Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের চীন সফরের মধ্যেই পশ্চিমাদের একহাত নিলেন শি-পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

ট্রাম্পের চীন সফরের মধ্যেই পশ্চিমাদের একহাত নিলেন শি-পুতিন

ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মধ্যেই পশ্চিমাদের বাণিজ্য সংরক্ষণবাদ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে দেওয়া বক্তব্যে তারা এসব মন্তব্য করেন।

এদিন ট্রাম্পও চীনে পৌঁছান। এর আগে চলতি সপ্তাহে ম্যানিলায় আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠক করেন তিনি। চীনে পৌঁছানোর পর বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট হওয়ার পর কোনো বিদেশি নেতাকে স্বাগত জানাতে এই প্রথম বিমানবন্দরে গেলেন তিনি। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শির সঙ্গে সর্বশেষ বৈঠকের সময় ট্রাম্পও তাকে স্বাগত জানিয়েছিলেন।

বিমানবন্দরে দুই নেতা সংক্ষিপ্ত আলিঙ্গন করেন এবং কিছুক্ষণ কথা বলেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি বলেন, ‘চীন সৌজন্যবোধের দেশ এবং সৌজন্যের প্রতিদান দেওয়ার ঐতিহ্য রয়েছে।’ চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শির সঙ্গে প্রতিটি বৈঠকই ‘খুবই আনন্দদায়ক’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

দুই নেতা এপেক সম্মেলনের যৌথ আলোকচিত্রে অংশ নেবেন এবং অন্য নেতাদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন। বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে তাদের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধসহ বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা

তিন নেতার সম্ভাব্য বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই বৈঠকে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার ভিত্তি তৈরি হয়েছিল এবং প্রভাববলয় নির্ধারণ করা হয়েছিল।

তবে সম্ভাব্য এই বৈঠক নিয়ে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশের রাজধানীতে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ক্ষমতাধর দেশগুলোর নেতারা নিজেদের স্বার্থে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করতে পারেন।

এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং ‘মুক্ত ও উন্মুক্ত বাণিজ্যের’ পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ ও কঠোর পররাষ্ট্রনীতির বিপরীতে চীনকে বৈশ্বিক অঙ্গনে স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তিনি।

‘বৈশ্বিক দক্ষিণের’ দেশগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা

শির বক্তব্যের আগে যুক্তরাষ্ট্র চীনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ পাওয়ার ক্ষেত্রে আরও বিধিনিষেধ ঘোষণা করে। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তৈরি চিপের ওপর এসব বিধিনিষেধ বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের নাজুক বাণিজ্যিক সমঝোতাকে আরও জটিল করে তুলতে পারে। এর পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশে শি বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা আমাদের দৃঢ়ভাবে সমুন্নত রাখতে হবে। মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগকে সমর্থন করতে হবে।’

চীনের বিরুদ্ধে পশ্চিমা বাণিজ্য অংশীদারদের অভিযোগ, দেশটি নিজস্ব উৎপাদন খাতকে অতিরিক্ত সুবিধা দিয়ে প্রতিবছর এক ট্রিলিয়ন ডলারের বেশি বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করছে। এতে ভোক্তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে বেইজিংয়ের দাবি, বিশ্বের ধনী অর্থনীতিগুলোর সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে থাকা একটি দেশের জন্য তাদের এই প্রবৃদ্ধির মডেল যথাযথ। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি পক্ষের উদ্বেগ, সরবরাহব্যবস্থায় চীনের আধিপত্য দেশটিকে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে এবং তাদের শিল্প ও কর্মসংস্থানের জন্য হুমকি তৈরি করছে।

শি বলেন, চীন তার শিল্প খাত ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি শুল্ক কমাবে এবং বাজার আরও উন্মুক্ত করবে। একই সঙ্গে সংরক্ষণবাদ ও একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নেবে।

এশিয়া গ্রুপের ডিজিটাল বিভাগীয় প্রধান জর্জ চেন বলেন, শির এই বার্তা ‘বৈশ্বিক দক্ষিণের’ অনেক দেশের কাছে গ্রহণযোগ্য হতে পারে। একই সঙ্গে ওয়াশিংটনের প্রযুক্তি কৌশলের বিপরীতে নিজেদের অবস্থান তুলে ধরার বেইজিংয়ের প্রচেষ্টাকে আরও জোরদার করবে।

