Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রয়টার্সের প্রতিবেদন

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আটক ও বাংলাদেশে বিতাড়নের মুখে মুসলিমরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আটক ও বাংলাদেশে বিতাড়নের মুখে মুসলিমরা

ছবি: সংগৃহীত

Advertisement

গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হয়েছিলেন ৩৮ বছর বয়সি সাহিদা ফকির। যাওয়ার সময় ছোট ছেলেকে বলে গিয়েছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু সেই যাওয়াই কাল হলো। তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, স্বামী ও দুই সন্তানকে ছেড়ে তিনি এখন বসবাস করছেন বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে।

সাহিদা ফকির জানান, সাদা পোশাকের পুলিশ কর্মকর্তারা তাকে আটক করে মোবাইল ফোনটি কেড়ে নেন, যেখানে তার পরিচয়পত্রের কপি সংরক্ষিত ছিল। এরপর তাকে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের নথিপত্র অনুযায়ী, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন। এ বিষয়ে মুম্বাই পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশের সাতক্ষীরায় বসে বার্তা সংস্থা রয়টার্সকে সাহিদা ফকির বলেন, পেছন থেকে কেউ একজন আমার হাত চেপে ধরে গাড়িতে উঠতে নির্দেশ দেয়।

রয়টার্স এমন ১০টি পরিবারের সাক্ষাৎকার নিয়েছে, যাদের স্বজনরা ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক বা বিতাড়নের শিকার হয়েছেন। ভুক্তভোগী সবার কাছেই ভারতীয় পরিচয়পত্র বা পারিবারিক নথিপত্র ছিল এবং তাদের বাবা-মা ও ভাইবোনদের নাম এখনো ভোটার তালিকায় বহাল রয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কাউকে বিদেশি হিসেবে প্রমাণ না করলেও, ভারতে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটি অবৈধ অভিবাসী শনাক্ত ও বিতাড়ন অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে।

ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এই ভোটার তালিকা সংশোধনে দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। তথ্য-উপাত্ত বলছে, এই বাদ পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বিজেপির বিরুদ্ধে নিজেদের সুবিধামতো ভোটার তালিকা সাজানোর অভিযোগ উঠেছে। তবে দলটি বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

এই প্রক্রিয়ার সবচেয়ে বড় প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সবার ইনস্টিটিউট’-এর তথ্যমতে, নিবিড় পর্যালোচনার পর বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম, অথচ রাজ্যের মোট জনসংখ্যায় মুসলিমদের হার মাত্র ২৭ শতাংশ। ওই নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বিজেপি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ক্ষমতাসীনদের প্রতি জনগণের অসন্তোষের বিষয়টি অস্বীকার করার উপায় নেই, তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে।

ভোটার তালিকা ও বিতাড়ন

গত ৫ নভেম্বর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় এক নির্বাচনি সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং দেশ থেকে বের করে দেওয়ার বিষয়টিকে সরাসরি একসূত্রে গেঁথেছেন। তিনি বলেন, বিজেপির সংকল্প হলো আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেব এবং এরপর একে একে খুঁজে বের করে দেশ থেকে তাড়িয়ে দেব।

মূলত বাংলাভাষী মুসলিমদের ওপর চালানো এই ধরপাকড়ের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানে ভারত ভাগের সময় তৈরি সীমান্ত এই অঞ্চলটিকে দুই ভাগে বিভক্ত করে। সেই সময় এবং পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত অতিক্রম করে, যার ফলে বহু পরিবার সীমান্তের দুই পাড়েই ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এ কারণেই রাজ্যটিতে নাগরিকত্ব ও অভিবাসন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি।

আদালতে আইনি লড়াই

সাহিদা ফকির জানান, রাত ১টার দিকে কাঁটাতারবিহীন ও অরক্ষিত একটি সীমান্ত এলাকা দিয়ে তাকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হয়। কাদামাখা শরীরে কয়েক ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাকে কাঁদতে দেখে নিজের বাড়িতে আশ্রয় দেন।

অন্যদিকে মুম্বাই পুলিশ আদালতকে জানিয়েছে, সাহিদা ফকিরকে আসাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আদালতের নথি অনুযায়ী, ওই অভিযানে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে আরও ১৪৮ জনের সঙ্গে সাহিদা ফকিরকে ফেরত পাঠানো হয়।

সাহিদা ফকির আক্ষেপ করে বলেন, আমি এক মুহূর্তের জন্যও ভাবিনি যে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাড়ি, আমার দাদা-দাদি এবং আমার পুরো বংশের শিকড় ভারতেই প্রোথিত।

বর্তমানে সাহিদার স্বামী জুম্মান স্ত্রীকে ফিরিয়ে আনতে আদালতে আইনি লড়াই চালাচ্ছেন। আগস্ট মাসে সুপ্রিম কোর্টে করা এক আবেদনে তার পরিবার যুক্তি দেখিয়েছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকত্ব নির্ধারণের মাপকাঠি হতে পারে না এবং প্রশাসনের কোনো যাচাইহীন দাবির ভিত্তিতে কাউকে দেশছাড়া করা যায় না।

রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিপত্রে দেখা গেছে, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের নিবন্ধিত ভোটার ছিলেন। এমনকি সর্বশেষ সংশোধনীতে বাড়তি নথিপত্র ছাড়াই ভোটার থাকার মানদণ্ড হিসেবে ধরা ২০০২-০৩ সালের তালিকাতেও তাদের নাম ছিল। রয়টার্সের দেখা ভোটার আইডি কার্ড অনুযায়ী, সাহিদা নিজেও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন।

তবে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা একটি বাংলাদেশি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ বা বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হন। সাহিদা এই দাবি অস্বীকার করে বলেন, কর্মকর্তারা তার ফোন কেড়ে নিয়েছিলেন এবং ফোনে থাকা নথিপত্র দেখানোর কোনো সুযোগই তাকে দেননি। উল্লেখ্য, ভারতের আইনে নাগরিকদের সব সময় সঙ্গে পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক নয়।

‘তুমি একজন বাংলাদেশি’

কলকাতা হাইকোর্টে দায়ের করা আরেকটি আবেদনে বাসনপত্রের ফেরিওয়ালা নাসিরুদ্দিন শেখ ও আরও চারজন জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও তাদের আটক করা হয়েছিল।

নাসিরুদ্দিন শেখ জানান, বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকেসহ আরও ২২ জনকে আটক করে। সংশোধিত ভোটার তালিকায় নাম পাওয়ায় ১৪ দিন পর ১৯ জনকে ছেড়ে দেওয়া হলেও, তালিকায় নাম না থাকায় শেখ ও বাকি তিনজনকে ৩২ দিন আটকে রাখা হয়। শেখ বলেন, এক পুলিশ কর্মকর্তা আমাকে বলেছিলেন, ভোটার তালিকায় তোমার নাম নেই। তুমি একজন বাংলাদেশি।

আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাকে মুক্তি দেওয়া হয়। শেখ জানান, তাদের যে আটক কেন্দ্রে রাখা হয়েছিল সেখানে ৬০ জনের বেশি মানুষের থাকার মতো একটি বড় হলরুম ছিল। আটকের আগে সবার স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধন করা হয়। তিনি বলেন, এটি সব দিক থেকেই একটি জেলখানা ছিল, আমরা বাইরে যেতে পারতাম না।

পুলিশ ও সরকারি কৌঁসুলিরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটক শিবির বা ডিটেনশন ক্যাম্প নেই। তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য তৈরি একটি অস্থায়ী আটক কেন্দ্রে রয়টার্সের প্রতিবেদকরা ভেতরে কাপড় ঝুলতে এবং জানালা দিয়ে মানুষজনকে উঁকি দিতে দেখেছেন। কড়া নিরাপত্তাবেষ্টিত ওই চত্বরে একটি অ্যাম্বুলেন্স ও পুলিশের একটি ঢাকা ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ওই কেন্দ্রের বিপরীত দিকে বসবাসকারী মৌসুমী রায় জানান, দুই মাস আগে তিনি সেখানে বেশ কিছু মানুষকে নিয়ে আসতে দেখেছেন এবং বাইরে তাদের স্বজনদের কান্নাকাটি করতে দেখেছেন।

মানবাধিকার কর্মী কিরীটী রায় এ বিষয়ে বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা জমে আছে এবং মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছে। ট্রাইব্যুনালগুলোর কাজের গতি খুবই ধীর। যা ঘটছে তাতে আমরা পুরোপুরি হতাশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

শেখ হাসিনাকে কেন সামরিক বিমানেই ফিরিয়ে আনতে হবে?

শেখ হাসিনাকে কেন সামরিক বিমানেই ফিরিয়ে আনতে হবে?

ভারতে ব্রিটিশ রাজদম্পতি উইলিয়াম-কেট

ভারতে ব্রিটিশ রাজদম্পতি উইলিয়াম-কেট

পশ্চিমবঙ্গে পুলিশের ‘এনকাউন্টারে’ মুসলিম যুবক নিহত

পশ্চিমবঙ্গে পুলিশের ‘এনকাউন্টারে’ মুসলিম যুবক নিহত

পূজার আগে প্রসাদ খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে হত্যা

পূজার আগে প্রসাদ খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে হত্যা

কাগজে-কলমে দারিদ্র্য জয় করলেও ভারতের কোটি মানুষের পেটে ভাত নেই

আল-জাজিরার বিশ্লেষণ কাগজে-কলমে দারিদ্র্য জয় করলেও ভারতের কোটি মানুষের পেটে ভাত নেই

আরও পড়ুন

রয়টার্সের প্রতিবেদন ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আটক ও বাংলাদেশে বিতাড়নের মুখে মুসলিমরা

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আটক ও বাংলাদেশে বিতাড়নের মুখে মুসলিমরা

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম

এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম

কুয়েতে স্বর্ণের দামে ধস, দোকানে প্রবাসীদের উপচে পড়া ভিড়

কুয়েতে স্বর্ণের দামে ধস, দোকানে প্রবাসীদের উপচে পড়া ভিড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম