Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১ লাখ কর্মী নেবে কানাডা, দেওয়া হবে স্থায়ী বসবাসের সুযোগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম

১ লাখ কর্মী নেবে কানাডা, দেওয়া হবে স্থায়ী বসবাসের সুযোগ

ছবি: সংগৃহীত

Advertisement

কানাডায় বসবাসরত বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে প্রদেশগুলোকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ কর্মী ও তাদের পরিবারের সদস্য এ উদ্যোগের আওতায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন।

গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব এ বিষয়ে বিস্তারিত জানান। ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ইমিগ্রেশন ডট সিএ।

নতুন উদ্যোগের আওতায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) ব্যবহার করে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ পাবে প্রদেশ ও অঞ্চলগুলো। এর মাধ্যমে কানাডার বিভিন্ন অঞ্চলে আগে থেকেই বসবাস ও কাজ করছেন, এমন বিদেশি কর্মীদের ধরে রাখার পরিকল্পনা করছে সরকার।

তবে অতিরিক্ত বরাদ্দের কতটা ব্যবহার করবে, তা সংশ্লিষ্ট প্রদেশ ও অঞ্চলগুলো নিজেদের শ্রমবাজারের চাহিদা বিবেচনা করে নির্ধারণ করবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এসব অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে ২০২৭ সালেই যোগ্য আবেদনকারীদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যারা পাবেন সুযোগ

এই উদ্যোগ মূলত কানাডায় বসবাসরত এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন এমন বিদেশি কর্মীদের জন্য। যেসব কর্মী কোনো প্রদেশ বা অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কাজ করছেন এবং প্রাদেশিক মনোনয়ন কিংবা অন্য কোনো স্থায়ী বসবাসের কর্মসূচির শর্ত পূরণ করতে পারবেন, তারা সম্ভাব্য সুবিধাভোগী হতে পারেন।

কর্মীদের সঙ্গে তাদের যোগ্য পরিবারের সদস্যরাও এ সুযোগের আওতায় আসতে পারবেন। তবে শুধু কানাডায় চাকরি করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের যোগ্য হবেন না। এ বিষয়ে এখনো সবার জন্য প্রযোজ্য কোনো নির্দিষ্ট যোগ্যতার তালিকা প্রকাশ করেনি দেশটির সরকার।

৩১ মার্চের সময়সীমা নিয়ে যা জানা গেল

নতুন উদ্যোগের গুরুত্বপূর্ণ বিষয় হলো ২০২৭ সালের ৩১ মার্চের সময়সীমা। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, ওই সময়ের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

তবে এটি বিদেশি কর্মীদের সবার জন্য স্থায়ী বসবাসের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নয়। কারণ, প্রদেশভেদে অভিবাসন কর্মসূচির আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও মনোনয়ন পদ্ধতি আলাদা। কোথাও আগ্রহপত্রের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়, আবার কোথাও নিয়োগকর্তার সহায়তায় আবেদন নেওয়া হয়।

তাই কর্মীদের নিজ নিজ প্রদেশের অভিবাসনবিষয়ক ঘোষণা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আগে আবেদন করলেও মিলতে পারে সুযোগ

নতুন উদ্যোগের আওতায় শুধু নতুন করে প্রাদেশিক মনোনয়ন পেতে আগ্রহী কর্মীরাই নন, স্থায়ী বসবাসের জন্য আগে আবেদন করে অপেক্ষায় থাকা কিছু কর্মীও সুবিধা পেতে পারেন।

এ ক্ষেত্রে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তিদের অভিবাসন কর্মসূচি, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী অভিবাসন কর্মসূচির আবেদনকারীদের বিবেচনায় নেওয়া হতে পারে।

এসব কর্মসূচির কয়েকটি নতুন আবেদন গ্রহণ বন্ধ রেখেছে। তবে অতিরিক্ত বরাদ্দের কারণে সেগুলো আবার চালু হচ্ছে না। বরং আগে থেকেই আবেদন করেছেন, এমন যোগ্য ব্যক্তিদের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

কেন প্রদেশগুলোকে বেশি ক্ষমতা দিচ্ছে কানাডা

কানাডার নতুন এ উদ্যোগের মূল লক্ষ্য হলো আঞ্চলিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি কর্মীদের ধরে রাখা। স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা অভিজ্ঞ কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চায় দেশটির সরকার।

২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নিয়মিত প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির আওতায় বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৯৫ হাজার করা হয়েছে। আগের পরিকল্পনায় ২০২৭ সালের জন্য এ লক্ষ্যমাত্রা ছিল ৯২ হাজার ৫০০।

নতুন সাময়িক উদ্যোগের অতিরিক্ত বরাদ্দ নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে যুক্ত হবে।

সরকারের যুক্তি, কানাডায় আগে থেকেই বসবাসরত কর্মীদের স্থায়ী হওয়ার সুযোগ দিলে নিয়োগকর্তারা অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে পারবেন। একই সঙ্গে বিদেশ থেকে নতুন করে সমসংখ্যক মানুষ আনার তুলনায় আবাসন ও অবকাঠামোর ওপর তাৎক্ষণিক চাপও কম পড়তে পারে।

২ লাখ মানুষের জন্য বৃহত্তর উদ্যোগের অংশ

কানাডার সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ এই উদ্যোগ। এর মধ্যে বিদেশি কর্মী ও তাদের পরিবারের জন্য সর্বোচ্চ ১ লাখ জনের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া হংকংয়ের স্থায়ী বসবাসের কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩২ হাজার, ইউক্রেন পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় যোগ্য ঘোষিত আবেদনকারীদের মধ্যে ১২ হাজার ৬০০ এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের সঙ্গে দেশটিতে বসবাসরত স্বামী-স্ত্রী, সঙ্গী ও নির্ভরশীল সন্তানদের মধ্যে ৪৫ হাজার জনকে এ উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাণিজ্যযুদ্ধের পর প্রতিরক্ষা সম্পর্কেও যুক্তরাষ্ট্র-কানাডা বিরোধ

বাণিজ্যযুদ্ধের পর প্রতিরক্ষা সম্পর্কেও যুক্তরাষ্ট্র-কানাডা বিরোধ

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি জানেন?

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি জানেন?

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

কানাডা প্রবাসী নারী খুন, স্বামীসহ ৫ জনের বিচার শুরু

কানাডা প্রবাসী নারী খুন, স্বামীসহ ৫ জনের বিচার শুরু

কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ: ভাগ্য খুলছে কাদের?

কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ: ভাগ্য খুলছে কাদের?

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মৃত্যু

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মৃত্যু

১ লাখ কর্মী নেবে কানাডা, দেওয়া হবে স্থায়ী বসবাসের সুযোগ

১ লাখ কর্মী নেবে কানাডা, দেওয়া হবে স্থায়ী বসবাসের সুযোগ

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম