সৌদি আরবে ন্যূনতম মজুরি ঘোষণা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবে কর্মসংস্থান সহায়তা কর্মসূচির আওতায় ন্যূনতম মজুরি দুই ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ উন্নয়ন তহবিল। ২০২৭ সালের ২৫ এপ্রিল থেকে এই মজুরি ৪ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার সৌদি রিয়াল করা হবে। পরের বছর একই তারিখ থেকে তা বেড়ে দাঁড়াবে ৬ হাজার রিয়ালে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
মানবসম্পদ উন্নয়ন তহবিলের (এইচআরডিএফ) এ উদ্যোগের লক্ষ্য দেশটির নাগরিকদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। পাশাপাশি বেসরকারি খাতে সৌদি নারী-পুরুষের নিয়োগ উৎসাহিত করা এবং শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বাড়ানোও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ‘নিতাকাত’ কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এ পরিবর্তন আনা হচ্ছে। নিতাকাতের আওতায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌদি নাগরিকদের নিয়োগের হার বিবেচনায় প্রতিষ্ঠানগুলোর শ্রেণিবিন্যাস করা হয়।
মানবসম্পদ উন্নয়ন তহবিল জানিয়েছে, প্রথম ধাপে ২০২৭ সালের ২৫ এপ্রিল থেকে নতুন আবেদনকারীদের জন্য ন্যূনতম সহায়তাপ্রাপ্ত মজুরি ৪ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার রিয়াল করা হবে। বিদ্যমান আবেদনগুলোর ক্ষেত্রেও ২০২৭ সালের মে মাসের সহায়তার অর্থ থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
দ্বিতীয় ধাপে ২০২৮ সালের ২৫ এপ্রিল থেকে নতুন আবেদনকারীদের জন্য ন্যূনতম মজুরি ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার রিয়াল করা হবে। বিদ্যমান আবেদনকারীদের ক্ষেত্রে এ পরিবর্তন কার্যকর হবে ২০২৮ সালের মে মাসের সহায়তার অর্থ থেকে।
কর্মসূচির আওতায় যোগ্য সৌদি কর্মীদের মাসিক বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ দেবে মানবসম্পদ উন্নয়ন তহবিল। তবে এ সহায়তার পরিমাণ মাসে সর্বোচ্চ ৩ হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত বিধি ও শর্ত অনুযায়ী এ অর্থ দেওয়া হবে।
তহবিলের মতে, এ উদ্যোগের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সৌদি নাগরিকদের নিয়োগে আরও উৎসাহিত হবে। একই সঙ্গে কর্মসংস্থানের স্থিতিশীলতা বাড়বে এবং দেশের মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ আরও কার্যকর হবে।
কর্মসূচির বিস্তারিত তথ্য ও যোগ্যতার শর্ত জানতে সুবিধাভোগীদের মানবসম্পদ উন্নয়ন তহবিলের সরকারি ওয়েবসাইট দেখার আহ্বান জানানো হয়েছে।
