মিষ্টি ভেবে বোমা মুখে দিয়ে বিস্ফোরণে প্রাণ গেল ভারতীয় যুবকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের মধ্যপ্রদেশে মিষ্টি মনে করে ঘরে তৈরি বোমা মুখে দেওয়ার পর বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারের উদ্দেশ্যে তৈরি ওই বিস্ফোরক দেখতে অনেকটা রসগোল্লার মতো ছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজ্যের দিন্ডোরি জেলার একটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাজেন্দ্র বারৌটিয়া। বয়স ৩৫ বছর। ঘটনার সময় তিনি গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে আগুনের পাশে বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি তাকে মিষ্টির মতো দেখতে একটি বস্তু খেতে দেন। সেটিকে রসগোল্লা ভেবে মুখে পুরে দেন রাজেন্দ্র। কিন্তু মুহূর্তের মধ্যেই সেটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হন তিনি।
পুলিশ কর্মকর্তা রেখা সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, ওই এলাকার কিছু আদিবাসী বাসিন্দা বুনো শূকর শিকারের জন্য ঘরে তৈরি বিশেষ ধরনের বিস্ফোরক ব্যবহার করেন। তেমনই একটি বোমা রাজেন্দ্রকে দেওয়া হয়েছিল। সেটি তার মুখের ভেতরেই বিস্ফোরিত হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগ আনা হয়েছে। তবে রাজেন্দ্রকে হত্যার উদ্দেশ্যেই বিস্ফোরকটি দেওয়া হয়েছিল, নাকি নিছক মজা করার জন্য এমনটি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
স্থানীয়ভাবে বুনো শূকর শিকারের জন্য আতশবাজি কিংবা পাথর খনিতে ব্যবহৃত বারুদ ময়দা বা আটার গোলার মধ্যে ভরে এ ধরনের বিস্ফোরক তৈরি করা হয়। আকারে অনেকটা রসগোল্লার মতো হওয়ায় সেটিকে মিষ্টি ভেবে ভুল করেছিলেন রাজেন্দ্র। শেষ পর্যন্ত সেই ভুলের মাশুল দিতে হলো জীবন দিয়ে।
