Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

একটি চিরুনির জন্য যেভাবে পতন হয়েছিল খ্যাতিমান রাজবংশের

Icon

বিবিসি বাংলা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

একটি চিরুনির জন্য যেভাবে পতন হয়েছিল খ্যাতিমান রাজবংশের

Advertisement

একটি রত্নখচিত চিরুনি। সেটি নিয়ে রাজকন্যার আবদার। আর সেই আবদার পূরণ করতে গিয়ে এক ধনী ব্যক্তির পরিবারের ওপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। 

অপমানের প্রতিশোধ নিতে ওই ব্যক্তি এমন এক পদক্ষেপ নেন, যার পরিণতিতে ধ্বংস হয়ে যায় ভারতের পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ নগরী। অবসান ঘটে কয়েক শতাব্দী ধরে শাসন করা এক প্রভাবশালী রাজবংশের।

ঘটনাটি গুজরাটের প্রাচীন নগরী ভাল্লভীপুরের। একসময় যে নগরী ছিল সম্পদ, শিক্ষা, বাণিজ্য ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র, সেই নগরীর পতন ঘিরে ইতিহাসে প্রচলিত রয়েছে চমকপ্রদ এক কাহিনি। আর সেই কাহিনির কেন্দ্রে রয়েছে একটি চিরুনি।

গুজরাটের ইতিহাসে মৌর্য যুগের উল্লেখ পাওয়া গেলেও এর বিস্তৃত ও প্রমাণভিত্তিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ভাল্লভীপুরকে কেন্দ্র করে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর খ্রিস্টীয় ৪৭০ সালে এ অঞ্চলে প্রতিষ্ঠিত হয় মৈত্রক রাজবংশ। প্রায় ৩১৮ বছর, অর্থাৎ ৭৮৮ সাল পর্যন্ত তারা গুজরাটের বিস্তীর্ণ অঞ্চলে শাসন করে।

ড. হরিপ্রসাদ গঙ্গাধর শাস্ত্রী তার ‘গুজরাটের ইতিহাস—প্রাচীন যুগ’ গ্রন্থে উল্লেখ করেছেন, গুজরাটের প্রাচীন ইতিহাসে মৈত্রকদের শাসনকাল ছিল দ্বিতীয় দীর্ঘতম। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সেনাপতি ভট্টার্ক। তার হাত ধরেই গুজরাটে একটি স্বাধীন রাজশক্তির উত্থান ঘটে।

তবে কীভাবে একজন সেনাপতি স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা হয়ে উঠলেন, সেই ইতিহাসের সব তথ্য পাওয়া যায় না। মৈত্রকদের উত্থান, ভাল্লভীর সমৃদ্ধি এবং শেষ পর্যন্ত রাজবংশটির পতন নিয়ে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে নানা বিবরণ রয়েছে। এর মধ্যে চিরুনিকে কেন্দ্র করে প্রচলিত কাহিনিটি বিশেষভাবে আলোচিত।

মৈত্রক রাজবংশের উত্থান

ড. হরিপ্রসাদ গঙ্গাধর শাস্ত্রীর বর্ণনা অনুযায়ী, সম্রাট স্কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের শক্তি দুর্বল হতে থাকে। দূরবর্তী প্রদেশগুলো একে একে স্বাধীনতা অর্জনের চেষ্টা করে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে সেনাপতি ভট্টার্ক ভাল্লভীতে নিজের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।

‘গুজরাটের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস: খণ্ড-৩, মৈত্রক ও উত্তর-মৈত্রক যুগ’ গ্রন্থের লেখক রসিকলাল ছো. পারিখ লিখেছেন, ভট্টার্ক কীভাবে ক্ষমতা দখল করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য নেই। তবে তার প্রশস্তিতে শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে একাধিক আক্রমণ মোকাবিলা করে খ্যাতি অর্জনের কথা উল্লেখ রয়েছে। এতে ধারণা করা যায়, ক্ষমতা প্রতিষ্ঠার জন্য তাকে তৎকালীন শাসকদের বিরুদ্ধে কঠিন সংগ্রাম করতে হয়েছিল।

