দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দুবাইয়ে গত ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। দাম কমার এ সুযোগ কাজে লাগাতে আগ্রহী হয়ে উঠেছেন ক্রেতারা। এ কারণে স্বর্ণের দোকানগুলোতে অগ্রিম বুকিং ও নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার সুযোগসংবলিত বিশেষ প্রকল্পে ক্রেতাদের আগ্রহ বাড়ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ১৯ দিরহাম কমে ৪৩২ দিরহাম ৫০ ফিলসে দাঁড়িয়েছে। ১৯ নভেম্বর এ দাম ছিল ৪৪৪ দিরহাম ২৫ ফিলস। অর্থাৎ দাম কমেছে প্রায় ৪ শতাংশ। ২২ ক্যারেট স্বর্ণের দামও ৪১১ দিরহাম ২৫ ফিলস থেকে কমে প্রায় ৪০০ দিরহামে নেমেছে। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমে হয়েছে ৩২৯ দিরহাম ২৫ ফিলস এবং ১৪ ক্যারেটের দাম ২৫৬ দিরহাম ৭৫ ফিলস।
বিশ্ববাজারে দরপতনের প্রভাবেই দুবাইয়ের বাজারে এ পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার টানা পঞ্চম দিনের মতো কমেছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে। চলতি সপ্তাহে দাম কমেছে প্রায় ৯ শতাংশ, যা মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে। একই সঙ্গে স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
দাম কমার এমন পরিস্থিতিতে বিভিন্ন স্বর্ণ বিক্রেতা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের জন্য বর্তমান দর ধরে রাখার সুযোগ দিচ্ছে। তবে প্রতিষ্ঠানভেদে এসব প্রকল্পের শর্ত আলাদা। তাই অগ্রিম অর্থ জমা দেওয়ার আগে শর্তগুলো ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। প্রশ্ন হচ্ছে, এসব প্রকল্পে যুক্ত হওয়া কতটা লাভজনক?
যেভাবে কাজ করে দর ধরে রাখার প্রকল্প
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গ্রাহকদের জন্য দুটি সুযোগ রেখেছে। প্রথমটির আওতায় গ্রাহককে মোট দামের ৫০ শতাংশ অগ্রিম দিতে হয়। এতে তিন মাসের জন্য স্বর্ণের দর ধরে রাখা যায়। দ্বিতীয় ক্ষেত্রে পুরো ১০০ শতাংশ অর্থ অগ্রিম পরিশোধ করলে ছয় মাস পর্যন্ত নির্ধারিত দর বজায় থাকে।
প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ বলেন, যারা আগে থেকেই নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার বুকিং দিয়েছেন, দাম বাড়লে তারা সুরক্ষিত থাকবেন। তবে বুকিংয়ের পর দাম আরও কমে গেলে কেনার সময়কার প্রচলিত কম দামেও স্বর্ণ কেনার সুযোগ পাবেন তারা।
অন্যদিকে বাফলে জুয়েলার্সের প্রকল্পে তুলনামূলক নমনীয় ব্যবস্থা রয়েছে। গ্রাহককে নির্ধারিত পরিমাণ অর্থ অগ্রিম জমা দিতে হয় এবং প্রকল্পের মেয়াদের মধ্যে বাকি অর্থ পরিশোধ করতে হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা চিরাগ ভোরা জানান, প্রকল্পভেদে অগ্রিম জমার পরিমাণ এবং দামের সুরক্ষার শর্ত আলাদা হতে পারে।
তিনি বলেন, বুকিংয়ের সময় নির্ধারিত দাম স্থির থাকবে কিনা, দাম কমলে তখনকার প্রচলিত কম দাম বিবেচনা করা হবে কি না এবং বুকিং বাতিল করতে চাইলে কী হবে—এসব বিষয় গ্রাহকদের আগে থেকেই জেনে নেওয়া উচিত।
স্বর্ণের দাম কমতে শুরু করার পর মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে এ ধরনের প্রকল্পে গ্রাহকদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিষ্ঠানটির শোরুমগুলোতেও ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। অন্য বিক্রেতাদের কাছেও ক্রেতাদের আগ্রহ দেখা যাচ্ছে, যদিও অনেকেই কেনার আগে আরও দরপতনের অপেক্ষায় রয়েছেন।
বিশেষ করে বিয়ের কেনাকাটা করতে যাদের নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তারা এসব প্রকল্পের সুবিধা বেশি নিচ্ছেন। কারণ বিয়ের কেনাকাটা অনির্দিষ্টকাল পিছিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।
অন্যদিকে স্বর্ণের কয়েন ও বার কিনে বিনিয়োগ করতে আগ্রহীরা বাজারের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আরও দরপতনের সম্ভাবনা বিবেচনায় তাদের কেউ কেউ এখনই কেনার সিদ্ধান্ত না নিয়ে অপেক্ষা করছেন।
সূত্র: গালফ নিউজ
