Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল, ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্রও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল, ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্রও

Advertisement

১৯৬০ সালের শুরুর দিকে মার্কিন কূটনীতিকরা একটি ইসরাইলি হেলিকপ্টারে চড়ে যাচ্ছিলেন। এ সময় তাদের মধ্যে একজন দেখতে পান, ডেড সি’র প্রায় ২০ মাইল পশ্চিমে নেগেভ মরুভূমির একটি স্থানে নির্মাণকাজ চলছে। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা তখন ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যাডি কোহেনকে প্রশ্ন করেন, এটি কী?

ইসরাইলে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিডকে কোহেন জানান, এটি একটি ‘টেক্সটাইল কারখানা’। তবে ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যায়, সেদিন হেলিকপ্টার থেকে যে নির্মাণাধীন স্থাপনাটি দেখেছিলেন মার্কিন কর্মকর্তারা, সেটি ছিল দিমোনা পারমাণবিক কেন্দ্র। এটি মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রাগার হিসেবে পরিচিত।

এর পাঁচ বছর পর, মার্কিন পরমাণু কর্মকর্তারা বুঝতে পারেন যে পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম প্ল্যান্ট থেকে শত শত পাউন্ড ওয়েপনস-গ্রেড সমৃদ্ধ ইউরেনিয়াম হারিয়ে গেছে। মার্কিন গোয়েন্দাদের একটি অংশ এবং একটি সাম্প্রতিক তথ্যচিত্রের দাবি অনুযায়ী, এই ইউরেনিয়াম ইসরাইলি কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছিল।

এরপর বিগত ৬০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয় পক্ষই এই ইস্যুতে রাখঢাক করে চলেছে। ইসরাইলের পারমাণবিক অস্ত্রের বিষয়টি কেউই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

ইসরাইলি-আমেরিকান ইতিহাসবিদ আভনার কোহেনের বর্ণনা অনুযায়ী, সময়ের পরিক্রমায় এটি বিশ্বের ‘সবচেয়ে কম গোপনীয় বিষয়’-এ পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই নীতিটি এখন একধরনের অস্পষ্টতায় পর্যবসিত হয়েছে। কারণ ইসরাইলের পারমাণবিক অস্ত্র নিয়ে নানা সময়ে ইঙ্গিত মিললেও কখনোই তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এই নীতিটি যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশের পরমাণু অস্ত্র অর্জনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যেমন সহায়তা করেছে। তেমনি ইসরাইল কীভাবে পারমাণবিক অস্ত্র পেল, সে বিষয়ে প্রশ্নের মুখোমুখি হওয়া থেকেও বাঁচিয়েছে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও পারমাণবিক কৌশলবিদ ম্যাথিউ ক্রোয়েনিগ সিএনএনকে বলেন, ‘ইসরাইল যদি প্রকাশ্যে ঘোষণা করে যে তারা পারমাণবিক শক্তিধর দেশ, তবে তা এ অঞ্চলের অন্য দেশগুলোর ওপর চাপ বৃদ্ধি করবে এবং তারাও একই পথে হাঁটাতে চাইবে। মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের নীতির জন্য ভালো কিছু নয়।’

কয়েকজন বিশেষজ্ঞ সিএনএনকে বলেছেন, স্নায়ুযুদ্ধের সময় থেকে গোপনীয়তার এ নীতির সূচনা। যুক্তরাষ্ট্র ও ইসরাইল আশঙ্কা করেছিল, এ বিষয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি দিলে সোভিয়েত ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় আরব দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করতে পারে। আর ইসরাইল ভয় পাচ্ছিল, প্রকাশ্যে নিজেদের পারমাণবিক অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করলে তার কূটনৈতিক পরিণতি ভোগ করতে হবে।

পেনসিলভানিয়া থেকে ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথমবার ধরা পড়ার বছরই তেল আবিব সফরে গিয়েছিলেন হেনরি কিসিঞ্জার। সেখানে ইসরাইলিদের সঙ্গে তার যেসব কথাবার্তা হয়েছিল, সেগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবহিত করেন তিনি।

ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে থাকা কথোপকথনের সারসংক্ষেপ–সংবলিত একটি মেমো অনুযায়ী, কিসিঞ্জারের ‘দৃঢ় বিশ্বাস ছিল, ইসরাইল এরই মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে’, যে কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি।

১৯৬৯ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে একটি মেমো পাঠান কিসিঞ্জার। সেটির সঙ্গে যুক্ত একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা এ সিদ্ধান্তে পৌঁছান, ইসরাইলের পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে ‘কেউ ক্ষোভের বশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে—এমন আশঙ্কা অনেক বেড়ে যাবে’। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট নিক্সন ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিলেন।

তবে কিসিঞ্জার বুঝতে পেরেছিলেন, নিক্সন অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিলেও যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভবত ইসরাইলকে থামানো আর সম্ভব হবে না।

পারমাণবিক কর্মসূচির বিষয়টি গোপন রেখে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করা হলে কংগ্রেস ক্ষুব্ধ হতে পারে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট তৈরি হতে পারে।

আবার কূটনৈতিক চাপ তৈরির জন্য ইসরাইলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা প্রকাশ্যে আনলে সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলতে পারে।

যুক্তরাষ্ট্র এ উভয়সংকটের সমাধান হিসেবে বিষয়টি নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতিই বেছে নেয়। আর ইসরাইল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়।

কিসিঞ্জার তার ওই মেমোতে লেখেন, ‘আমরা আসলে যা চাই, তা হলো ইসরাইলের পারমাণবিক অস্ত্রের মালিকানা থাকার বিষয় যেন অন্তত আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত না হয়।’

তবে ১৯৮৬ সালে এ নিয়ে আন্তর্জাতিক মহলের সব সংশয় দূর হয়। ওই বছর দিমোনা স্থাপনার সাবেক রিঅ্যাক্টর টেকনিশিয়ান মরদখাই ভানুনু ইসরাইলের পারমাণবিক কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি গোপনে গড়ে তোলা ওই স্থাপনার কিছু ছবিও যুক্তরাজ্যের পত্রিকা সানডে টাইমসের কাছে দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কাপড়ের কারখানা’ বলে ৬৬ বছর ধরে ভয়ঙ্কর অস্ত্র গোপন রেখেছে ইসরাইল

‘কাপড়ের কারখানা’ বলে ৬৬ বছর ধরে ভয়ঙ্কর অস্ত্র গোপন রেখেছে ইসরাইল

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

নেতানিয়াহুর চূড়ান্ত পতনসহ একনজরে বিশ্বের আলোচিত সব খবর

নেতানিয়াহুর চূড়ান্ত পতনসহ একনজরে বিশ্বের আলোচিত সব খবর

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

আরও পড়ুন

তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

ভারতে টাকায় মিলছে ‘ভাড়াটে’ নাতি-নাতনি

ভারতে টাকায় মিলছে ‘ভাড়াটে’ নাতি-নাতনি

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

নেতানিয়াহুর পতন নাকি নতুন নির্বাচন, ইসরাইলের সামনে ৫ সমীকরণ

নেতানিয়াহুর পতন নাকি নতুন নির্বাচন, ইসরাইলের সামনে ৫ সমীকরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম