Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

Advertisement

রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া সব নির্দেশনা মানবে না মিয়ানমার। দেশটির সামরিক বাহিনী-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং জানিয়েছেন, তার প্রশাসন আদালতের যেসব নির্দেশনাকে অনুপযুক্ত মনে করবে, সেগুলো বাস্তবায়ন করবে না।

গত সপ্তাহে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আদালতের রায়ের পর বুধবার (২৫ নভেম্বর) প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেন দেশটির জান্তা সরকারের প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, বুধবার এক বৈঠকে মিন অং হ্লাইং বলেন, ‘মিয়ানমার একটি দায়িত্বশীল দেশ হিসেবে যথাযথ পদক্ষেপ নেবে। তবে যেসব নির্দেশনাকে অনুপযুক্ত মনে করবে, সেগুলো মেনে চলবে না।’

তবে আদালতের কোন কোন নির্দেশনা তার প্রশাসনের কাছে অনুপযুক্ত মনে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। আইসিজের রায় প্রত্যাখ্যান করে মিন অং হ্লাইং আরও বলেন, ‘গণহত্যা’ শব্দটি মিয়ানমারের ভাবমূর্তির ক্ষতি করেছে।

গত ১৯ নভেম্বর দেওয়া রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে অভিযান চালিয়েছিল, তা গণহত্যার শামিল। ওই অভিযানে হাজারো মানুষকে হত্যা, শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া এবং ব্যাপক যৌন সহিংসতার ঘটনা ঘটে।

জাতিসংঘের এই আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে রায় দিল। আইসিজের রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে আদালতের সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।

আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের চলমান লঙ্ঘন বন্ধ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ২০১৭ সালের সামরিক অভিযানে জড়িত থাকার বিষয়ে যুক্তিসংগতভাবে সন্দেহভাজন ব্যক্তিদের দ্রুত তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর ঘটবে না, সে নিশ্চয়তা দেওয়ার নির্দেশনাও রয়েছে।

এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা, হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণমূলক ব্যবস্থা নেওয়া, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহযোগিতা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন আদালত। রোহিঙ্গাদের বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।

আদালতের নির্দেশনায় আরও বলা হয়েছে, সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে যেসব ক্ষতি পূরণ করা সম্ভব হবে না, সেসব ক্ষতির জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে প্রস্তাবিত ক্ষতিপূরণসহ আদালতের নির্দেশনা বাস্তবায়নে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন দুই বছরের মধ্যে জমা দিতে হবে।

তবে মিয়ানমার বরাবরই দাবি করে আসছে, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান ছিল একটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী কার্যক্রম।

এর আগে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজের রায়ে হতাশা প্রকাশ করে বলেছিল, ওই অভিযান গণহত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়নি। বরং অভিযানটি ছিল সীমিত পরিসরের এবং স্বল্পস্থায়ী, যা মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে রাখাইন রাজ্য থেকে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশের বিস্তীর্ণ শরণার্থীশিবিরগুলোতে রোহিঙ্গার সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল

মিডলইস্ট আইয়ের প্রতিবেদন গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল

মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

রোহিঙ্গা গণহত্যা মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন

রয়টার্সের প্রতিবেদন রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

রোহিঙ্গা গণহত্যায় আইসিজে-র ঐতিহাসিক রায়: কূটনৈতিক সুযোগ ও বাংলাদেশের করণীয়

রোহিঙ্গা গণহত্যায় আইসিজে-র ঐতিহাসিক রায়: কূটনৈতিক সুযোগ ও বাংলাদেশের করণীয়

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল!

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম