ভারতে দুই বাবার লড়াই, নৈপথ্যে কী?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের যোগগুরু বাবা রামদেব ও বাগেশ্বর ধামের ধর্মীয় বক্তা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রির বিরোধ ঘিরে দেশটির ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। ভগবান রাম ও কৃষ্ণকে নিয়ে শাস্ত্রির বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে তার সমালোচনা করেছিলেন রামদেব। তবে কয়েক দিনের ব্যবধানেই দুই ধর্মীয় ব্যক্তিত্বের বক্তব্যে সেই বিরোধ প্রশমনের ইঙ্গিত মিলেছে।
বিতর্কের সূত্রপাত ধীরেন্দ্র শাস্ত্রির একটি বক্তব্যকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ভগবান রাম ও কৃষ্ণের তুলনা করতে দেখা যায়। সেখানে রামকে ‘সোজাসাপ্টা’ এবং কৃষ্ণকে ‘বাঁকা-ত্যাড়া’ হিসেবে বর্ণনা করেন তিনি। কৃষ্ণের প্রচলিত ত্রিভঙ্গ ভঙ্গির প্রসঙ্গ টেনে দেওয়া ওই বক্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অনেকে তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।
পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান শাস্ত্রি। এটিকে আবেগের বশে বলা কথা উল্লেখ করে তিনি নিজেকে কৃষ্ণভক্ত বলেও দাবি করেন।
তবে শাস্ত্রির ক্ষমা চাওয়ার পরও বিষয়টি নিয়ে সরব হন রামদেব। ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে এক অনুষ্ঠানে তিনি শাস্ত্রির বক্তব্যের কঠোর সমালোচনা করেন। দেব-দেবীর মধ্যে তুলনা করার অধিকার কারও নেই উল্লেখ করে তাকে ‘ভণ্ড’ বলেও আখ্যা দেন।
রামদেব বলেন, সবকিছুরই শিষ্টাচার, শৃঙ্খলা ও নির্দিষ্ট নিয়ম রয়েছে। দেব-দেবীদের নিয়ে এমন মন্তব্য করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিষয়টি আরও আলোচনায় আসে, কারণ এর মাত্র কয়েক দিন আগেই উত্তর প্রদেশের কুন্ডায় শাস্ত্রির রামকথা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রামদেব। সেখানে দুজনকে একই মঞ্চে দেখা যায়। ওই অনুষ্ঠানে প্রভাবশালী ঠাকুর নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিও ছিল।
তবে প্রকাশ্য সমালোচনার পর দ্রুতই পরিস্থিতি বদলে যায়। গত ২৪ নভেম্বর হরিদ্বারে এক সংবাদ সম্মেলনে রামদেব জানান, আগের দিন শাস্ত্রির সঙ্গে তার কথা হয়েছে। স্নেহ থেকেই তিনি শাস্ত্রিকে ভর্ৎসনা করেছিলেন।
রামদেব বলেন, শাস্ত্রি তার কাছে সন্তানের মতো, ছোট ভাই ও শিষ্যের মতো। তার কিছু কথা অনুচিত মনে হওয়ায় নিজের অধিকার থেকেই তাকে শাসন করেছেন। শাস্ত্রিও বিষয়টি ভালোবাসার প্রকাশ হিসেবে গ্রহণ করেছেন।
অন্যদিকে, পাঞ্জাবের পাঠানকোটে এক ধর্মীয় অনুষ্ঠানে রামদেবের সমালোচনার জবাবে শাস্ত্রি বিষয়টিকে বড় করে দেখেননি। তিনি বলেন, রামদেব একজন মহান ব্যক্তি এবং তার অভিভাবকতুল্য। ভালোবাসা থেকে তিনি যা বলেছেন, সেটিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন।
শাস্ত্রির ভাষ্য, রামদেবের প্রশংসা ও সমালোচনা— দুটিই তিনি সমানভাবে গ্রহণ করেন। সাধু-সন্তদের প্রতি অসম্মান দেখানোর কোনো সুযোগ নেই। হিন্দু সমাজকে বিভক্ত করা নয়, ঐক্যবদ্ধ করাই তাদের লক্ষ্য।
তবে দুই ধর্মীয় ব্যক্তিত্বের এই বাক্যবিনিময় শুধু ব্যক্তিগত বিরোধ হিসেবে সীমাবদ্ধ থাকেনি। ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক বলয়ের সঙ্গে দুজনেরই ঘনিষ্ঠতার কারণে বিষয়টি রাজনৈতিক আলোচনাতেও জায়গা করে নিয়েছে।
রামদেব দীর্ঘদিন ধরে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দুর্নীতিবিরোধী আন্দোলন এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে প্রচারেও ভূমিকা রেখেছিলেন তিনি। অন্যদিকে, ধীরেন্দ্র শাস্ত্রির সঙ্গেও বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রকাশ্য যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী মোদি তাকে ‘ভাই’ বলেও সম্বোধন করেছেন।
এ ঘটনায় বিজেপিবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারাও সমালোচনার সুযোগ নিয়েছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দুই ধর্মীয় ব্যক্তিত্বের বিরোধ নিয়ে কটাক্ষ করেন। এর আগে কৃষ্ণকে নিয়ে শাস্ত্রির মন্তব্যের প্রতিবাদে তার ধর্মীয় অনুষ্ঠানের বিরোধিতা করেছিল সমাজবাদী পার্টি। যাদব সম্প্রদায় নিজেদের ভগবান কৃষ্ণের বংশধর হিসেবে পরিচয় দেয়।
উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে কৃষ্ণ জন্মভূমি ও মথুরায় মন্দির নির্মাণের বিষয়টি বিজেপির রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমন সময়ে হিন্দু ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে দেব-দেবীকে নিয়ে বিতর্ক রাজনৈতিক মাত্রা পেয়েছে


