ডানা হোয়াইটের নিয়োগ নিয়ে ‘রসিকতা’ করেছিলাম: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইটকে নিয়োগ দেওয়ার প্রস্তাবের ঘোষণা তিনি নিছক মজা করে দিয়েছিলেন। এ নিয়ে আলোচনার পর রোববার নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
ফ্লোরিডায় নিজের সমুদ্রসৈকতের ক্লাব থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ডানা হোয়াইটকে প্রেস সচিব করার বিষয়টি ছিল নিছক রসিকতা। তবে হোয়াইটের কাছে ধারণাটি ভালো লেগেছে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ডানা অত্যন্ত যোগ্য ব্যক্তি। তবে তিনি যে মজা করেছিলেন, তা বোঝা উচিত ছিল। কারণ, ঘোষণার সময় তিনি বলেছিলেন, ইউএফসির কয়েকজন জনপ্রিয় যোদ্ধা হোয়াইটের সহকারী হিসেবে কাজ করবেন।
ট্রাম্পের ভাষ্য, ডানা হোয়াইটের দুই পাশে ছয়জন লড়াকু যোদ্ধা বসে থাকলে সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা তার সঙ্গে খুব বেশি বাড়াবাড়ি করার সাহস পেতেন না। বিষয়টি কল্পনা করেই তিনি মজা করেছিলেন।
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান ট্রাম্প। পরদিন তিনি বলেন, এটি ছিল তার রসিকতার অংশ। তবে পরে অনেকে ধারণাটিকে ভালো প্রস্তাব বলে মন্তব্য করেছেন।
রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ব্যঙ্গাত্মক কার্টুনও শেয়ার করেন। এতে ইউএফসির যোদ্ধাদের সাংবাদিকদের মারধর করতে দেখা যায়। কার্টুনে এক যোদ্ধাকে সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করতেও দেখা যায়।
উল্লেখ্য, গত তিন সপ্তাহ ধরে হোয়াইট হাউসের প্রেস সচিবের পদটি শূন্য রয়েছে। এর আগে এ পদে নিয়োগ পাওয়া কেটি জাকারিয়া আইনজীবী পরিচয় দেওয়া নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। বার পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়াতে গিয়ে তিনি বিতর্কে জড়ান।
সূত্র: দ্য গার্ডিয়ান

