বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পশ্চিমবঙ্গের ঐতিহাসিক শিক্ষাঙ্গন কলকাতার কলেজ স্ট্রিটে বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে বাম ও বিজেপির ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের দেওয়া বইয়ের স্টলের পাল্টা স্টল বসানোর চেষ্টা করে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সড়কে বসে বিক্ষোভ দেখান এবিভিপির কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যারিকেড তৈরি করলে তা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। সংঘাতের কারণে কলেজ স্ট্রিটের একাংশে যান চলাচল ব্যাহত হয়।
শতবর্ষের ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে ওঠা কলেজ স্ট্রিট দীর্ঘদিন ধরেই বাংলার শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্র।
ঘটনার সূত্রপাত সোমবার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বইয়ের স্টল বসাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে এসএফআই। পুলিশের বক্তব্য ছিল, স্টল বসানোর জন্য প্রয়োজনীয় অনুমতি নেই। এ নিয়ে বাগ্বিতণ্ডার পর এসএফআইয়ের প্রায় ৫০ জন কর্মী-সমর্থককে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত তারা সেখানে আটক ছিলেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর স্টল বসানোর অনুমতি পাওয়া যায়। তবে পুলিশ শর্ত দেয়, কোনো স্থায়ী স্থাপনা তৈরি করা যাবে না।
সেই শর্ত মেনেই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামনে স্টল চালু করে এসএফআই। সেখানে মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে বই বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন। এরপর মঙ্গলবার সকালে পাল্টা স্টল বসানোর উদ্যোগ নেয় এবিভিপি। চেয়ার-টেবিল নিয়ে সংগঠনটির কর্মী-সমর্থকরা সেখানে জড়ো হন।
তাদের দাবি, এসএফআইয়ের স্টলে এমন কিছু বই রাখা হয়েছে, যেগুলো কলেজ স্ট্রিট এলাকায় বিক্রি করতে দেওয়া উচিত নয়। তারা এসএফআইয়ের স্টল সরিয়ে দেওয়ার দাবিও জানায়।
এবিভিপির এক নেতা বলেন, এসএফআইয়ের স্টল না সরানো পর্যন্ত তারা সেখান থেকে উঠবেন না। তাদের অভিযোগ, সেখানে দেশবিরোধী বক্তব্যের বই বিক্রি করা হচ্ছে। এর বিপরীতে জাতীয়তাবাদী বইয়ের স্টল বসাতে চান তারা। নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের বই নিয়ে আসার কথাও জানান তিনি।
অন্যদিকে এসএফআইয়ের এক প্রতিনিধি বলেন, প্রত্যেক সংগঠন তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি পালন করছে। তাদের অভিযোগ, আগের দিন পুলিশ তাদের কর্মীদের অন্যায়ভাবে আটক করেছিল। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মঙ্গলবার স্টল বসানো সম্ভব হয়েছে।
রাজনৈতিক মহলের দৃষ্টিতে, কলেজ স্ট্রিটে এই বিরোধ শুধু একটি বইয়ের স্টল বসানো বা সরানোর প্রশ্নে সীমাবদ্ধ নয়। কোন রাজনৈতিক মতাদর্শের বই শিক্ষাঙ্গনে জায়গা পাবে, কোন ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় চত্বরে নিজেদের উপস্থিতি ও প্রভাব প্রতিষ্ঠা করবে, সেই প্রতিযোগিতাও এর মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে।

