনটির বক্তব্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে বিরোধীরা যে আন্দোলন চালাচ্ছে, তারা তার পাশে রয়েছে।
ভোটার তালিকা সংশোধনের সময় যোগ্য নাগরিকদের নাম বাদ পড়ার আশঙ্কা নিয়েও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। তাই ভোটার তালিকা তৈরির প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
ককরোচ জনতা পার্টির বিবৃতিতে বলা হয়েছে, সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে; সরকারের পছন্দ অনুযায়ী ভোটার বাছাই করা গণতন্ত্রের মূল ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে তার গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মনে করে সংগঠনটি।
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির দাবি, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা জরুরি। মানুষের আস্থা ফেরাতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন বলে মনে করছে তারা।
নিজেদের বক্তব্যের সমর্থনে সংবিধান প্রণয়নের ইতিহাসও তুলে ধরেছে সংগঠনটি। বিবৃতিতে বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু ও সংবিধান প্রণেতাদের ভূমিকার উল্লেখ করা হয়েছে।
ককরোচ জনতা পার্টির বক্তব্য, জাতি, ধর্ম, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা কিংবা আর্থিক অবস্থা নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের সমান ভোটাধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি। কোনো যোগ্য নাগরিক যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর।
নজর ১ নভেম্বরের সমাবেশে
বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আপত্তির মধ্যে দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশ ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। ভোটারদের অধিকার রক্ষা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্নে এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিরোধীরা।
ককরোচ জনতা পার্টির সমর্থন ঘোষণায় আন্দোলনের প্রতি আরও একটি সংগঠনের অবস্থান সামনে এসেছে। তবে সমাবেশে সংগঠনটির নেতারা অংশ নেবেন কি না, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

-6ae2ea2595c83.jpg)