ভট্টার্ককে সেনাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই ইতিহাসবিদদের ধারণা, স্বাধীন শাসক হওয়ার আগে তিনি কোনো একটি রাষ্ট্রের সেনাপতি ছিলেন। সম্ভবত গুপ্ত সাম্রাজ্যের সৌরাষ্ট্র প্রদেশের দায়িত্বেও ছিলেন তিনি। পরে সৌরাষ্ট্রের ভাল্লভীপুরকে কেন্দ্র করে নিজের শাসন প্রতিষ্ঠা করেন।

তার শাসনাধীন অঞ্চল শুধু সৌরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কচ্ছ, উত্তর গুজরাট ও মধ্য গুজরাটের বিস্তীর্ণ এলাকাও তার নিয়ন্ত্রণে আসে। পরবর্তী সময়ে মৈত্রক রাজবংশের শাসকেরা পশ্চিম মালব অঞ্চলেও নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন।

ভট্টার্ক থেকে শুরু করে শীলাদিত্য পর্যন্ত এ বংশে একাধিক খ্যাতিমান শাসকের আবির্ভাব ঘটে। তাদের শাসনামলে ভাল্লভীর পরিচিতি ছড়িয়ে পড়ে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও।

ড. শাস্ত্রীর মতে, মৈত্রক ও উত্তর-মৈত্রক আমলে গুজরাট হয়তো পরবর্তী সোলঙ্কি যুগের মতো সমৃদ্ধির শিখরে পৌঁছায়নি। তবে বহিরাগত শাসনের অবসান ঘটিয়ে স্থানীয় রাজবংশের স্বাধীন শাসন প্রতিষ্ঠা ছিল বড় অর্জন।

রসিকলাল ছো. পারিখও মৈত্রকদের উত্থানকে গুজরাটের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, বহিরাগত শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে মৈত্রকেরা স্বাধীন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে সৌরাষ্ট্র, কচ্ছ, উত্তর ও মধ্য গুজরাট এবং পশ্চিম মালবে তাদের কর্তৃত্ব বিস্তৃত হয়। কয়েক শতাব্দী ধরে এই শাসন টিকে ছিল।

মৈত্রক শাসকেরা শুধু সামরিক ও রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করেননি, গড়ে তুলেছিলেন সুসংগঠিত প্রশাসনও। ধর্ম, শিক্ষা, সাহিত্য, শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগের বিকাশে তারা পৃষ্ঠপোষকতা করেন। ফলে তাদের শাসনামলে গুজরাটের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনেও উল্লেখযোগ্য সমৃদ্ধি আসে।

বাণিজ্য ও শিক্ষার প্রাণকেন্দ্র ভাল্লভী

মৈত্রক রাজবংশের রাজধানী ছিল ভাল্লভীপুর। গিরিনগরের পর এই নগরী গুজরাটের অন্যতম প্রধান রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়। শুধু প্রশাসনিক গুরুত্ব নয়, অর্থনৈতিক সমৃদ্ধি, বাণিজ্য এবং শিক্ষার জন্যও এর খ্যাতি ছিল।

খ্রিস্টীয় ৬৪০ সালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভাল্লভীপুর ভ্রমণ করেন। তার ভ্রমণবৃত্তান্তে নগরীটির বিস্তৃতি, জনসংখ্যা, সম্পদ ও সামাজিক জীবনের বিস্তারিত বিবরণ পাওয়া যায়।

‘সৌরাষ্ট্রের ইতিহাস’ গ্রন্থের লেখক শম্ভুপ্রসাদ দেশাই হিউয়েন সাংয়ের বিবরণ উদ্ধৃত করে লিখেছেন, ভাল্লভী রাষ্ট্রের সীমানা ছিল ৬ হাজার লি, যা প্রায় ১ হাজার ২০০ মাইলের সমান। রাজধানীটির বিস্তৃতি ছিল প্রায় ছয় মাইল। ভূমির প্রকৃতি, জলবায়ু, পানির অবস্থা এবং মানুষের জীবনযাপন মালব অঞ্চলের মতো ছিল।

নগরীটির জনসংখ্যা ছিল বিপুল। সেখানকার অধিকাংশ পরিবারই ছিল সম্পদশালী। দশ লক্ষেরও বেশি সম্পদের মালিক এমন শত শত পরিবার সেখানে বসবাস করত। দূরবর্তী দেশ থেকে আনা নানা ধরনের দুর্লভ পণ্যও পাওয়া যেত নগরীর বাজারে।

