বেড়েই চলেছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা, কোনোভাবেই থামাতে পারছে না ভারত!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানি সেলিব্রেটিরা কেবল পাকিস্তানেই নয়, বরং ভারতেও সমানতালে জনপ্রিয়। কয়েক দশক ধরে বহু পাকিস্তানি তারকা ভারতে বিশাল ভক্তগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছেন। এসব পাকিস্তানি তারকা তাদের কণ্ঠ ও অভিনয় দিয়ে ভারতের দর্শকদের হৃদয়ে নিজেদের শক্ত স্থান করে নিয়েছেন এবং দিন দিন সেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে।
ভারতীয়দের মধ্যে পাকিস্তানি সিরিয়ালের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। এর শুরুটা আশির দশকের দিকে। যখন পাকিস্তানের টিভি চ্যানেলে প্রচারিত স্টেজ ড্রামা গোগ্রাসে গিলতেন ভারতীয়রা। এরপর পাকিস্তানি টিভি চ্যানেলে আসক্তি বৃদ্ধি পায় তাদের।
বর্তমান সময় ভারতের উঠতি প্রজন্ম বা জেন-জিদের মধ্যেও পাকিস্তানি টিভি এবং ইউটিউব কনটেন্টের জনপ্রিয়তা তরতরিয়ে বাড়ছে। এমনকি উর্দু ভাষায় আসক্ত হচ্ছে ভারতের জেন-জি প্রজন্ম।
তবে ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ জন পর্যটক ও এক স্থানীয় কাশ্মীরি নিহত হওয়ার পর ভারতজুড়ে তীব্র পাকিস্তানবিরোধী মনোভাব ছড়িয়ে পড়ে এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক অনেকটা ছিন্ন হয়ে যায়। ভারত ও পাকিস্তানের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ভারতে পাকিস্তানি শিল্পী ও তাদের কাজ নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অ্যাকাউন্ট বয়কটের ডাক ওঠে।
তবে এতকিছুর পরও ভারতে পাকিস্তানি নাটক ও সিরিজের জনপ্রিয়তার জোয়ার থামাতে পারছে না। বিধিনিষেধ আর প্রতিবাদের দেয়াল টপকে সীমান্তের ওপারের এসব কনটেন্ট দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে, আর তা নিয়েই নতুন করে তোলপাড় শুরু হয়েছে ভারতে।
সম্প্রতি পাকিস্তানি দুটি নাটক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পুরোনো ক্ষোভ যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। একদিকে নেটফ্লিক্সের সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ নিয়ে যেমন বিতর্ক দানা বাঁধছে, অন্যদিকে পাকিস্তানের এআরওয়াই ডিজিটালের জনপ্রিয় নাটক ‘দার-ই-নিজাত’-এর ভক্তদের আয়োজনে অনুষ্ঠিত একটি পেইড ‘ওয়াচ পার্টি’ নিয়ে রীতিমতো উন্মাদনা ও সমালোচনার ঝড় বয়ে গেছে।
নিষেধাজ্ঞার মুখেও নেটফ্লিক্স সিরিজ নিয়ে আলোচনা
আহাদ রাজা মীর, ইকরা আজিজ, ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমির, হামজা আলী আব্বাসী, মায়া আলী, বিলাল আশরাফ ও খুশহাল খানের মতো পাকিস্তানের প্রথম সারির তারকাদের নিয়ে তৈরি পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’। এর পোস্টার প্রকাশের পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। পোস্টারগুলোতে জানানো হয়েছে, ২০২৬ সালের ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভারতে পাকিস্তানি অনুষ্ঠানের ওপর বিদ্যমান বিধিনিষেধ এবং দেশটিতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের ওপর আইনি নিষেধাজ্ঞাকে কেন্দ্র করেই এ ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিরিজটি ভারতে মুক্তি পাবে কিনা, সে বিষয়ে নেটফ্লিক্স এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে নেটফ্লিক্স মেনা, নেটফ্লিক্স ইউকে এবং নেটফ্লিক্স গোল্ডেন থেকে এর মূল পোস্টার ও চরিত্রগুলোর পরিচিতি প্রকাশ করা হয়েছে।
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) এক বিবৃতি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশটিতে সিরিজটির স্ট্রিমিং সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। পহেলগাম হামলার পরপরই ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা একটি নির্দেশনার কথা উল্লেখ করেছে তারা—যেখানে ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তান থেকে আসা সব ধরনের কনটেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এবং তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতে পাকিস্তানি কনটেন্ট চলতে দেওয়া উচিত নয়। তাদের কাজের প্রতি আমার কোনো ঘৃণা নেই, কিন্তু এর সঙ্গে অর্থনীতির বিষয় জড়িত। কোনোভাবেই ভারতীয় দর্শকদের কাছ থেকে তাদের ইন্ডাস্ট্রিকে আয় করতে দেওয়া যাবে না। একইভাবে পাকিস্তানের সঙ্গে নিয়মিত এশিয়া কাপের ম্যাচ খেলাও বন্ধ করুন।
পহেলগাম হামলার পাল্টা জবাব হিসেবে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের জনপ্রিয় পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খানসহ কয়েকজনের বিরুদ্ধে ভারতবিরোধী মন্তব্য করার অভিযোগ উঠায় সিরিজটির প্রচারণারও তীব্র নিন্দা জানানো হচ্ছে। ফাওয়াদ খান ভারতের ওই হামলাকে ‘লজ্জাজনক’ বলেছিলেন এবং মাহিরা খান একে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছিলেন।
তবে এত বিরোধিতা ও বয়কটের ডাকের মাঝেও সিরিজটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাবে বলে মনে করছেন অনেক ভারতীয়। তাদের প্রশ্ন- বয়কট করে কী লাভ হবে? মানুষ তো ঠিকই দেখবে!
