রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ, রাহুলের বড় পরীক্ষা
Advertisement
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ রোববার দিল্লির রামলীলা ময়দানে মহাসমাবেশের ডাক দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে এই কর্মসূচির আয়োজন করা হলেও, এটি মূলত কংগ্রেস এবং দলটির নেতা রাহুল গান্ধীর মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে।
সমাবেশ সফল করতে মুখিয়ে আছে কংগ্রেস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে অভূতপূর্ব হারে। বলা হচ্ছে, ২০২২ সালের ‘ভারত জোড়ো যাত্রা’র সময়েও কংগ্রেসের এমন আক্রমণাত্মক প্রচার দেখা যায়নি।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ভিডিওবার্তায় দেশবাসীকে উদ্বুদ্ধ করে বলেন, ভয় পাওয়ার কিছু নেই। দেশ ও সংবিধান রক্ষায় সবাইকে মাঠে নামতে হবে। এটি শুধু কোনো রাজনৈতিক জোটের নয়, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলন বলে তিনি উল্লেখ করেন।
বিরোধী জোটে বড় মাত্রা যোগ করতে শনিবারই দিল্লিতে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের সমাবেশে তার উপস্থিতি আন্দোলনকে আরও জোরালো করবে বলে মনে করা হচ্ছে।
জনতা পার্টির জন্ম ও আন্না হাজারের আন্দোলনের সাক্ষী রামলীলা ময়দানে এবার ১০ লাখ মানুষের সমাগম ঘটাতে চায় কংগ্রেস। দিল্লির ব্যবসায়ীদের আর্জি সত্ত্বেও সমাবেশের স্থান পরিবর্তন করা হয়নি।
নির্বাচনে অনিয়ম ও ভোট চুরির অভিযোগে এতদিন সোচ্চার থাকা কংগ্রেস এখন আদালতের বাইরে এসে সরাসরি রাজপথে নামছে। ভোটার তালিকার অনিয়ম ঠেকাতে এবং মোদীবিরোধী রাজনীতির মূল কাণ্ডারি হিসেবে রাহুল গান্ধী কতটা সফল হন, আজকের সমাবেশেই তার বড় পরীক্ষা হবে।

