আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন। তারা বিভক্তির পরিবর্তে ঐক্যের রাজনীতি এবং মানুষের সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম নেতৃত্ব চান।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওবামা এসব কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, ‘আজ রাতে আমেরিকান জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন—তারা এমন রাজনীতি চান, যা মানুষকে বিভক্ত করার বদলে একত্র করে। তারা এমন নেতাদের চান, যারা মানুষের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারেন।’
নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সাফল্যের পেছনে দেশের বিভিন্ন অঞ্চলে যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন ওবামা। তিনি বলেন, একসময় যেসব এলাকাকে ডেমোক্র্যাটদের জন্য কঠিন নির্বাচনি এলাকা বলে মনে করা হতো, সেখানেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখিয়েছেন।
ওবামার ভাষায়, এসব প্রার্থী ভিন্ন ভিন্ন সামাজিক ও রাজনৈতিক পটভূমি থেকে উঠে এলেও জনসেবার প্রতি বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং নিজেদের নির্বাচনি এলাকার মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার তাদের এক করেছে।
নির্বাচনের ফলাফলকে সামনে রেখে এখন ডেমোক্র্যাটদের করণীয় সম্পর্কেও কথা বলেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বর্তমান প্রশাসনের হাতে ক্ষমতায় থাকার জন্য আরও দুই বছর সময় রয়েছে। এই সময়ে ডেমোক্র্যাটদের কাজে নেমে পড়তে হবে। যেখানে পরিবর্তন আনার সুযোগ রয়েছে, সেখানে পরিবর্তন আনতে হবে, আরও ক্ষতি ঠেকাতে হবে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করতে হবে।
এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখা দুই দলের হাজারো নির্বাচনি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ওবামা। তাদের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান তিনি।