‘গুজরাটের সাংস্কৃতিক ইতিহাস’ গ্রন্থে রজনীকুমার পান্ডিয়া লিখেছেন, হিউয়েন সাংয়ের বিবরণ থেকে ভাল্লভীকে একটি বড় বাণিজ্যকেন্দ্র হিসেবে চিহ্নিত করা যায়। সেখানে প্রায় একশ পরিবার কোটিপতি ছিল। মৈত্রক শাসনামলে নগরীটি বৌদ্ধধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করে।

চীনা পরিব্রাজক ইৎসিংয়ের বিবরণেও ভাল্লভীর গুরুত্ব উঠে এসেছে। তার মতে, ভারতের দুটি প্রধান বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের একটি ছিল পূর্বাঞ্চলের নালন্দা, অন্যটি পশ্চিমাঞ্চলের ভাল্লভী।

প্রফেসর মাওলানা সৈয়দ আবু জাফর নাদভি তার ‘গুজরাটের ইতিহাস—আর্যদের আগমন থেকে মুসলিম আক্রমণ পর্যন্ত’ গ্রন্থে হিউয়েন সাংয়ের বিবরণ তুলে ধরে লিখেছেন, ভাল্লভীর জনসংখ্যা ছিল বিপুল। সেখানে অসংখ্য অভিজাত পরিবার, বিদ্যালয়, বৌদ্ধবিহার ও মন্দির ছিল। নগরীটির জনসংখ্যা কয়েক লাখ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়।

নাদভির বর্ণনা অনুযায়ী, দূরবর্তী বিভিন্ন অঞ্চল থেকে মূল্যবান সম্পদ এনে ভাল্লভীতে সংরক্ষণ করা হতো। দিউ, খামভাত, ভরুচ, সেমুর, সোপারা ও থানে ছিল এ অঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর। এসব বন্দর দিয়ে আসা পণ্য ও সম্পদ নগরীটির বাণিজ্যিক সমৃদ্ধিতে ভূমিকা রাখত।

তিনি আরও লিখেছেন, হূণদের সময় থেকেই ভাল্লভীর সম্পদের কথা বিভিন্ন বিবরণে পাওয়া যায়। পরবর্তী সময়ে আরব পর্যটকেরাও নগরীটির বিপুল ঐশ্বর্য ও বাণিজ্যিক গুরুত্বের কথা উল্লেখ করেছেন। শতাধিক কোটিপতি পরিবারের বসবাস ছিল সেখানে।

অর্থাৎ একসময় ভাল্লভী ছিল এমন এক নগরী, যেখানে শিক্ষা, ধর্মীয় চর্চা, আন্তর্জাতিক বাণিজ্য ও বিপুল সম্পদের সমন্বয় ঘটেছিল। কিন্তু এমন সমৃদ্ধ নগরীর পতন কীভাবে ঘটল, তা নিয়েই ইতিহাসে রয়েছে নানা মত ও কিংবদন্তি।

চিরুনিকে কেন্দ্র করে রাজপরিবারের সঙ্গে বিরোধ

প্রফেসর মাওলানা সৈয়দ আবু জাফর নাদভি তার গ্রন্থে লিখেছেন, আড়াই শতাব্দীরও বেশি সময় ধরে সমৃদ্ধির সঙ্গে টিকে থাকা ভাল্লভী কীভাবে ধ্বংসের মুখে পড়েছিল, তা সহজে ব্যাখ্যা করা যায় না। এ নিয়ে ইতিহাসে একাধিক কাহিনি প্রচলিত রয়েছে।

এর মধ্যে সবচেয়ে আলোচিত কাহিনিটি এক ধনী ব্যক্তি কাকুকে ঘিরে। ভাল্লভীপুরে তার ছিল বিপুল সম্পদ এবং নগরীর অনেক বড় বড় অট্টালিকার মালিক ছিলেন তিনি।

কাকুর মেয়ের কাছে ছিল হীরাখচিত একটি চিরুনি। একদিন রাজকন্যার নজরে পড়ে সেটি। চিরুনিটি পছন্দ হওয়ায় তিনি সেটি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু কাকুর মেয়ে রাজকন্যাকে চিরুনিটি দিতে রাজি হননি।

