সর্বদলীয় সংসদীয় ককাস’র অনুষ্ঠানে স্পিকার
নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে
দেশে প্রতি চারজন যুবকের একজন বেকার-দেবপ্রিয় * দুর্নীতি নিয়ন্ত্রণ ছাড়া সুবিধাবঞ্চিতদের উন্নয়ন সম্ভব নয়-খোকন * পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি জরুরি-নূরুল ইসলাম মনি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে, অস্থিতিশীলতা তৈরি হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই নির্বাচনে কারচুপি করাও কঠিন হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’র জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এটি আয়োজন করে।
সংসদ-সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ-সদস্য মো. সাইফুল ইসলাম। শুরুতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাস গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরেন। আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য মাহমুদা হাবিবা, নওগাঁ-৩ আসনের সংসদ-সদস্য ফজলুল হক, সাতক্ষীরার সংসদ-সদস্য মাহমুদুল ইসলাম, সংরক্ষিত আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নী, ড. মাহমুদা মিতু প্রমুখ। দেশে সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করেন স্পিকার। তিনি বলেন, এ সংকটের জন্য অনেক সময় আমলাদের দায়ী করা হলেও মূলত রাজনীতিবিদরাই এর জন্য দায়ী। নির্বাচিত হওয়ার পর কিংবা দলের পদ পাওয়ার পর অনেক রাজনীতিবিদ সাধারণ মানুষের কথা ভুলে গিয়ে নিজেদের সুযোগ-সুবিধা আদায়ে ব্যস্ত হয়ে পড়েন। রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে।
সংসদ-সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, বর্তমান সংসদ নির্বাচিত সংসদ। সংসদ-সদস্যরা আন্তরিকভাবে উদ্যোগ নিলে দেশের চেহারা পরিবর্তন করা সম্ভব। কিন্তু অনেক সময় দলীয় নেতৃত্বের অসন্তুষ্টি, ভোটের হিসাব কিংবা রাজনৈতিক প্রভাবের কথা চিন্তা করে জনপ্রতিনিধিরা মনের কথা প্রকাশ করতে পারেন না। এ সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে।
নির্বাচনব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, অর্থ না থাকলে এখনো অনেকের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন। নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা করতে হবে, যাতে অর্থবিত্ত না থাকলেও যোগ্য ব্যক্তিরা নির্বাচনে দাঁড়াতে পারেন এবং কালোটাকার ব্যবহার বন্ধ হয়। অনুষ্ঠানে ককাসের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর সংসদের ইতিহাসে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে এত বড় সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের ঘটনা প্রথম। এতে ২৫ জন সংসদ-সদস্য যুক্ত হয়েছেন। তিনি বলেন, দুর্নীতি দেশের অন্যতম বড় সমস্যা। রাষ্ট্রের উন্নয়ন বাজেটের অর্থ দুর্নীতি, কর ও ভ্যাট ফাঁকি, সরকারি জমি আত্মসাৎ এবং ব্যাংক লুটপাটের মাধ্যমে অপচয় হচ্ছে। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন সম্ভব নয়।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। এর মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। দারিদ্র্যসীমার ওপরে থাকলেও আরও অন্তত দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছেন। মাত্র দুই দিন কাজ করতে না পারলেই তাদের অনেকে আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। যুব বেকারত্বের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে প্রতি চারজন যুবকের একজন বেকার। শিক্ষিত যুবকদের ক্ষেত্রে এ হার প্রতি তিনজনে একজন। মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছালেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিশু মৃত্যুর হার বেশি।
নূরুল ইসলাম মনি বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা জরুরি। এ জন্য সরকারি ও বিরোধী দলসহ সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং উৎপাদনমুখী মানসিকতা গড়ে তুলতে হবে।
