দীপাবলি উপলক্ষে কর্মীদের লাখ টাকা বোনাস দিলেন ব্যবসায়ী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম
রুপালি রঙের পূজার থালায় সাজিয়ে কর্মীদের বোনাস দেন রামস্বরূপ মুন্ডে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দীপাবলি উপলক্ষে কর্মীদের বোনাস হিসেবে কেউ দেন অতিরিক্ত এক মাসের বেতন, কেউ দেন মিষ্টি কিংবা শুকনো ফলের প্যাকেট। তবে ভারতের গুজরাটের সুরাটের এক বস্ত্র ব্যবসায়ী এবার কর্মীদের জন্য এমন উপহারের ব্যবস্থা করেছেন, যা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। তার প্রতিষ্ঠানের ২০ কর্মচারীকে দীপাবলির উপহার হিসেবে এক লাখ রুপিরও বেশি করে নগদ অর্থ দিয়েছেন তিনি। খবর ইন্ডিয়া টুডের
ব্যবসায়ীর নাম রামস্বরূপ মুন্ডে। তার এই ব্যতিক্রমী উপহার দেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে শুধু টাকার অঙ্কই নয়, উপহার দেওয়ার আয়োজনটিও ছিল বেশ চমকপ্রদ। সাধারণত খামে ভরে কিংবা সরাসরি ব্যাংক হিসাবে বোনাস দেওয়া হয়। কিন্তু মুন্ডে সে পথে হাঁটেননি। কর্মীদের জন্য রুপালি রঙের বিশেষ পূজার থালায় সাজিয়ে রেখেছিলেন নতুন টাকার বান্ডিল।
১০ থেকে ৫০০ রুপির বিভিন্ন মূল্যমানের নোট দিয়ে সাজানো হয়েছিল থালাগুলো। আরেকটি বিশেষ বিষয় ছিল, কর্মীদের হাতে এসব উপহারের থালা তুলে দেন তাদের স্ত্রীরা। ফলে বোনাস দেওয়ার আয়োজনটি হয়ে ওঠে পারিবারিক আনন্দ ও আবেগের এক বিশেষ মুহূর্ত।
অপ্রত্যাশিত এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কর্মীরা। ভিডিওতে দেখা যায়, কেউ আনন্দে আপ্লুত, আবার কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। তাদের আবেগঘন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যবসায়ীর প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। অনেকে কর্মীদের প্রতি তার এমন উদারতার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজা করে জানতে চেয়েছেন, তার প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে কী করতে হবে?
অনেকের মতে, উৎসব উপলক্ষে প্রচলিত উপহারের বাইরে গিয়ে কর্মীদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে শুধু আর্থিক সহায়তাই নয়, কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্ববোধ ও ভালোবাসারও প্রকাশ ঘটেছে।


