‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সরাসরি সহযোগিতা করেছে—এমন সুনির্দিষ্ট ও দালিলিক প্রমাণ নিজেদের হাতে রয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আঞ্চলিক এই দেশগুলোর ভূমিকার বিষয়টি ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরাসরি তাদের জানিয়ে দেওয়া হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, ইরানকে আক্রমণ করতে যুক্তরাষ্ট্রকে যেসব প্রতিবেশী ও আঞ্চলিক দেশ সহায়তা করেছে, তার প্রতিটি ঘটনার তথ্য-প্রমাণ নথিবদ্ধ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ ও অনুসরণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার মতে, সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক ঘাঁটি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধবিমানের পাশাপাশি মার্কিন বাহিনীকে দেওয়া নানা ধরনের রসদ ও লজিস্টিক সহায়তা এই হামলায় তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততাই প্রমাণ করে।
যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের এই সামরিক আগ্রাসনের যেকোনো ভয়াবহ পরিণতির দায় অঞ্চলের ওই দেশগুলোকেই নিতে হবে বলে স্পষ্ট অভিযোগ তোলেন ইরানি মুখপাত্র।
পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে ইরানের চালানো পাল্টা হামলার যৌক্তিকতা তুলে ধরে বাঘাই জানান, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান কোনো প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানেনি। ইরানের এই অভিযান ছিল সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এতে কেবল যুক্তরাষ্ট্রের সেই সব সামরিক ঘাঁটি ও সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ চালানো হয়েছিল।
সূত্র: আল-জাজিরা

-6af98bfc2d710.jpg)