রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
রাত পোহালেই এজিএম আশা-নিরাশার কথা বলতে প্রস্তুত ৪ শতাধিক সদস্য
গুরুত্বপূর্ণ দাবি পূরণ হওয়ায় ফুরফুরে মেজাজে বিদায়ি কমিটি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাত পোহালেই আগামীকাল শনিবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। বহুলপ্রতীক্ষিত সাধারণ সভায় যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজধানী ঢাকাসহ সারা দেশে কর্মরত এই সার্ভিসের চার শতাধিক সদস্য। এরমধ্যে জেলা রেজিস্ট্রার ৪৫ জন এবং সাবরেজিস্ট্রার ৩৭৯ জন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি থাকবেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক শামীমা আফরোজ।
শনিবার সকাল ৮টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সধারণ সভা শুরু হবে। এ সভায় সাবরেজিস্ট্রাররা তাদের পাওনা-না পাওয়ার হিসাব মেলাবেন কড়ায়-গন্ডায়। যেসব যৌক্তিক দাবি পূরণ হয়নি, সেটি নিয়ে সোচ্চার দাবি তুলতেও ভুলবেন না তারা। একইসঙ্গে সাধারণ সদস্যদের কাঠগড়ায় হাজির হতে হবে বর্তমান কমিটির নেতৃবৃন্দকে। যুগান্তরকে এমনটি জানিয়েছেন, সাবরেজিস্ট্রারদের অনেকে।
অবশ্য বেশ বেশ ফুরফুরে মেজাজে আছে দুই বছরের জন্য নির্বাচিত বিদায়ি কমিটি। কারণ, তাদের মেয়াদেই রেজিস্ট্রেশন সার্ভিসে কর্মরত সদস্যদের গুরুত্বপূর্ণ বেশির ভাগ দাবি-দাওয়া পূরণ হয়েছে। তবে সিনিয়র হওয়া সত্ত্বেও সময়মতো পদোন্নতি না পাওয়াসহ প্রাপ্যতা অনুযায়ী পোস্টিং না হওয়ায় অনেকের মধ্যে ক্ষোভ হতাশাও কম নয়।
সূত্র জানায়, বর্তমান কমিটির মেয়াদে সবচেয়ে বড় অর্জন হলো- রেজিস্ট্রেশন অধ্যাদেশের ৬৮(৩) সংশোধন। এ ধারা সংশোধন করে সাবরেজিস্ট্রারদের দায়মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো কারণে রেভিনিউ কম নেওয়া হয়ে থাকে তাহলে সাবরেজিস্ট্রারদের বিরুদ্ধে বিভাগীয় মামলা যেমন হবে না, তেমনি সরকারের পাওনা টাকা দলিল দাতা/গ্রহীতা পরিশোধ করবেন। ভুলের বিষয়টি সাবরেজিস্ট্রার সরল বিশ্বাসে করেছেন বলে গণ্য গবে। অন্যান্য সার্ভিসে এ ধরনের দায়মুক্তি দেওয়া থাকলেও সাব-রেজিস্ট্রারদের ক্ষেত্রে ছিল না। এজন্য এতদিন তাদের অর্থদণ্ড দেওয়া ছাড়াও বিভাগীয় মামলা ফেস করতে হতো। গত ৫ ফেব্রুয়ারি এ সংক্রান্ত সংশোধনী গেজেট আকারে প্রকাশিত হয়। দীর্ঘদিন থেকে এটি ছিল সাবরেজিস্ট্রারদের অন্যতম দাবি।
অপরদিকে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নও শুরু হয়েছে। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন লাভ করে। এর ফলে দ্রুত দলিল রেজিস্ট্রেশনসহ মূল দলিলও তাৎক্ষণিক প্রদান করা সম্ভব হবে। এছাড়া এ সেক্টরের বিভিন্ন কাজ পর্যায়ক্রমে ডিজিটাল সেবায় উন্নীত হবে। বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সার্ভিসের প্রস্তাব এখন আইন মন্ত্রণালয়ে। এটিও বড় অগ্রগতি। গত ১০ এপ্রিল রেজিস্ট্রেশন আইন সংশোধন করায় বায়না দলিল বা বিক্রি চুক্তি দলিল সম্পাদনের পর তা রেজিস্ট্রি অফিসে দাখিলের সময়সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করা হয়েছে। এছাড়া দেশের বাইরে সম্পাদিত দলিল দেশে পৌঁছানোর পর রেজিস্ট্রি অফিসে দাখিলের সময়সীমা ৪ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করা হয়েছে। অপরদিকে আইনের ৫২ক ধারায় সংশোধনী আনা হয়েছে। এরফলে জেলা রেজিস্ট্রারের কাছে আপিল করার সময়সীমা ৪৫ দিনে উন্নীত করা হয়েছে। এর আগে সাবরেজিস্ট্রার কর্তৃক দলিল রেজিস্ট্রেশন অগ্রাহ্য হলে এ সময়সীমা ছিল ৩০ দিন।
