চীনের মহাকাশ স্টেশনে প্রথম পাকিস্তানি নভোচারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়েছে পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী মোহাম্মদ জিশান আলীকে নিয়ে চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান সফলভাবে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছেছে। এর মধ্য দিয়ে প্রথম পাকিস্তানি হিসেবে পৃথিবীর কক্ষপথে প্রবেশের পাশাপাশি চীনের এই মহাকাশ স্টেশনে প্রবেশের সুযোগ পেলেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে যাত্রা শুরু করে এটি। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে মহাকাশযানটি। পরে তিন ঘণ্টা ৩৮ মিনিটের মধ্যে তিয়ানগং মহাকাশ স্টেশনের সঙ্গে সফলভাবে যুক্ত হয়।
৪০ বছর বয়সী জিশান আলীর সঙ্গে অভিযানে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাং হংবো অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এবং উ ই দায়িত্ব পালন করছেন পাইলট হিসেবে। জিশান আলী কাজ করবেন পেলোড বিশেষজ্ঞ হিসেবে।
চীনে অবস্থানরত পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল উৎক্ষেপণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, জিশানের মহাকাশযাত্রার মধ্য দিয়ে পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে নতুন যুগের সূচনা হয়েছে। তার সঙ্গে মহাকাশে উঠেছে পাকিস্তানের পতাকা এবং ২৬ কোটি মানুষের স্বপ্ন।
জিশান আলী প্রায় এক সপ্তাহ মহাকাশে অবস্থান করবেন। এ সময় বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন তিনি। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে অণুশৈবাল উৎপাদন নিয়ে পরীক্ষা করবেন জিশান। পাশাপাশি মহাকাশের পরিবেশ কুইনোয়া বীজের ওপর কী প্রভাব ফেলে, তা-ও পর্যবেক্ষণ করা হবে। পুরো অভিযানে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে চীনের।
গত এপ্রিলে পাকিস্তান থেকে জিশান আলী ও খুররম দাউদকে চীনে নভোচারী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মহাকাশ সংস্থার মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির আওতায় একজন পাকিস্তানিকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানোর সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জিশান বলেন, মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণে সহায়তার জন্য চীন সরকারের প্রতি তিনি কৃতজ্ঞ। তার মতে, এই অভিযান কোনো সমাপ্তি নয়, বরং নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে চীন-পাকিস্তান যৌথ অভিযান চাঁদ ও মঙ্গল গ্রহ পর্যন্ত বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, চীনের নিজস্ব তিয়ানগং মহাকাশ স্টেশনটি ২০২২ সালের শেষ দিক থেকে পুরোপুরি কার্যকর। ২০৩০ সালের আগেই চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে মহাকাশ কর্মসূচিতে বিপুল বিনিয়োগ করছে বেইজিং। এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রও তাদের আর্টেমিস কর্মসূচি নিয়ে এগোচ্ছে।