এতে ক্ষুব্ধ হন রাজকন্যা। তিনি বিষয়টি বাবাকে জানান। রাজাও কাকুর কাছে চিরুনিটি চেয়ে পাঠান। কিন্তু রাজকন্যার মতো রাজাকেও ফিরিয়ে দেন কাকু। তার মেয়ে চিরুনিটি দিতে অস্বীকৃতি জানানোয় রাজা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

কিংবদন্তি অনুযায়ী, এরপর রাজা সৈন্যদের কাকুর মেয়েকে ধর্ষণের নির্দেশ দেন। রাজপরিবারের এমন নিষ্ঠুর আচরণে অপমানিত হন কাকু। তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।

এরপর বিপুল অর্থ ব্যয় করে বিদেশি একটি সেনাবাহিনীকে ভাল্লভী আক্রমণের জন্য নিয়ে আসেন তিনি। সেই বাহিনী নগরীতে হামলা চালায়, ব্যাপক লুটপাট করে এবং শেষ পর্যন্ত রাজাকে পরাজিত করে। এভাবেই একটি চিরুনিকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের পরিণতি হয় একটি সমৃদ্ধ নগরীর ধ্বংস।

তবে একই ঘটনা নিয়ে ড. হরিপ্রসাদ গঙ্গাধর শাস্ত্রীর বর্ণনায় কিছু পার্থক্য রয়েছে। তিনি লিখেছেন, ভাল্লভীর ধ্বংসের বিষয়ে জৈন গ্রন্থগুলোতে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। এসব লোককাহিনি অনুযায়ী, ভাল্লভীর রাজা শীলাদিত্য নগরীর অত্যন্ত সম্মানিত এক নারী কাকুর মেয়ের কাছ থেকে রত্নখচিত সোনার অলঙ্কার ছিনিয়ে নেন এবং তার সম্মানহানি করেন।

এর প্রতিশোধ নিতে ওই নারী ম্লেচ্ছ অঞ্চলে যান। সেখানে ম্লেচ্ছদের নেতার দাবি করা অর্থ দিয়ে ভাল্লভীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ব্যবস্থা করেন।

শীলাদিত্যের অলৌকিক ঘোড়া ও আরব বাহিনীর আক্রমণ

কাহিনির আরেকটি অংশে রাজা শীলাদিত্যের একটি অলৌকিক ঘোড়ার কথা বলা হয়েছে। বলা হয়, রাজা এই ঘোড়ায় চড়ে যুদ্ধে যেতেন এবং প্রতিটি যুদ্ধে জয়ী হতেন। ঘোড়াটির বিশেষ ক্ষমতা ছিল আকাশে উড়ে যাওয়ার।

জৈন গ্রন্থের বর্ণনা অনুযায়ী, ম্লেচ্ছ বাহিনী ভাল্লভীপুরে পৌঁছালে কাকুর কৌশলে রাজা শীলাদিত্যের সেই অলৌকিক ঘোড়া আকাশে উড়ে যায়। এতে রাজা দিশেহারা হয়ে পড়েন। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি নিহত হন এবং আক্রমণকারীরা ভাল্লভী নগরী ধ্বংস করে।

ড. শাস্ত্রীর উল্লেখ অনুযায়ী, ঘটনাটি বিক্রম সংবৎ ৮৪৫ সালে ঘটে, যা খ্রিস্টীয় ৭৮৮-৭৮৯ সালের সমসাময়িক।

‘সৌরাষ্ট্রের ইতিহাস’ গ্রন্থে শীলাদিত্যের সূর্য কুণ্ড নিয়েও আরেকটি কাহিনি রয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো দুর্যোগ বা যুদ্ধের সময় সূর্য কুণ্ড থেকে সূর্যের ঘোড়া বেরিয়ে আসত। শীলাদিত্য সেই ঘোড়ায় চড়ে যুদ্ধে যেতেন এবং বিজয়ী হয়ে ফিরতেন।

কাকু এই গোপন তথ্য আরবদের জানিয়ে দেন। এরপর তারা গরু হত্যা করে সেই কুণ্ডে নিক্ষেপ করে। এর ফলে ঘোড়াটি আর কুণ্ড থেকে বের হয়নি। বরং আকাশে উড়ে যায় এবং শীলাদিত্য মরুভূমিতে ঘুরে বেড়াতে থাকেন।

