প্রিন্স উইলিয়াম ও কেটের বাড়িতে চুরি, গ্রেফতার ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনের অবকাশযাপনের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি ও অবৈধভাবে প্রবেশের সন্দেহে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় নরফোক কাউন্টিতে রাজপরিবারের স্যান্ড্রিংহাম এস্টেটে সোমবার রাতে সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সম্পত্তিতে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। তবে ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান প্রথম জানায়, উইলিয়াম ও কেটের আনমার হল নামের বাড়িতে চুরির ঘটনা তদন্ত করছে পুলিশ। ১০ শয়নকক্ষের এই বাড়িটি ২০১১ সালে বিয়ের উপহার হিসেবে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ তাদের দিয়েছিলেন।
বাড়িটি মূলত ছুটি কাটানো ও স্বল্প সময়ের অবকাশযাপনের জন্য ব্যবহার করেন উইলিয়াম ও কেট। তবে তাদের স্থায়ী বাসস্থান লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসেল এস্টেটে।
এ ঘটনায় প্রিন্স উইলিয়ামের এক মুখপাত্র নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, ঘটনাটি এমন সময়ে সামনে এল, যখন প্রিন্স উইলিয়াম ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে গিয়ে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করছিলেন।
ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনে রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করলেও ১০ ডাউনিং স্ট্রিটে তাদের যাতায়াত তুলনামূলকভাবে কম।
উল্লেখ্য, ১৭৩৫ সাল থেকে ১০ ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১৯৫৫ সালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ সেখানে উইনস্টন চার্চিলের সঙ্গে নৈশভোজে অংশ নেন। ২০১২ সালে নিজের সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী উপলক্ষে তিনি সেখানে মন্ত্রিসভার বৈঠকেও যোগ দেন।

