ডিসেম্বরে কলকাতা ও শিলিগুড়িতে বদলে যাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আগামী ডিসেম্বর থেকে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের প্রতিষ্ঠান ও ঠিকানায় পরিবর্তন আসছে। শুক্রবার (২০ নভেম্বর) কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’-এর সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় ওই তারিখের পর ডিইউ ডিজিটাল পরিচালিত কেন্দ্রগুলোতে আর ভিসা আবেদন জমা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ জানান, ভিসা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে নতুন প্রতিষ্ঠান ও আবেদন কেন্দ্রের ঠিকানা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, মিশনের সামনে অতিরিক্ত ভিড় সামলাতে ২০২১ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকরণ শুরু করেছিল সরকার। বাংলাদেশ ও ভারত পরস্পরের নাগরিকদের কাছ থেকে কোনো ভিসা ফি না নিলেও আবেদন কেন্দ্রগুলো নির্দিষ্ট সার্ভিস চার্জ গ্রহণ করে। বর্তমানে কলকাতা মিশনে এই চার্জ শুল্কসহ ৮২৫ রুপি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্যমতে, কোভিড-১৯ মহামারীর আগে কলকাতা মিশন থেকে প্রতি মাসে গড়ে ১৫ হাজার এবং দুর্গাপূজার সময় ২২ হাজার পর্যন্ত ভিসা ইস্যু হতো। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের টানাপড়েনের কারণে মাসিক ভিসা ইস্যুর সংখ্যা কয়েকশতে নেমে এসেছে।

