ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসে তিনি দেশে ফিরতে চান। এজন্য তিনি রাষ্ট্রীয় বিমান চেয়েছেন। তার দেশে ফেরার ঘোষণায় দেশে অরাজকতা সৃষ্টি করে তার দলের কর্মীরা।গোপালগঞ্জসহ দেশের বহু স্থানে ভাঙচুর, হামলা চালায় তারা।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারকে বলে আসছে ঢাকা। তবে সেই আহ্বান কার্যত ঝুলিয়ে রেখেছে নয়াদিল্লি।
শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িয়ে পড়েছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। হাসিনার দেশে ফেরা নিয়ে বেশ জটিলতাও রয়েছে। এমন পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এরপর তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার বর্তমান অবস্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন ভারতের গণমাধ্যম এনডিটিভি।
সেখানে বলা হয়েছে—ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার দিল্লির একটি নিরাপত্তাবেষ্টিত বাসভবনে রয়েছেন। তবে তার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে উত্তর প্রদেশের হিনডন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা।
ওই বছরের অক্টোবরে এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, তিনি দিল্লির লুটিয়েন্স বাংলো জোনে সরকারের দেওয়া একটি বাংলোতে অবস্থান করছেন। নয়াদিল্লির এই এলাকাটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত। সেখানে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।
শেখ হাসিনার নিরাপত্তায়ও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার জন্য সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা তার বাসভবনে নজরদারি করেন।
ভারতে অবস্থানকালে সাক্ষাৎকার ও বিবৃতি দিয়ে তিনি বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন।
ভারতের সংবাদমাধ্যমগুলোর মধ্যে এনডিটিভি প্রথম দিকেই শেখ হাসিনার একটি একান্ত সাক্ষাৎকার নেয়। চলতি বছরের জুনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বছরই বাংলাদেশে ফিরবেন। এ সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগ শুধু একটি সংগঠন নয়, বরং একটি শক্তি।
এর কয়েক মাস পর, ২০২৬ সালের সেপ্টেম্বরে এনডিটিভিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। ফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা পালনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
এ ছাড়া ২০২৬ সালের আগস্টে নয়াদিল্লিতে সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও লিংকের মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

