নির্বাচনে হেরেও প্রেসিডেন্ট দাবি, বলসোনারোর ছেলেকে নিয়ে তোলপাড়
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম
ফ্লাভিও বলসোনারো। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচনে হারের পর যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেকে ব্রাজিলের ‘প্রকৃত প্রেসিডেন্ট’ ঘোষণা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। তবে তার এমন ঘোষণায় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক ব্যঙ্গ-বিদ্রূপ।
গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছানোর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন ৪৫ বছর বয়সী এই সিনেটর। সেখানে প্রথমে নিজেকে ব্রাজিলের ‘প্রকৃত প্রেসিডেন্ট’ দাবি করেন ফ্লাভিও।
তবে কয়েক মিনিটের মধ্যেই বক্তব্য সংশোধন করে নিজেকে দেশটির ‘নেতা’ হিসেবে উল্লেখ করেন।
এরপরই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ব্যঙ্গ শুরু হয়। ব্রাজিলের পপ তারকা আনিত্তা নিজেকে সেলুলাইটমুক্ত ঘোষণা করেন। এক ইনফ্লুয়েন্সার নিজেকে টুইটারের ‘প্রকৃত প্রেসিডেন্ট’ দাবি করেন। আরেকজন ঘোষণা দেন, পরবর্তী লটারির বিজয়ী তিনিই।
ব্রাজিলের সংবাদমাধ্যমও ফ্লাভিওর বক্তব্যের সমালোচনা করেছে। ও গ্লোবো পত্রিকার এক কলামে তাকে ‘উন্মাদ আশ্রমের নেপোলিয়ন’ বলে তুলনা করা হয়। অন্যদিকে ফোলহা দে সাও পাওলো তার বিবৃতিকে ‘করুণ’ বলে আখ্যা দেয়। এমনকি নিজ দলের নেতারাও তার বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখছেন।
ফ্লাভিও চলতি মাসের প্রথম দফার ভোটে এগিয়ে থাকলেও রোববারের নির্বাচনে বামপন্থি বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন। এরপর বিভিন্ন তদন্তের কারণে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও আর্জেন্টিনা ও ইকুয়েডর হয়ে ব্রাজিল ছাড়েন তিনি।
এদিকে ফ্লাভিওর বক্তব্য থেকে দ্রুত দূরত্ব বজায় রাখেন সাও পাওলোর গভর্নর তারসিসিও দে ফ্রেইতাস। তিনি বলেন, নির্বাচনের ফলাফল জনগণের সংখ্যাগরিষ্ঠ মতামতের প্রতিফলন। তা অবশ্যই সম্মান করতে হবে।
ফ্লাভিওর নির্বাচনি প্রচারণার সমন্বয়ক রজেরিও মারিনহোও নির্বাচনে কারচুপির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন।
অন্যদিকে ফ্লাভিও বিদেশে থেকেই বিরোধী দলকে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে রিও ডি জেনেইরোর স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী জেরালদো মন্টেইরোর মতে, দেশের বাইরে থেকে বিরোধী দলকে নেতৃত্ব দেওয়া তার জন্য কঠিন হবে।