এদিকে সিনিয়র সাবরেজিস্ট্রারের পদ সৃষ্টিসহ জেলা রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রারদের গাড়ি প্রাধিকার সুবিধা প্রদান, নিজস্ব রেজিস্ট্রেশন ভবন, কমপ্লেক্সের মধ্যে আবাসন সুবিধা এবং স্থানীয় মাস্তান ও সন্ত্রাসীদের হাত থেকে সুরক্ষা প্রদানের জোরালো দাবিও রয়েছে। এরমধ্যে সূত্র জানায়, জেলা রেজিস্ট্রারদের জন্য গাড়ি কেনার প্রস্তাব শিগগির আইন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
যত অভিযোগ : সাবরেজিস্ট্রারদের অনেকে যুগান্তরকে জানিয়েছেন, সব সরকারের সময় প্রভাবশালী সিন্ডিকেট বিআরএস এবং পোস্টিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। এ কারণে অধিকতর দক্ষ ও মেধাবী হওয়া সত্ত্বেও সাধারণ সাবরেজিস্ট্রাররা কখনো প্রাইজপোস্টিং পান না। তাদের ঢাকার মধ্যে তো দূরের কথা, আশপাশেও পোস্টিং দেওয়া হয় না। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও মুন্সীগঞ্জের মতো বেশির ভাগ জেলায় সিনিয়র অফিসারদের পদায়ন করা হয় না। বর্তমানে কর্মরতদের মধ্যে সিনিয়র সাবরেজিস্ট্রার রয়েছেন ২০১১ সালের (২৮তম বিসিএস, নন-ক্যাডার) ব্যাচের ১৮ জন, ২০১২ সালের ২টি ব্যাচের (২৯ ও ৩০তম বিসিএস-নন-ক্যাডার) যথাক্রমে ২৬ জন ও ৬ জন এবং ২০১৩ সালে সরাসরি পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ জন সাবরেজিস্ট্রার মেধা ও যোগ্যতা অনুযায়ী পোস্টিং পাননি। অথচ দেশের গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রারের পদে বহালতবিয়তে আছেন ২০১৭ সালের জুনিয়র কর্মকর্তারা। চাকরির বয়স ১০ বছর না হলে তিনি ‘এ’ গ্রেডের কর্মকর্তা হবেন না এবং তাকে ‘এ’ ক্যাটাগরির অফিসে পোস্টিং দেওয়া যাবে না। কিন্তু বাস্তবে এ নীতিমালা মানা হয়নি। এ কারণে ভুক্তভোগী যোগ্য ও মেধাবীরা চরমভাবে হতাশ। সূত্র জানায়, এ সার্ভিসে পদোন্নতির সুযোগও সীমিত। একজন সাবরেজিস্ট্রার ২০-২৫ বছরের আগে জেলা রেজিস্ট্রার হতে পারেন না। এছাড়া সাবরেজিস্ট্রারদের নিরাপত্তার অভাব সবচেয়ে বেশি। প্রতিটি সাবরেজিস্ট্রি অফিস ঘিরে সব সরকারের আমলে রাজনৈতিকভাবে প্রভাবশালী লোকজন সাবরেজিস্ট্রারদের জিম্মি করে রাখে। তাদের কথামতো কাজ না করলে নানাভাবে হয়রানি করা হয়। আবার কেউ কেউ দলীয় পদ হাতিয়ে নেওয়ার পর জোরপূর্বক দলিল লেখক সেজে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। এছাড়া নামসর্বস্ব একশ্রেণির গণমাধ্যম কর্মীও নানাভাবে ব্লাকমেইল করে থাকেন। এই পর্যন্ত এ ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বেশ কয়েকজন সাবরেজিস্ট্রার আক্রান্ত হয়েছেন। কিন্তু প্রতিকার সেভাবে হয়নি। এসব ক্ষেত্রে সংগঠনের নেতারাও শক্তভাবে পাশে দাঁড়ান না, যা সবচেয়ে দুর্ভাগ্যজনক।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও খিলগাঁও সাবরেজিস্ট্রার মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহ রোববার যুগান্তরকে বলেন, একথা সত্য যে, সাবরেজিস্ট্রাররা বহুমুখী সমস্যা ও সংকটে জর্জরীতি। তবে অনেকগুলো দাবি ইতোমধ্যে তারা পূরণ করতে সক্ষম হয়েছেন। বাকি যৌক্তিক দাবিগুলোও শিগগির পূরণ হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, তারা যা করে যেতে পারেননি, নিশ্চয় পরবর্তী কমিটি সে দাবি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে। নতুন কমিটিতে যারা আসবেন, তাদের প্রতি সর্বাত্মক সমর্থন অব্যাহত থাকবে। সংগঠনের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান বলেন, ‘সবার আগে আমি বর্তমান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে ধন্যবাদ জানাতে চায়। স্যারের কাছে আমার মহাসচিবসহ আমাদের কমিটি চিরকৃতজ্ঞ। তিনি ইতোমধ্যে সাবরেজিস্ট্রারদের বেশকিছু দাবি পূরণসহ যৌক্তিক সব বিষয় আমলে নিয়েছেন।’ অপর এক প্রশ্নের জবাবে রমজান খান বলেন, পদোন্নতি ও পোস্টিং নিয়ে অনেকের মনে কষ্ট থাকতে পারে। হয়তো কিছু ক্ষেত্রে অভিযোগের সত্যতাও আছে। কিন্তু তিনি সব সময় সবার সুখে-দুঃখে এতদিন যেভাবে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
