ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
আক্রমণ হলে যুদ্ধের পরিধি ইউরোপ পর্যন্ত বিস্তৃত করবে ইরান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য ইসরাইল তাদের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে তেহরান সতর্ক করে বলেছে, তাদের ওপর আক্রমণ চালানো হলে তারা যুদ্ধের পরিধি এ অঞ্চলের বাইরেও ছড়িয়ে দেবে। বুধবার সন্ধ্যায় ইসরাইলি সংবাদমাধ্যমে জানানো হয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা সামরিক বাহিনীকে ইরানের ওপর হামলার প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছে।
সরকারি সম্প্রচারমাধ্যম কানের বরাত দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা জানিয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভার এ নির্দেশনার ফলে সামরিক বাহিনী এমন কিছু পদক্ষেপ নিতে পারে, যা যুদ্ধের সূত্রপাত ঘটাবে। কান আরও জানায়, ইসরাইলের বিরোধীদলীয় নেতা গ্যাদি আইজেনকোটের এক বিবৃতির পর এ নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আসে। আইজেনকোট এ হামলার বিরোধিতা করছেন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনরত নেতানিয়াহুকে উদ্দেশ করে আইজেনকোট বলেন, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত-যদি না কোনো ‘সরাসরি ও তাৎক্ষণিক হুমকি’ থাকে-তবে যেন সামরিক বাহিনীকে মোতায়েন না করা হয়। অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী নেতা গ্যাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের সুযোগ দেন। তবে ক্ষমতা হারানোর দ্বারপ্রান্তে থাকা নেতানিয়াহু দৃঢ় অবস্থানে আছেন যে, তেহরানে বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে।
ইসরাইলে নেতানিয়াহুর বিরোধীরা মনে করেন, যুদ্ধ বাধিয়ে নেতানিয়াহু তার ক্ষমতায় থাকাকে দীর্ঘস্থায়ী করতে চান। তার নেতৃত্বে যুদ্ধ শুরু হলে ইসরাইল বাধ্য হয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে। নির্বাচন ছাড়াই যুদ্ধকালীন ওই সরকার চলবে দীর্ঘদিন। এতে আইজেনকোট সরকার গঠনের সুযোগ থেকে বঞ্চিত হবেন। নেতানিয়াহুর সবচেয়ে বড় ভয়-ক্ষমতাচ্যুত হলে তাকে দুর্নীতির মামলায় কারাগারে যেতে হতে পারে।
‘পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত’ : ইরানের ওপর ইসরাইলের হামলার প্রস্তুতির খবরটি এমন এক সময়ে এলো, যখন সংঘাত এড়াতে ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের প্রস্তাবিত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা না হলে তিনি আবারও যুদ্ধের পথে ফিরে যেতে প্রস্তুত আছেন।
অপরদিকে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সামাজিকমাধ্যমে এক পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করে, তবে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এই আগ্রাসনের সঙ্গে জড়িত প্রতিটি সামরিক ঘাঁটিই ইরানের প্রাণঘাতী হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’ তিনি বলেন, ‘কোনো নিরাপদ দূরত্ব নেই, কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই, কোনো দায়মুক্তিও নেই।’
‘জয় ঘোষণার মতো অবস্থানে’ : ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার অ্যালান ফিশার জানিয়েছেন, ট্রাম্প এখনো ইরানের বিরুদ্ধে কেন তিনি যুদ্ধের পথে গিয়েছিলেন তার যৌক্তিকতা তুলে ধরছেন। ট্রাম্প বলছেন, এ পরিস্থিতির শিগগিরই অবসান ঘটবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক চাপের কৌশল এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে, বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর কোনো প্রয়োজন নেই।
ফিশার বলেন, ‘গত কয়েক দিনে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও- উভয়েই কার্যত জানিয়েছেন যে, বড় ধরনের সামরিক সংঘাতের অধ্যায় শেষ হয়েছে। ইরান যদি রেড লাইন বা নির্ধারিত সীমা অতিক্রম না করে, তবে তারা আর সামরিক সংঘাত শুরুর কোনো প্রয়োজনীয়তা দেখছেন না।’ তিনি বলেন, ‘হোয়াইট হাউজের মূল লক্ষ্য হলো-এমন একটি পরিস্থিতি বজায় রাখা, যেখান থেকে ট্রাম্প জয় ঘোষণা করতে পারেন।