গ্রন্থের বিবরণ অনুযায়ী, আকস্মিক আক্রমণে ভাল্লভীপুরের বাসিন্দা ও সৈন্যরা আতঙ্কিত হয়ে পড়েন। যুদ্ধ কতটা ভয়াবহ ছিল কিংবা কত দিন ধরে চলেছিল, সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে খলিফার সেনাপতি আমর বিন জামালের বাহিনী যুদ্ধে শীলাদিত্যকে হত্যা করে। এর মধ্য দিয়ে ভাল্লভী সাম্রাজ্যের পতন ঘটে।

আরব লেখক আল-বিরুনির বিবরণ থেকেও এ ঘটনার একটি সূত্র পাওয়া যায়। তার বর্ণনা অনুযায়ী, জৈন গ্রন্থে উল্লেখ করা ‘ম্লেচ্ছদের নেতা’ ছিলেন আল-মানসুরার শাসক। অর্থাৎ তিনি সিন্ধু অঞ্চলের আরব গভর্নর ছিলেন।

জৈন নথির বিবরণ অনুযায়ী, রাজা শীলাদিত্য ও রাজধানী ভাল্লভী ধ্বংস করার পর আরব বাহিনী সেখান থেকে চলে যায়। তবে এই আক্রমণের পর মৈত্রক রাজবংশের রাজনৈতিক ক্ষমতারও সম্পূর্ণ অবসান ঘটে।

ইতিহাস, কিংবদন্তি নাকি স্বৈরশাসনের পরিণতি?

ভাল্লভীর পতন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একক কোনো মত নেই। জৈন ধর্মগ্রন্থসহ বিভিন্ন ঐতিহাসিক নথিতে নগরীটির ধ্বংসের একাধিক বিবরণ পাওয়া যায়। কোনো কোনো বর্ণনায় চিরুনিকে কেন্দ্র করে রাজপরিবারের সঙ্গে বিরোধের কথা বলা হয়েছে। অন্য বর্ণনায় রয়েছে রত্নখচিত অলঙ্কার ছিনিয়ে নেওয়া, নারীর সম্মানহানি এবং প্রতিশোধের কাহিনি।

এসব কাহিনির কোনটি সম্পূর্ণ নির্ভুল, তা নিশ্চিতভাবে বলা কঠিন। একইভাবে অলৌকিক ঘোড়া কিংবা সূর্য কুণ্ডের ঘটনাগুলোর ঐতিহাসিক সত্যতাও প্রতিষ্ঠিত নয়।

তবে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে রঙ্গা কাকুকে ঘিরে একটি কাহিনি কিংবা তার কাছাকাছি বর্ণনা পাওয়া যায়। এসব বর্ণনায় শেষ রাজা শীলাদিত্যের স্বৈরাচারী আচরণকেও মৈত্রক রাজবংশের করুণ পরিণতির অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।

যে ভাল্লভী একসময় শিক্ষা, সম্পদ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পরিচিত ছিল, কয়েক শতাব্দীর ব্যবধানে সেই নগরীই হারিয়ে যায় ইতিহাসের পাতা থেকে। আর তার পতনের সঙ্গে জড়িয়ে থাকে এক রত্নখচিত চিরুনির কাহিনি, যা আজও ইতিহাসের অন্যতম বিস্ময়কর কিংবদন্তি হিসেবে আলোচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর

মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর

শেখ হাসিনা এখন ভারতের কোথায় আছেন?

শেখ হাসিনা এখন ভারতের কোথায় আছেন?

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ

বেড়েই চলেছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা, কোনোভাবেই থামাতে পারছে না ভারত!

বেড়েই চলেছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা, কোনোভাবেই থামাতে পারছে না ভারত!

আমন্ত্রণের তোড়জোড় পাকিস্তানের, ইসলামাবাদ যাচ্ছেন মোদি?

আমন্ত্রণের তোড়জোড় পাকিস্তানের, ইসলামাবাদ যাচ্ছেন মোদি?

ভারতে দুই বাবার লড়াই, নেপথ্যে কী?

ভারতে দুই বাবার লড়াই, নেপথ্যে কী?

আরও পড়ুন

একটি চিরুনির জন্য যেভাবে পতন হয়েছিল খ্যাতিমান রাজবংশের

একটি চিরুনির জন্য যেভাবে পতন হয়েছিল খ্যাতিমান রাজবংশের

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

বিবিসির প্রতিবেদন ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম