সীমান্তে কমছে বাণিজ্য-যাত্রী, শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা কেন্দ্র
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে ভারত-বাংলাদেশ সীমান্তের বাণিজ্য ও যাত্রী চলাচলে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বন্ধ রয়েছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র।
অন্যদিকে মালদার মহদিপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি এবং কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে কমেছে পণ্য আমদানি-রপ্তানি ও মানুষের যাতায়াত। এতে উদ্বেগ বাড়ছে দুই দেশের ব্যবসায়ী, পরিবহনকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে।
মঙ্গলবার শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় গিয়ে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রটি বন্ধ পাওয়া যায়।
উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বহু মানুষ বাংলাদেশে যাওয়ার ভিসার আবেদন ও প্রয়োজনীয় তথ্যের জন্য এই কেন্দ্রে আসেন। কেন্দ্রটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা। পাশাপাশি ফুলবাড়ী সীমান্ত দিয়ে দুই দেশের বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সূত্রের খবর, শিলিগুড়ি ও কলকাতায় বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার নতুন করে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন করেনি।
গত ১৭ নভেম্বর বাংলাদেশ উপহাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে ১ ডিসেম্বর থেকে কেন্দ্র দুটিকে নতুন ভিসার আবেদন গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেন্দ্র বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ফুলবাড়ী সীমান্তের রপ্তানিকারক ও আমদানিকারক সমিতির সভাপতি জামির বাদশা বলেন, ভিসা পরিষেবা দীর্ঘদিন বন্ধ থাকলে সীমান্ত বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। আগে এই সীমান্ত দিয়ে মূলত পাথর রপ্তানি হতো। পরে ব্যবসায়ীদের উদ্যোগে টমেটো, ভুট্টা, পেঁয়াজ ও চাল রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। ভারত ও ভুটান থেকে বিপুল পরিমাণ পাথর বাংলাদেশে যায়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে কাপড় আমদানি হয়। এই বাণিজ্যের সঙ্গে দুই দেশের বহু ব্যবসায়ী ও পরিবহনকর্মীর জীবিকা জড়িত।
এদিকে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তেও কমেছে যাত্রী চলাচল। সংশ্লিষ্ট সূত্রের হিসাবে, আগে এই সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ জন যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে তা কমে প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে।
ঢাকা থেকে বুড়িমারী পর্যন্ত বাস চলাচলও কমেছে। গত ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চার মাসে এই সীমান্ত দিয়ে ৩০ হাজারের বেশি মানুষ যাতায়াত করেছিলেন। যাত্রী কমে যাওয়ায় সীমান্তের দুই পাশে হোটেল, খাবারের দোকান ও পরিবহন ব্যবসায় প্রভাব পড়েছে।
মালদার মহদিপুর সীমান্তে রপ্তানি কার্যক্রম আপাতত স্বাভাবিক রয়েছে। তবে বাংলাদেশে ট্রাক নিয়ে গেলে হয়রানি কিংবা হামলার শিকার হতে পারেন, এমন আশঙ্কায় আতঙ্কিত ভারতীয় ট্রাকের মালিক ও চালকরা। মহদিপুর রপ্তানিকারক সমিতির সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, সীমান্তে বিএসএফের কড়া নজরদারি রয়েছে। তা সত্ত্বেও চালক ও খালাসিদের মধ্যে উদ্বেগ কাটেনি।
অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরেও কমেছে রপ্তানি। আগে প্রতিদিন ৬০ থেকে ৭৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও সোমবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫টিতে।
হিলি রপ্তানিকারক ও শুল্ক ছাড়করণ প্রতিনিধি সমিতির সম্পাদক বিকাশ মণ্ডল বলেন, পরিস্থিতির আরও অবনতি হলে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হতে পারে। সে ক্ষেত্রে রপ্তানি করা পণ্যের মূল্য আদায় নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে।
সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ছে সীমান্তের অর্থনীতি, পর্যটন ও স্বাভাবিক যাতায়াতে। ভিসা পরিষেবায় বিঘ্ন, যাত্রী কমে যাওয়া এবং পণ্য পরিবহনে ধীরগতির কারণে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট মহলে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সীমান্তনির্ভর ব্যবসা ও জীবিকায় আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

