ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণ-পূর্ব উপকণ্ঠের সুর বাহের এলাকায় অনুমোদনহীনভাবে বাড়ি নির্মাণের অভিযোগে দুই ভাইকে নিজেদের বাড়ি ভেঙে ফেলতে বাধ্য করেছে ইসরাইলি পৌর কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, দুই ভাইয়ের মধ্যে ওমর ইব্রাহিম আমিরার বাড়িটি ২০০০ সাল থেকে রয়েছে। সেখানে তিনি স্ত্রী ও চার সন্তানকে নিয়ে বসবাস করেন। ইসরাইলি পৌর কর্তৃপক্ষ তাকে বাড়িটি নিজ উদ্যোগে ভেঙে ফেলার জন্য ২১ দিন সময় দিয়েছে। পাশাপাশি ১ লাখ শেকেল (৩১ হাজার ২০৮ ডলার) জরিমানাও করেছে।
ওমরের ভাই শাদির বাড়িটিও ২০০০ সাল থেকে রয়েছে। তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সেখানে বসবাস করেন বলে জানিয়েছে ওয়াফা।
জেরুজালেম গভর্নরেট বলেছে, দুই ভাইকে নিজেদের বাড়ি ভেঙে ফেলতে বাধ্য করার ঘটনা জেরুজালেমের বাসিন্দাদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের উচ্ছেদ ও বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নীতির অংশ। এ ধরনের পদক্ষেপের ফলে আরও বেশি পরিবার বাস্তুচ্যুত হচ্ছে।