এদিকে ট্রাম্পের এশিয়া সফরটি তার রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর প্রথম বিদেশ সফর। এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগ এবং সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের বিষয়টিও সফর ঘিরে উত্তেজনা বাড়িয়েছে।

তাকাইচিকে স্বাগত জানাতে ছিল না কোনো আয়োজন

অস্ট্রেলিয়া, কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের নেতাদের বিমানবন্দরে নৃত্যশিল্পী ও অস্ত্র হাতে সেনাসদস্যরা স্বাগত জানান। তবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে বিমানবন্দরে কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই গাড়িতে তুলে দেওয়া হয়।

চীন ও জাপানের মধ্যে এক বছর ধরে চলা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই তাকাইচি চীন সফরে গেছেন। এর সূত্রপাত হয়েছিল তার এক বক্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন, তাইওয়ানকে ঘিরে চীনের কোনো পদক্ষেপ জাপানের ভূখণ্ডের জন্য হুমকি হয়ে উঠলে টোকিও সামরিক শক্তি প্রয়োগ করতে পারে।

মঙ্গলবার তাইওয়ান ও জাপান তাদের আকাশসীমার কাছে রুশ সামরিক উড়োজাহাজের অনুপ্রবেশের কথা জানিয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞাকে অকার্যকর বললেন পুতিন

ইউক্রেনের হামলায় রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করা গুরুত্বপূর্ণ কের্চ সড়ক সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর এপেক সম্মেলনে বক্তব্য দেন পুতিন। চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের মধ্যে এটি রাশিয়ার জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

শির পর মঞ্চে উঠে পুতিন পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী শক্তি’ বলে আখ্যা দেন। ইউরোপকে ‘অপমানজনক পতনের’ দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর ওপর আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞা উল্টো ফল দিয়েছে বলে দাবি করেন পুতিন।

তিনি বলেন, ‘অভিজ্ঞতা দেখিয়েছে, অর্থনৈতিক আধিপত্য ও কার্যত জবরদস্তির প্রচলিত হাতিয়ারগুলোর কার্যকারিতা অনেকটাই শেষ হয়ে এসেছে। এগুলোর ভীতি সৃষ্টির ক্ষমতাও অনেক কমে গেছে।’

পুতিন আরও বলেন, ‘নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি বিধিনিষেধ এখনো কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তবে এগুলো প্রবৃদ্ধি থামাতে পারে না, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অর্থনীতি ধ্বংস করা তো আরও দূরের কথা।’

এর আগে ম্যানিলায় ট্রাম্প দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যে ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেন। চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ক্রেমলিন চলতি সপ্তাহে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠককে ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করাকে ‘রাজনৈতিক বিশ্লেষকদের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে। তবে বৈঠকটি বৈশ্বিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলবে বলে জানিয়েছে। বেইজিংয়ের দাবি, এই বৈঠক বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

পুতিন বর্তমান বিশ্বকে ‘অস্থির’ হিসেবে বর্ণনা করলেও মতপার্থক্য আলোচনার টেবিলে বসে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘তাই আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় ধরনের সুফল পাওয়ার সম্ভাবনা দেখছি।’

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধ কি ‘ফ্রোজেন কনফ্লিক্টে’ পরিণত হচ্ছে?

আল জাজিরার এক্সপ্লেইনার ইরান যুদ্ধ কি ‘ফ্রোজেন কনফ্লিক্টে’ পরিণত হচ্ছে?

ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিপরীতে অবাধ বাণিজ্যের ডাক শি জিনপিংয়ের

যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিপরীতে অবাধ বাণিজ্যের ডাক শি জিনপিংয়ের

ইরানের ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্যের পর যা বললেন ট্রাম্প

ইরানের ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্যের পর যা বললেন ট্রাম্প

এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প

এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

আরও পড়ুন

সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরে কালো ধোঁয়া

সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরে কালো ধোঁয়া

ট্রাম্পের চীন সফরের মধ্যেই পশ্চিমাদের একহাত নিলেন শি-পুতিন

ট্রাম্পের চীন সফরের মধ্যেই পশ্চিমাদের একহাত নিলেন শি-পুতিন

বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা

বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম