২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান: শাহবাজ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০৫০ সালের আগেই পাকিস্তান বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ লক্ষ্য অর্জনে খনিজ সম্পদ প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তান মিনারেলস ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ আশাবাদ ব্যক্ত করেন শাহবাজ শরিফ।
তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশিত গোল্ডম্যান স্যাকসের এক গবেষণায় ২০৭৫ সালের মধ্যে পাকিস্তানকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে সেই লক্ষ্যমাত্রা ২০৭৫ সালের পরিবর্তে ২০৫০ সালের আগেই অর্জিত হবে বলে আশা করছেন তিনি।
বিনিয়োগকারীদের উদ্দেশে শাহবাজ বলেন, ‘পাকিস্তানে খনিজ উত্তোলন করতে হবে, পাকিস্তানেই তা প্রক্রিয়াজাত করতে হবে, উৎপাদন করতে হবে এবং এরপর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে হবে।’
তিনি আরও বলেন, খনিজ সম্পদ প্রক্রিয়াজাতকরণের জন্য শোধনাগার, গলন কারখানা ও উৎপাদনকেন্দ্র গড়ে তুলতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। স্থানীয়ভাবে উত্তোলিত খনিজ দিয়ে বৈদ্যুতিক তার ও পরিবাহী সামগ্রী তৈরি করা সম্ভব। এতে কর্মসংস্থানের পাশাপাশি দেশে নতুন প্রযুক্তি ও দক্ষতা আসবে।
দুই দিনব্যাপী এ বিনিয়োগ ফোরামে খনিজ অনুসন্ধান, বিনিয়োগ ও ভূতাত্ত্বিক জরিপসহ বিভিন্ন বিষয়ে ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তান।
গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদ কেভিন ডালি ও তাদাস গেদমিনাস ১০৪টি দেশের অর্থনীতি নিয়ে ‘দ্য পাথ টু ২০৭৫’ শীর্ষক গবেষণা করেন। মূল্যস্ফীতি সমন্বিত মার্কিন ডলারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে করা ওই পূর্বাভাসে ২০৫০ সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হিসেবে জাপানের নাম উল্লেখ করা হয়েছিল।
অন্যদিকে ২০৭৫ সালের পূর্বাভাসে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার পর ষষ্ঠ অবস্থানে রাখা হয় পাকিস্তানকে।
গবেষণায় বলা হয়, যথাযথ নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করা গেলে ২০৭৫ সালের মধ্যে নাইজেরিয়া, পাকিস্তান ও মিসর বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর তালিকায় জায়গা করে নিতে পারে। এসব দেশের দ্রুত জনসংখ্যা বৃদ্ধিকে এর অন্যতম সম্ভাব্য কারণ হিসেবে দেখেছেন গবেষকেরা।
পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত তামা ও স্বর্ণের খনি প্রকল্প রেকো ডিকে ২০২৮ সালে উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন শাহবাজ শরিফ।
কানাডার খনি কোম্পানি ব্যারিক মাইনিং প্রকল্পটির ৫০ শতাংশের মালিক। পাকিস্তানের তিনটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যৌথভাবে ২৫ শতাংশ এবং বেলুচিস্তান সরকার বাকি ২৫ শতাংশের মালিক।
তবে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় প্রকল্পটির উন্নয়নকাজের গতি কমিয়েছে ব্যারিক। প্রতিষ্ঠানটি প্রকল্পের ব্যয়, অর্থায়ন ও সময়সূচি পর্যালোচনা করছে। ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত এ পর্যালোচনা চলার কথা রয়েছে।
এদিকে করাচি ও গোয়াদরে খনিজ প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ব্যারিকের একটি প্রতিনিধিদল। বেলুচিস্তানের মানুষের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে খনি প্রকল্পগুলো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুনে শেষ হওয়া অর্থবছরে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬ শতাংশ। প্রবাসী আয় দেশটির চলতি হিসাবের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করেছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ২১ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়ায়।
এ ছাড়া অক্টোবরে পাকিস্তানের সঙ্গে দুটি কর্মসূচির আওতায় প্রায় ১ দশমিক ২১ বিলিয়ন ডলারের সহায়তা ছাড়ের বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে আইএমএফ। সংস্থাটির নির্বাহী পর্ষদের অনুমোদন পাওয়া গেলে দুই কর্মসূচিতে মোট অর্থ ছাড়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।

-6af97b8c5de48.jpg)