Logo
Logo
×

Advertisement

জাতীয়

রোহিঙ্গা গণহত্যায় আইসিজে-র ঐতিহাসিক রায়: কূটনৈতিক সুযোগ ও বাংলাদেশের করণীয়

একেএম রেজাউল করিম

একেএম রেজাউল করিম

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

রোহিঙ্গা গণহত্যায় আইসিজে-র ঐতিহাসিক রায়: কূটনৈতিক সুযোগ ও বাংলাদেশের করণীয়

সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice-ICJ) থেকে আসা ঐতিহাসিক রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক আইন এবং গণহত্যার মতো জঘন্য অপরাধের বিচারিক ইতিহাসে এক নতুন মাইলফলক। জাতিসংঘ ব্যবস্থার অধীনে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ায় এটি একটি যুগান্তকারী অধ্যায়, যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জান্তার পরিকল্পিত এবং গণহত্যার উদ্দেশ্যে পরিচালিত সহিংসতাকে সুস্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন বা গণহত্যা সনদের আর্টিকেল ২-এর অধীনে এই নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এর দায় সরাসরি মিয়ানমার রাষ্ট্রের ওপর বর্তানো হয়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ ডামাডোলের মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি যেন কোনোভাবেই আমাদের দৃষ্টির আড়ালে চলে না যায়, তা নিশ্চিত করা জরুরি। রাষ্ট্র হিসেবে আমাদের রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীজনদের এ বিষয়ে সুনির্দিষ্ট ও সমন্বিত করণীয় রয়েছে। এই রায়ের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে কেবল নৈতিক ও আইনি সমর্থনই পাবে না, বরং এটি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি শক্তিশালী আন্তর্জাতিক বাধ্যবাধকতা তৈরিতে সহায়ক হবে। আন্তর্জাতিক আদালত কর্তৃক গণহত্যার রায় ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের নির্দেশকে আইনি ও কূটনৈতিক সুযোগ হিসেবে জোরালোভাবে বাংলাদেশকে কাজে লাগাতে হবে। এ বিষয়ে এখনই জরুরি আলোচনা ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা শুরু করা প্রয়োজন।

যারা আইনি বা ল ব্যাকগ্রাউন্ডের নন, তাদের জন্য সহজ ভাষায় ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলার ফলাফল ও এর ভবিষ্যৎ দিকগুলো নিচে তুলে ধরা হলো:

এই মামলার মূল রায় কী?
বিচারকরা ৯-৬ ভোটে রায় দিয়েছেন যে, মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এর ফলে রাষ্ট্র হিসেবে মিয়ানমার আন্তর্জাতিক আইনে দায়ী সাব্যস্ত হয়েছে।

মিয়ানমারের কোনো সেনা কর্মকর্তার কি জেল-ফাঁসি হবে?
না। আইসিজে কেবল রাষ্ট্রের দায় নির্ধারণ করে, কোনো ব্যক্তির কারাদণ্ড বা সাজা দেয় না। তবে এই রায়কে শক্তিশালী প্রমাণ হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) মিয়ানমারের সেনা ও শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত বিচারের পথ আরও সুগম হলো।

মিয়ানমার এই রায় না মানলে কী হবে?
আইসিজের নিজস্ব কোনো পুলিশ বা সেনাবাহিনী নেই। মিয়ানমার রায় না মানলে বা নির্দেশনা অমান্য করলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাবে। সেখানে মিয়ানমারের ওপর কঠোর অর্থনৈতিক, কূটনৈতিক বা অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ আসতে পারে।

এই রায়ের বিরুদ্ধে কি আপিল করা যাবে?
না, আইসিজের এই রায়ই চূড়ান্ত। তবে ভবিষ্যতে সম্পূর্ণ নতুন ও আগে অজানা ছিল—এমন কোনো অকাট্য প্রমাণ সামনে এলে কেবল রায় ‘পুনর্বিবেচনার’ (Revision) আবেদন করা যেতে পারে।

রোহিঙ্গারা ক্ষতিপূরণ হিসেবে কী পাবে?
মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার সুনির্দিষ্ট পরিমাণ আদালত পরবর্তীতে নির্ধারণ করবে। গাম্বিয়া জমিজমা ফেরত, চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছে।

রোহিঙ্গারা কি এখন দ্রুত নিজ দেশে ফিরতে পারবে?
রাতারাতি বা তাৎক্ষণিকভাবে না ফিরলেও, এই রায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবিকে শক্তিশালী আন্তর্জাতিক বৈধতা দিয়েছে। মিয়ানমারের ওপর বিশ্বব্যাপী কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ এখন বহুগুণ বাড়বে।

বিদ্রোহীদের দমন করেছি’—মিয়ানমারের এই যুক্তি টিকল না কেন?
নির্বিচারে সাধারণ মানুষ হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং শিশুদের ওপর নির্মম নির্যাতনের প্রমাণ দেখে আদালত নিশ্চিত হয়েছে যে, তাদের মূল লক্ষ্য ছিল বিদ্রোহ দমন নয়; বরং রোহিঙ্গা গোষ্ঠীকে ধ্বংস বা নিশ্চিহ্ন করা।

এই রায়ে বাংলাদেশের কী লাভ হলো?
মিয়ানমার যে গণহত্যা চালিয়েছে তা বিশ্ব আদালতে প্রমাণিত হওয়ায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, নৈতিক ভিত্তি এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগের ক্ষমতা আরও শক্তিশালী হলো।

গাম্বিয়া কেন মামলা করল, আর বাংলাদেশ কেন সরাসরি যুক্ত হলো না?
১৯৪৮ সালের ‘গণহত্যা সনদে’ স্বাক্ষরকারী যেকোনো দেশ গণহত্যার বিরুদ্ধে আইসিজেতে মামলা করতে পারে—ওআইসি (OIC)-এর সমর্থনে গাম্বিয়া সেই বৈশ্বিক অধিকার প্রয়োগ করেছে। অন্যদিকে, বাংলাদেশ এই সনদে স্বাক্ষর করার সময় ৯ নম্বর অনুচ্ছেদে একটি শর্ত (Reservation) দিয়েছিল, যার কারণে অন্য দেশের সম্মতি বা অনুমতি ছাড়া বাংলাদেশ সরাসরি আইসিজেতে মামলা করতে পারে না।

এই মামলার পরবর্তী ধাপ কী?
মিয়ানমারকে আগামী দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন দিয়ে জানাতে হবে যে তারা আদালতের নির্দেশগুলো কীভাবে বাস্তবায়ন করছে। পাশাপাশি ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণসহ সংশ্লিষ্ট আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান থাকবে।

আইসিজের এই রায় রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে একটি বড় হাতিয়ার। তবে কেবল রায়ের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না; বরং এটিকে ভিত্তি করে দ্রুত কূটনৈতিক তৎপরতা জোরদার করা, আন্তর্জাতিক মিত্রদের পাশে পাওয়া এবং নিজস্ব কর্মপরিকল্পনা সাজানোই এখন সময়ের দাবি।

লেখক:
চেয়ারম্যান
সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইসিজের রায় রোহিঙ্গাদের ভাগ্য বদলাবে কি

আইসিজের রায় রোহিঙ্গাদের ভাগ্য বদলাবে কি

নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

উখিয়ায় ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর যা বলছে মিয়ানমার

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর যা বলছে মিয়ানমার

গণহত্যার রায়ে বড় জয়, দেশে ফিরতে পারবে রোহিঙ্গারা?

রয়টার্সের প্রতিবেদন গণহত্যার রায়ে বড় জয়, দেশে ফিরতে পারবে রোহিঙ্গারা?

আরও পড়ুন

হঠাৎ কেন শক্তি হারাল ঘূর্ণিঝড় আকভান?

হঠাৎ কেন শক্তি হারাল ঘূর্ণিঝড় আকভান?

রোহিঙ্গা গণহত্যায় আইসিজে-র ঐতিহাসিক রায়: কূটনৈতিক সুযোগ ও বাংলাদেশের করণীয়

রোহিঙ্গা গণহত্যায় আইসিজে-র ঐতিহাসিক রায়: কূটনৈতিক সুযোগ ও বাংলাদেশের করণীয়

অ্যান্টিবায়োটিক বিক্রি ও অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে কড়া সতর্কতা ডিজিডিএ’র

অ্যান্টিবায়োটিক বিক্রি ও অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে কড়া সতর্কতা ডিজিডিএ’র

যে কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে

যে কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম