বন কর্মকর্তার সম্পদের পাহাড়, মিলল সোনা-রুপা ও রিসোর্ট-ভিলার খোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের মধ্যপ্রদেশে এক বন কর্মকর্তার বাসা ও কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা, রুপা, নগদ অর্থ এবং সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন সংস্থা লোকায়ুক্ত। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া সম্পদের মূল্য প্রায় ৭ কোটি ৬০ লাখ রুপি।
অভিযুক্ত কর্মকর্তা সঞ্জীব কুমার শর্মা সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। এ কাজে তার স্ত্রীসহ আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ পেয়েছে লোকায়ুক্ত।
অভিযোগের প্রাথমিক তদন্তে দেখা যায়, শর্মার সম্পদের পরিমাণ তার বৈধ আয়ের তুলনায় ২২৮ শতাংশ বেশি। পরে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়। আদালতের অনুমতি নিয়ে শুরু হয় তল্লাশি অভিযান।
লোকায়ুক্তের ভোপাল বিভাগের পৃথক দল পাচমাড়িতে শর্মার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়ারায় তার ব্যক্তিগত বাসভবনে অভিযান চালায়।
অভিযানে ২৬ লাখ ৩৬ হাজার ৮০০ রুপি নগদ অর্থ উদ্ধার করা হয়। এ ছাড়া পাওয়া যায় ২ দশমিক ৫২৮ কেজি সোনা, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ রুপি। উদ্ধার হওয়া রুপার পরিমাণ ১ দশমিক ৬৫৬ কেজি, যার মূল্য প্রায় ২ লাখ ৯৪ হাজার রুপি।
এ ছাড়া চারটি যানবাহনের সন্ধান পাওয়া গেছে। এগুলো হলো একটি স্করপিও, একটি মাহিন্দ্রা কিউভি, একটি রয়্যাল এনফিল্ড বুলেট মোটরসাইকেল ও একটি স্কুটার। যানবাহনগুলোর আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি। বাসায় প্রায় ৫০ লাখ রুপি মূল্যের আসবাব ও অন্যান্য গৃহস্থালি সামগ্রীরও সন্ধান মিলেছে।
তদন্তকারীরা শর্মার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুটি সম্পত্তির তথ্য পেয়েছেন। এর মধ্যে ‘ইকোটেল রিসোর্ট’-এর আনুমানিক মূল্য ২ কোটি রুপি এবং ‘সেরেনিটি দ্য ভিলা’র মূল্য প্রায় ১ কোটি রুপি।
অভিযানে জমি কেনাবেচাসংক্রান্ত ২৮টি নথিও উদ্ধার করা হয়েছে। তবে হোটেল ও রিসোর্টের আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি। ফলে উদ্ধার হওয়া সম্পদের মোট মূল্য আরও বাড়তে পারে।
লোকায়ুক্তের প্রাথমিক হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত শনাক্ত সম্পদের মূল্য শর্মার বৈধ আয়ের প্রায় ৫৬০ শতাংশ বেশি। তবে এ হিসাব চূড়ান্ত নয় বলে জানিয়েছে সংস্থাটি। জমির নথি যাচাই এবং হোটেল-রিসোর্টের মূল্যায়ন শেষ হলে সম্পদের প্রকৃত পরিমাণ জানা যাবে।
তল্লাশি অভিযান এখনো চলছে। প্রয়োজনে শর্মার সঙ্গে সংশ্লিষ্ট অন্য স্থানেও অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে লোকায়ুক্ত।

