Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

ছেলে ইয়ার নেতানিয়াহু ও স্ত্রী সারা নেতানিয়াহুর সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি ইমেজেস

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ষড়যন্ত্র নিয়ে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন তার ছেলে ইয়াইর নেতানিয়াহু। ডানপন্থি সক্রিয়তাবাদী ইয়াইরের দাবি, ইসরাইলের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তৎপর।

‘টু-ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরাইলস ফাইট ফর সারভাইভাল-অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডমেস্টিক স্যাবোটার্স’ শিরোনামের বইটি প্রকাশ ও বিতরণ করবে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার।

প্রকাশকের ওয়েবসাইটে বলা হয়েছে, বইটিতে ‘পশ্চিমা বিশ্বকে অস্থিতিশীল করা এবং মুক্ত সভ্যতার ভিত্তি দুর্বল করার একটি পরিকল্পনা’ তুলে ধরা হবে।

বইটির প্রচারণামূলক বিবরণে বলা হয়েছে, ‘ইয়াইর নেতানিয়াহু সব সময়ই একজন গর্বিত ইহুদি ও নিবেদিতপ্রাণ জায়নবাদী। কিন্তু ইসরাইলের রাষ্ট্র পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো যখন তার বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তৎপর হয়; তখন তিনি এমন এক জটিল ব্যবস্থার মুখোমুখি হন, যা খুব কম নাগরিকই দেখতে পান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দেশটির কৌঁসুলি, বিচারক, গোয়েন্দা আমলাতন্ত্র, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম নেটওয়ার্ক এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা।’

বইটিকে ‘ম্যাট্রিক্সের ভেতর থেকে পাওয়া প্রতিবেদন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ‘ম্যাট্রিক্স’ শব্দটি নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট জনপ্রিয় করেন। ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসীরা সাধারণত মূলধারার সমাজকে নিয়ন্ত্রণকারী এক ধরনের মায়াময় ব্যবস্থাকে বোঝাতে শব্দটি ব্যবহার করেন।


গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন পেয়েছে। তবে ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৬১টি আসন থেকে পিছিয়ে রয়েছে তারা। অবশ্য পার্লামেন্টে এখনো সবচেয়ে বড় জোট হিসেবে রয়েছে এই ব্লক।

অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন। ফলে সরকার গঠনের জোট আলোচনায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ইয়াইর দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উগ্র ডানপন্থি ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করে আসছেন। নির্বাচনের পর থেকে তিনি অভিযোগ করছেন, তার বাবার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করতে আরব দেশগুলোর অর্থসহ বিভিন্ন শক্তি কাজ করেছে।

মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি আবারও দাবি করেন, ‘শত্রু রাষ্ট্রগুলো আরব ভোটারদের ঘুস দিয়ে নির্বাচন চুরি করেছে।’

নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার পেছনেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন ইয়াইর। ঘুস গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২০ সাল থেকে তিনটি দুর্নীতির মামলায় বিচার চলছে ইসরাইলের প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কারণ দেখিয়ে তিনি আদালতে অনেক শুনানিতে উপস্থিত হননি।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, ইয়াইরের নতুন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান র্যাটপ্যাক প্রেস। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকার ও মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রেট র্যাটনার। প্যাকার নেতানিয়াহু পরিবারের বন্ধু এবং প্রধানমন্ত্রীর দুর্নীতির মামলার একজন সাক্ষী। অন্যদিকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর র্যাটনার ইসরাইলে চলে যান।

নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, কয়েক বছর ধরে প্যাকারের কাছ থেকে দামি সিগার ও শ্যাম্পেন উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। প্যাকারের মালিকানাধীন তেল আবিবের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও মাঝেমধ্যে ব্যবহার করতেন ইয়াইর নেতানিয়াহু। সূত্র: মিডল ইস্ট আই

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

গোয়েন্দা তথ্য চান আইজেনকোট, গড়িমসি করছেন নেতানিয়াহু

গোয়েন্দা তথ্য চান আইজেনকোট, গড়িমসি করছেন নেতানিয়াহু

গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

ইরান ইস্যুতে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করলেন আইজেনকোট

ইরান ইস্যুতে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করলেন আইজেনকোট

আরও পড়ুন

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

নেতানিয়াহুকে সতর্ক করলেন লিবারম্যান

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম