মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
ভলকার তুর্ক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনের ঘটনা হিসাবে দেখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি আইসিজের রায়কে স্বাগত জানান এবং দ্রুত তা বাস্তবায়নের পাশাপাশি অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানোর আহ্বান জানান। খবর আনাদোলু এজেন্সির।
ভলকার তুর্ক বলেন, ‘এই রায়ে স্পষ্টভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে—মানবজাতির ইতিহাসের অন্যতম জঘন্য অপরাধের জন্য মিয়ানমার রাষ্ট্র দায়ী।’ তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা এবং মিয়ানমারের সব মানুষের ন্যায়বিচারের ক্ষেত্রে এই রায়কে একটি মোড় পরিবর্তনের ঘটনা হতে হবে। একই সঙ্গে রাখাইন রাজ্যে চলমান গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের দায়মুক্তির অবসানে একটি অর্থবহ প্রক্রিয়ার সূচনা করতে হবে।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান আইসিজের নির্দেশিত প্রতিকারমূলক ব্যবস্থা দ্রুত বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মিয়ানমারে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে তিনি অন্য দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন।
ভলকার তুর্ক বলেন, ‘মিয়ানমারের জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ সংঘটনে এখনো ব্যবহার করা হচ্ছে, এমন সামরিক সরঞ্জাম, জেট ফুয়েল এবং দ্বৈত ব্যবহারযোগ্য অন্যান্য সরঞ্জাম সরবরাহ অবিলম্বে বন্ধ করতে হবে।’

