অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র
হেলাল মাহমুদ, রাজবাড়ী
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী বালিয়াকান্দির পদমদী গ্রামে অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রটি -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা অবিস্মরণীয় কথাশিল্পী মীর মশাররফ ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ। তার স্মৃতি রক্ষায় রাজবাড়ী বালিয়াকান্দির পদমদী গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছিল মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, লোকবল ও পর্যাপ্ত তদারকির অভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটির অবস্থা এখন বেহাল দশা। অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে সেই স্মৃতিকেন্দ্র। ভবনে ফাটল, পলেস্তারা খসে পড়ছে, সংগ্রহশালার দৈন্যদশা সব মিলিয়ে সাহিত্যপ্রেমীদের এই তীর্থস্থান এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
জানা গেছে, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেন কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পদমদী গ্রামে। তার লেখাপড়ার শুরু কুষ্টিয়ায়। পরে পদমদী গ্রামের বিদ্যালয়েও তিনি লেখাপড়া করেছেন। তার চাকরি জীবনের অধিকাংশ সময় কেটেছে ফরিদপুরের নবাব এস্টেটে। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার স্টেটেও নায়েবের দায়িত্ব পালন করেছেন। ১৯১২ সালের ১৯ ডিসেম্বর কালজয়ী এই সাহিত্যিক মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী বিবি কুলসুমের পাশে তাকে দাফন করা হয়। রক্ষণাবেক্ষণের অভাবে মীর মশাররফের সেই কবরও হারিয়ে গিয়েছিল। পরে বাংলাদেশ টেলিভিশনের কবি আবদুল হাই শিকদারের ‘কথামালা’ ম্যাগাজিন অনুষ্ঠানে এক প্রতিবেদনের পর টনক নড়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের। বাংলা একাডেমির তত্ত্বাবধানে সেখানে নির্মিত হয় বর্তমান স্মৃতিকেন্দ্র। ১৯৯৯ সালের জুলাই মাসে ৮৪ শতাংশ জমির ওপর ২ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় সম্ভাবনাময় স্মৃতিকেন্দ্রটি। এখানে রয়েছে সংগ্রহশালা, ১০০ আসনবিশিষ্ট সেমিনার কক্ষ, দপ্তর, গ্রন্থাগার, অতিথিকক্ষ, ডাইনিং, কিচেন ও প্রসাধন কক্ষ। তবে অনেক কক্ষই এখন জরাজীর্ণ।
সম্প্রতি সরেজমিন মীর মশাররফ হোসেনের স্মৃতিকেন্দ্রে গিয়ে দেখা যায়, কোনো দর্শনার্থীই সেখানে নেই। দুজন কর্মচারী দর্শনার্থীর আশায় বারান্দায় বসে আছেন। স্মৃতিকেন্দ্রের বেশ কয়েকটি স্থানে ফাটল ধরেছে। অনেক স্থানে দেওয়ালের রং উঠে গেছে। মূল প্রবেশপথের দুপাশে থাকা লাইটগুলো খোয়া গেছে। তবে মীরের লেখা কয়েকশ বই পাঠকের অপেক্ষায় বুকসেলফে সাজানো রয়েছে। মাঠের মধ্যে রাখা বেঞ্চগুলোও বসার অনুপযোগী, ময়লা পড়ে রয়েছে।
স্থানীয়রা জানান, মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের ব্যবস্থাপনা ভালো নয়। পাঠক ও দর্শনার্থী সেখানে গেলে বসার ব্যবস্থা নেই। বেঞ্চগুলো নষ্ট হয়ে গেছে। বিশুদ্ধ পানির সংকট রয়েছে। স্মৃতিকেন্দ্রটি সপ্তাহে দুদিন বন্ধ থাকে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। মানুষ সাধারণ ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে বের হলেও সেই সময় স্মৃতিকেন্দ্র বন্ধ থাকে।
স্মৃতিকেন্দ্রে আসা দর্শনার্থী মাসুদ পারভেজ বলেন, আমি কুষ্টিয়া থেকে স্মৃতিকেন্দ্র দেখতে এসেছি। সাহিত্যিকরা যে এখানে এসে লেখালেখি করবেন বা সময় কাটাবেন তেমন পরিবেশই নেই। স্মৃতিকেন্দ্রটি অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে। রয়েছে লোকবল সংকটও। সংগ্রহশালায় তেমন কিছুই নেই। ইন্টারনেট সংযোগ, বিশুদ্ধ পানির সংকট সেখানে রয়েছে।
আরেক দর্শনার্থী নরসিংদীর সাইফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এ কেন্দ্রে জনবলের অভাব রয়েছে। কেন্দ্রের সংগ্রহশালায় মীর মশাররফ হোসেনের বিভিন্ন সাহিত্যকর্মের নিদর্শন থাকার কথা থাকলেও বাস্তবে তার কিছুই নেই। প্রতিষ্ঠার পর থেকে স্মৃতিকেন্দ্র ঘিরে পর্যটনকেন্দ্র ও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা শোনা গেলেও সেটার কোনো লক্ষণ নেই। কোনো সরকারই এদিকে তেমন নজর দেয়নি। প্রতি বছর সেখানে নামমাত্র মীরের জন্মদিন পালন করা হয়ে থাকে।
স্মৃতিকেন্দ্রের সভাপতি কবি সালাম তাসির বলেন, মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীভুক্ত। এটি বাংলা একাডেমি পরিচালনা করে থাকে। রাজবাড়ী জেলা প্রশাসন স্মৃতিকেন্দ্রের কাজ করতে ইচ্ছুক। তবে বাংলা একাডেমি স্মৃতিকেন্দ্রের উন্নয়নে সেভাবে উদ্যোগ গ্রহণ করেনি। স্মৃতিকেন্দ্র থেকে সাহিত্যের আলো ছড়াতে বাংলা একডেমির আন্তরিকতার অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, আমি সরেজমিন, বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রটি পরিদর্শন করেছি। সেখানে বেশ কিছু কাজ করা প্রয়োজন। সেখানকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা বাংলা একাডেমিই করে থাকে। আমাদের নজরে আসা বেশকিছু বিষয় নিয়ে বাংলা একাডেমির সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে। সেখানকার স্মৃতিকেন্দ্রের লোকবল সংকট, রক্ষাণাবেক্ষণের কাজ যেমন-বেঞ্চ মেরামত, দেওয়ালে রং করা, ইন্টারনেট সংযোগসহ বেশকিছু বিষয়ে আমরা ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি।
এ বিষয়ে বাংলা একাডেমির উপপরিচালক ডা. রেজাউর রহমান যুগান্তরকে বলেন, ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে কবির ১৭৯তম জন্মবার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষ্যে এবারও বাংলা একাডেমির আয়োজনে সেমিনার থাকছে। সেই সঙ্গে থাকছে, স্থানীয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, কুইজ ও এক দিনের মীরমেলাসহ প্রধান অতিথি ও বিশেষ অতিথির চমক।