দিল্লির ক্যাফেতে ‘দার-ই-নিজাত’-এর প্রদর্শনী ভাইরাল
নিষেধাজ্ঞার কড়াকড়ির মধ্যেই যে পাকিস্তানি নাটকের প্রতি ভারতীয় দর্শকদের টান কমেনি, তারই যেন প্রমাণ মিলেছে শেহরিয়ার মুনাওয়ার, দুরেফিশান সেলিম ও নামির নাওয়াজ খান অভিনীত ‘দার-ই-নিজাত’ নাটককে ঘিরে।
সিরিজটি পাকিস্তানের এআরওয়াই ডিজিটালে প্রচারিত হয়েছে এবং ইউটিউবেও পাওয়া যাচ্ছে। ভারতে পাকিস্তানি কনটেন্টের ওপর বিধিনিষেধ থাকা সত্ত্বেও ভারতীয় দর্শকেরা যে ইউটিউবে নিয়মিত এটি দেখছেন, তা নিয়েই শুরু হয় আলোচনা। দিল্লির একটি ক্যাফেতে ভক্তদের আয়োজনে নাটকটির একটি পেইড ‘ওয়াচ পার্টি’ হওয়ায় মানতে পারছেন না অনেক ভারতীয়।
একদিকে যেমন এ আয়োজন নিয়ে তীব্র সমালোচনা হয়েছে, অন্যদিকে নাটকটির জনপ্রিয়তা ও দর্শক উন্মাদনাও চোখে পড়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, ‘দিল্লিতে স্ক্রিনিং হচ্ছে... উন্মাদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। #DarENijaat।’
অন্যদিকে সমালোচকদের সুর ছিল বেশ চড়া। এক ব্যবহারকারী লিখেছেন, ‘তাহলে দিল্লিতে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর ফ্যান মিটআপ হয়ে গেল। সেখানে মূলত মেয়েরাই অংশ নিয়েছে, যাদের বেশির ভাগই মুসলিম, তবে আমি নিশ্চিত হিন্দু মেয়েরাও ছিল। এটা কি লাভ জিহাদের আখড়া নয়? ভারতে আমরা এসব কেন হতে দিচ্ছি?’
আরেকজন মন্তব্য করেছেন, ‘ভারতের মানুষ সবকিছু খুব সহজে ভুলে যায়। এই দেশটিই বহু হামলার জন্য দায়ী, অথচ আমরা সবকিছু এড়িয়ে যাই। মানুষ পাকিস্তানের সফট পাওয়ার দেখছে এবং সমর্থন করছে—এটা আমি বিশ্বাসই করতে পারছি না।’
অন্য একটি মন্তব্যে লেখা হয়েছে, ‘আমাদের জন্য লজ্জা। ওদের দেশ আমাদের দেশের সঙ্গে কী করে চলেছে এবং ওদের দেশের তারকারা কীভাবে আমাদের দেশকে কাপুরুষ বলেছে, তা মানুষ কীভাবে ভুলে যায়? এমন ভিডিও ও ছবি দেখলে আমার হৃদয় ভেঙে যায়।’ আরেকটি মন্তব্যে বলা হয়, ‘ভারতে পাকিস্তানি সবকিছু নিষিদ্ধ করা হোক।’
নেটফ্লিক্সের সিরিজটির ভারতে সম্ভাব্য মুক্তি কিংবা দিল্লির ক্যাফেতে ‘দার-ই-নিজাত’-এর প্রদর্শনী—যেখানে পরিচালক সাকিব খানের সঙ্গে একটি ভার্চ্যুয়াল প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে—এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে এই ঘটনাগুলো প্রমাণ করে, দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা ও রাষ্ট্রীয় বিধিনিষেধ সত্ত্বেও ভারতে পাকিস্তানি কনটেন্টের প্রতি দর্শকদের অনুরাগ এখনো বেশ শক্তিশালী। সীমাবদ্ধতা এড়িয়ে দর্শকদের এসব অনুষ্ঠান দেখার প্রবণতা এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভাজন পেরিয়ে পছন্দের বিনোদন বেছে নেওয়ার বাস্তবতাকেই আবারও সামনে নিয়ে এসেছে এই বিতর্ক।
