Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে

Advertisement

বিশ্বে অনুসারীর সংখ্যার দিক থেকে ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে সবচেয়ে বড় ধর্মে পরিণত হতে পারে ইসলাম। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক জনমিতিক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।

পূর্বাভাস অনুযায়ী, ইসলাম ও খ্রিষ্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। তবে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ বেড়ে ২০২ কোটি থেকে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। অন্যদিকে খ্রিষ্টান জনসংখ্যা ৩০ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ২৯৬ কোটিতে। খ্রিষ্টান জনসংখ্যার এই প্রবৃদ্ধি মোটামুটি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

কোন ধর্মের অনুসারী বাড়বে সবচেয়ে দ্রুত?

পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস বলছে, বিশ্বের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মুসলিমদের জনসংখ্যা সবচেয়ে দ্রুত বাড়বে। হিন্দু ও ইহুদিদের সংখ্যা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীরগতিতে বাড়তে পারে। অন্যদিকে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মাবলম্বী নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬। জনসংখ্যার স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাধারণত একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন।

পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সাল পর্যন্ত জন্ম ও মৃত্যুর ব্যবধানের কারণে বিশ্বে মুসলিম জনসংখ্যা ১৬০ কোটি এবং খ্রিষ্টান জনসংখ্যা ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।

সবচেয়ে বেশি মুসলিম থাকবে যেসব দেশে

মুসলিম জনসংখ্যার অধিকাংশ প্রবৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ২০৭০ সাল নাগাদ আরও ১২০ কোটি মুসলিম যুক্ত হতে পারে। বিশ্বে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ ঘটবে এসব দেশে।

২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ছিল ইন্দোনেশিয়া। দেশটিতে মুসলিমের সংখ্যা ছিল ২৩ কোটি ৯০ লাখ। মাত্র ১ কোটি ২০ লাখ ব্যবধানে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তান। তবে ২০৭০ সালের মধ্যে পাকিস্তান বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ হয়ে উঠতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তানের মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যা বাড়তে পারে ১৫ শতাংশ। ফলে ২০৭০ সালের অনেক আগেই পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের মুসলিম জনসংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়বে। ২০২০ সালে ২১ কোটি ৩০ লাখ মুসলিম নিয়ে দেশটি ছিল তৃতীয় অবস্থানে। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। তখন ভারত দ্বিতীয় অবস্থানে উঠে আসবে।

এদিকে নাইজেরিয়ার মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে। এতে দেশটি পঞ্চম অবস্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসবে এবং ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ স্থানে।

২০৭০ সালে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার শীর্ষ ১০ দেশের মধ্যে আফ্রিকার চারটি দেশ থাকবে—নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। এ তালিকায় ইথিওপিয়া ও আফগানিস্তান যুক্ত হবে; বাদ পড়বে ইরান ও আলজেরিয়া। সুদানে মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। এতে দেশটি তুরস্ককেও ছাড়িয়ে যাবে।

২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের ভিত্তিতে পূর্বাভাস

পিউ রিসার্চ সেন্টারের এই পূর্বাভাসে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।

এ পূর্বাভাস তৈরি করা হয়েছে বর্তমান জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা অব্যাহত থাকবে—এমন ধারণার ভিত্তিতে। তবে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তন ঘটলে ভবিষ্যতে এসব হিসাব বদলে যেতে পারে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জনসংখ্যার সমীকরণে বিশ্বে বৃহত্তম ধর্মের আসনে ইসলাম!

জনসংখ্যার সমীকরণে বিশ্বে বৃহত্তম ধর্মের আসনে ইসলাম!

‘আমার মনে হয় আমিই জিতেছি’—বিয়ে প্রসঙ্গে আমজাদ আলী খানের হিন্দু স্ত্রী

‘আমার মনে হয় আমিই জিতেছি’—বিয়ে প্রসঙ্গে আমজাদ আলী খানের হিন্দু স্ত্রী

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

পিউ রিসার্চের প্রতিবেদন ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন ভারতের এই মুসলিম তরুণী

ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন ভারতের এই মুসলিম তরুণী

যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

আল জাজিরার প্রতিবেদন যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

আরও পড়ুন

বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে

বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৩

ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৩

ডিসেম্বরে কলকাতা ও শিলিগুড়িতে বদলে যাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

ডিসেম্বরে কলকাতা ও শিলিগুড়িতে বদলে যাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম