আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
২০২৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তাজিকিস্তান সফরের সময় আন্তর্জাতিক আদালতের অনুরোধ সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছিল দেশটি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বের হওয়ার সিদ্ধান্ত জানিয়ে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে তাজিকিস্তান। দেশটির এই পদক্ষেপের পর উদ্বেগ প্রকাশ করেছে আদালতটির পরিচালনা পর্ষদ। সোমবার (২৩ নভেম্বর) আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে আইসিসি ছাড়ার আহ্বান জানানোর পর তাজিকিস্তান হলো চতুর্থ দেশ, যারা এই প্রক্রিয়া শুরু করল। এর আগে ভেনেজুয়েলা, চাদ এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাওরো (পূর্বের নাউরু) একই পথে হেঁটেছে। আদালতটি প্রতিষ্ঠার মূল চুক্তি 'রোম সংবিধি' থেকে তাজিকিস্তানের এই প্রত্যাহার আগামী ২০২৭ সালের ২০ নভেম্বর কার্যকর হওয়ার কথা রয়েছে।
জাতীয় আদালতগুলো কোনো অপরাধের বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হলে আইসিসি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধের মতো গুরুতর বিষয়ে ব্যক্তিদের বিচার করে থাকে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আদালতটির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখনো বহাল রয়েছে।
ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ড নিয়ে পূর্ববর্তী তদন্তের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আইসিসির বিচারক ও কৌঁসুলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত জুলাইয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা আদালতটির কার্যক্রম অকার্যকর করার চেষ্টা করবে। তারা আইসিসিকে একটি 'বৈশ্বিক আমলাতন্ত্রের' হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে এবং এটি মার্কিন সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিযোগ তোলে।
এদিকে গত মার্চ মাসে আইসিসি জানিয়েছিল যে ২০২৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তাজিকিস্তান সফরের সময় আদালতের অনুরোধ সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছিল দেশটি। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এর আগে ২০২৫ সালে বুরকিনা ফাসো, মালি এবং নাইজারও আদালতটিকে 'নব্য-ঔপনিবেশিক নিপীড়নের' হাতিয়ার হিসেবে নিন্দা জানিয়ে আইসিসি ছাড়ার ঘোষণা দেয়। ওয়াশিংটনের প্রচারণা শুরুর আগেই গত জুনে তারা এক যৌথ ঘোষণার অংশ হিসেবে জাতিসংঘকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।
প্রত্যাহারের প্রক্রিয়াধীন থাকা এই সাতটি দেশসহ আইসিসির বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ১২৫টি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল এবং ভারত এই আদালতের সদস্য নয়।
