মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৬ নভেম্বর) এশিয়া সফরের উদ্দেশে রওনা হয়েছেন। এ সফরে অর্থনৈতিক চুক্তির পাশাপাশি চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তার। বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব দিতে চান তিনি। খবর এপির
ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বাস্তবতার মধ্যে প্রশাসনের মনোযোগ অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতির দিকে ফেরাতেই এ সফর বলে মনে করা হচ্ছে।
সফরে চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
সোমবার সকালে এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা আমার সবচেয়ে পছন্দের বিষয় ইউক্রেন নিয়ে আলোচনা করব। ইউক্রেন হেরে যাচ্ছে। রাশিয়াও প্রতি মাসে ২৫ হাজার সেনা হারাচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলব।’
তবে ট্রাম্পের এ বক্তব্যের সঙ্গে তার প্রশাসনের কর্মকর্তাদের আগের বক্তব্যের কিছুটা অমিল রয়েছে। গত শুক্রবার মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছিলেন, চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
এদিকে এশিয়া সফরে যাওয়ার পথে ট্রাম্পের ব্যবহৃত প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান নিয়েও তৈরি হয়েছে আলোচনা।
দীর্ঘ সময় উড্ডয়নের পর বিমানটির আলাস্কার অ্যাঙ্কোরেজে থামার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি জ্বালানি নেওয়ার জন্য ফেয়ারব্যাংকসে অবতরণ করে। বিমানটি অবতরণের পর স্থানীয় সংবাদমাধ্যমে ছবি প্রকাশিত হলে এ পরিবর্তনের বিষয়টি সামনে আসে।
সেখানে দেখা যায়, ট্রাম্প যে কাতারের উপহার দেওয়া নতুন মডেলের বিমানটিতে ভ্রমণ করছিলেন, তার পাশে যুক্তরাষ্ট্রের পুরোনো মডেলের একটি এয়ার ফোর্স ওয়ান বিমানও এসে দাঁড়ায়। তবে ওই সময় ট্রাম্পকে দেখা যায়নি। একটি বিমান থেকে অন্য বিমানে যাওয়ার কোনো তৎপরতাও চোখে পড়েনি।
পরে নতুন বিমানটি আবার উড্ডয়ন করে। হোয়াইট হাউস জানায়, অ্যাঙ্কোরেজে চরম বৈরী আবহাওয়ার কারণে বিকল্প হিসেবে ফেয়ারব্যাংকসে অবতরণ করা হয়েছিল। সেখানে আবহাওয়া তুলনামূলক ভালো থাকায় জ্বালানি নেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে বিকল্প স্থানে বিমান অবতরণের ঘটনা ট্রাম্পের আগের একটি সফরের স্মৃতিও ফিরিয়ে এনেছে। গত জুলাইয়ে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে দেশ ছাড়ার সময় একটি ক্যাটারিং ট্রাকে লুকিয়ে গোপনে বিমানবন্দরে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল।
সে সময় হোয়াইট হাউস এমন ধারণা দিয়েছিল যে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানেই দেশে ফিরছেন। কিন্তু তিনি গোপনে অন্য যানবাহন ব্যবহার করেছিলেন—এ তথ্য প্রকাশ্যে আসে পরে। আগস্টে ওয়াশিংটন পোস্ট প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

-6afbdb4763fa9.jpg)
